প্রকাশিত: ১৩ ঘন্টা আগে, ০৪:১৯ পিএম
অনলাইন সংস্করণ
বিশ্বের প্রভাবশালী ৫০০ মুসলিমের তালিকা ‘দ্য মুসলিম ৫০০’-এর ২০২৭ সালের সংস্করণে স্থান পেয়েছেন বাংলাদেশের তিন বিশিষ্ট ব্যক্তি। তারা হলেন প্রধানমন্ত্রী তারেক রহমান, মানবাধিকারকর্মী ড. হামিদা হোসেন ও রোহিঙ্গা মানবাধিকারকর্মী রাজিয়া সুলতানা। জর্ডানভিত্তিক রয়্যাল ইসলামিক স্ট্র্যাটেজিক স্টাডিজ সেন্টার (আরআইএসএসসি) প্রকাশিত এ তালিকায় বিশ্বের বিভিন্ন ক্ষেত্রে প্রভাব বিস্তারকারী মুসলিম ব্যক্তিত্বদের তুলে ধরা হয়েছে।
প্রকাশিত প্রতিবেদনে প্রধানমন্ত্রী তারেক রহমানকে বাংলাদেশের রাজনীতিতে গুরুত্বপূর্ণ প্রভাবশালী ব্যক্তি হিসেবে উল্লেখ করা হয়েছে। এতে বলা হয়েছে, বিএনপির চেয়ারম্যান তারেক রহমান ২০২৬ সালের জাতীয় নির্বাচনে দলকে দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা এনে দিয়ে প্রধানমন্ত্রী হন। এ ছাড়া ২০২৫ সালের ডিসেম্বরে দীর্ঘ নির্বাসন শেষে দেশে ফেরার বিষয়টিও তার পরিচিতিতে তুলে ধরা হয়েছে।
তালিকায় স্থান পাওয়া ড. হামিদা হোসেন বাংলাদেশের বিশিষ্ট ইতিহাসবিদ, লেখক ও মানবাধিকারকর্মী। ১৯৬৯ সালে রাজনৈতিক সাময়িকী ‘ফোরাম’ প্রতিষ্ঠায় তিনি ভূমিকা রাখেন। স্বাধীনতার পর যুদ্ধকালীন সহিংসতার শিকার নারীদের পুনর্বাসন এবং মানবাধিকার প্রতিষ্ঠায় কাজ করেন তিনি।
ড. হামিদা হোসেন আইন ও সালিশ কেন্দ্রের (আসক) প্রতিষ্ঠাতা সদস্য ও সাবেক চেয়ারপারসন। মানবাধিকার ও সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠায় দীর্ঘদিনের ভূমিকার জন্যও তিনি পরিচিত।
অন্যদিকে তালিকায় থাকা রাজিয়া সুলতানা একজন রোহিঙ্গা আইনজীবী, গবেষক ও মানবাধিকারকর্মী। রোহিঙ্গা জনগোষ্ঠীর অধিকার প্রতিষ্ঠার পাশাপাশি বাস্তুচ্যুত নারী ও শিশুদের ওপর নির্যাতন, যৌন সহিংসতা ও মানবপাচারের ঘটনা তুলে ধরতে কাজ করছেন তিনি।
রোহিঙ্গা নারীদের সহায়তায় রাজিয়া সুলতানা ‘রোহিঙ্গা উইমেন ওয়েলফেয়ার সোসাইটি’ প্রতিষ্ঠা করেন। তার কাজের অন্যতম লক্ষ্য রোহিঙ্গা নারী ও শিশুদের অধিকার এবং নিরাপত্তার বিষয়গুলো আন্তর্জাতিক পরিসরে তুলে ধরা।
২০২৭ সালের সংস্করণে ‘ম্যান অব দ্য ইয়ার’ বা বর্ষসেরা পুরুষ নির্বাচিত হয়েছেন ফিলিস্তিনের গাজার কামাল আদওয়ান হাসপাতালের সাবেক পরিচালক ও শিশু চিকিৎসক ড. হুসাম আবু সাফিয়া। গাজায় যুদ্ধের মধ্যেও রোগীদের চিকিৎসাসেবা চালিয়ে যাওয়া এবং ইসরাইলি বাহিনীর হাতে আটক হওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে তাকে এ স্বীকৃতি দেওয়া হয়েছে।
অন্যদিকে ‘ওম্যান অব দ্য ইয়ার’ বা বর্ষসেরা নারী নির্বাচিত হয়েছেন ইরানের মিনাব শহরের একটি স্কুলে হামলা থেকে বেঁচে যাওয়া শিক্ষার্থী ফাতেমেহ জাহরা শেখাবাদি। ওই হামলায় নিহত তার সহপাঠী ও শিক্ষকদেরও সম্মাননার অংশ হিসেবে বিবেচনা করা হয়েছে।
প্রকাশনায় বলা হয়েছে, হামলার ভয়াবহ অভিজ্ঞতা নিয়ে ফাতেমেহ জাহরা শেখাবাদি জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলেও বক্তব্য দিয়েছেন।
‘দ্য মুসলিম ৫০০’-এর ২০২৭ সালের সংস্করণটি প্রকাশনার ১৮তম বার্ষিক আয়োজন। এতে বিশ্বের প্রায় ২২০ কোটি মুসলিম জনগোষ্ঠীর মধ্যে বিভিন্ন ক্ষেত্রে প্রভাব বিস্তারকারী ব্যক্তিদের তুলে ধরা হয়েছে।
তালিকা তৈরির ক্ষেত্রে ধর্মীয়, রাজনৈতিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক ও সামাজিক ক্ষেত্রে ব্যক্তিদের প্রভাব বিবেচনা করা হয়। এ ছাড়া সামাজিক যোগাযোগমাধ্যমে অনুসারীর সংখ্যা, বই প্রকাশ, জনমত, বিশেষজ্ঞদের মতামত এবং দীর্ঘমেয়াদি অবদানও মূল্যায়নের অংশ।
প্রকাশনাটির প্রথম ৫০ জনকে ক্রমানুসারে স্থান দেওয়া হয়েছে। বাকি ৪৫০ জনকে বিভিন্ন শ্রেণিতে ভাগ করে তালিকাভুক্ত করা হয়েছে। এসব শ্রেণির মধ্যে রয়েছে ধর্মীয় পণ্ডিত, রাজনীতিবিদ, ধর্মীয় প্রশাসন, ধর্মপ্রচারক, দাতব্য কার্যক্রম, ব্যবসা, বিজ্ঞান ও প্রযুক্তি, শিল্প-সংস্কৃতি, কোরআন তিলাওয়াত, গণমাধ্যম এবং খেলাধুলা।
প্রকাশক সংস্থাটি জানিয়েছে, তালিকায় কারও নাম থাকা মানেই তার মতাদর্শ বা কর্মকাণ্ডের প্রতি সমর্থন নয়। বরং মুসলিম বিশ্বে ওই ব্যক্তির প্রভাব পরিমাপ করাই এ উদ্যোগের মূল উদ্দেশ্য।
মন্তব্য করুন