প্রকাশিত: ১৪ ঘন্টা আগে, ০৩:১২ পিএম
অনলাইন সংস্করণ
জলবায়ু সম্মেলনে প্রতিবছরই নানা প্রতিশ্রুতি আসে। তবে প্রতিশ্রুত অর্থের কতটা ক্ষতিগ্রস্ত দেশগুলোর কাছে পৌঁছায়, তা নিয়ে প্রশ্ন দীর্ঘদিনের। তুরস্কের আনতালিয়ায় চলমান কপ৩১ সম্মেলনে এবারও গুরুত্ব পাচ্ছে জলবায়ু অর্থায়ন। এরই মধ্যে সম্মেলনের প্রথম সপ্তাহে জলবায়ু সহনশীলতা বাড়ানোর আন্তর্জাতিক বিনিয়োগ কর্মসূচি ‘অ্যারাইজ’-এর প্রথম পর্যায়ে নির্বাচিত হয়েছে বাংলাদেশ। এ কর্মসূচিতে সর্বোচ্চ তিন কোটি ডলারের অর্থায়নের আবেদন করতে পারবে দেশটি।
তবে নতুন অর্থায়নের সুযোগ তৈরি হলেও প্রতিশ্রুত অর্থ বাস্তবে পাওয়া এবং তা সঠিকভাবে ব্যবহারের নিশ্চয়তা নিয়ে অনিশ্চয়তা রয়েছে। ফলে সম্মেলন শেষে বাংলাদেশ কী ধরনের সিদ্ধান্ত ও অর্থায়নের সুযোগ নিয়ে ফিরবে, এখন সেটাই দেখার বিষয়।
উপকূল সুরক্ষায় তিন কোটি ডলারের সুযোগ
১২ নভেম্বর জলবায়ু বিনিয়োগ তহবিল (সিআইএফ) অ্যারাইজ কর্মসূচির প্রথম পর্যায়ের জন্য নির্বাচিত দেশগুলোর নাম ঘোষণা করে। বাংলাদেশ ছাড়াও রয়েছে হাইতি, কিরগিজ প্রজাতন্ত্র, মরক্কো ও সিয়েরা লিওন। মালাউই ও মোজাম্বিককে নিয়ে একটি আঞ্চলিক কর্মসূচিও রয়েছে।
সিআইএফের সংবাদ বিজ্ঞপ্তি অনুযায়ী, ২৫টি আগ্রহপত্রের ভিত্তিতে বিভিন্ন দেশে ৭০ কোটি ডলারের বেশি সম্ভাব্য বিনিয়োগের সুযোগ চিহ্নিত হয়েছে। কৃষি ও খাদ্যব্যবস্থা, পানির নিরাপত্তা, অবকাঠামো, জ্বালানি, উপকূল ও সামাজিক সুরক্ষার মতো খাতে এসব বিনিয়োগের সম্ভাবনা রয়েছে। নির্বাচিত দেশগুলো বহুপক্ষীয় উন্নয়ন ব্যাংকের সহযোগিতায় বিনিয়োগ পরিকল্পনা তৈরি করতে পারবে। সেই পরিকল্পনার ভিত্তিতে সর্বোচ্চ তিন কোটি ডলারের অর্থায়নের আবেদন করা যাবে।
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ড. মুহাম্মদ সাইমুম পারভেজ জানিয়েছেন, এ কর্মসূচির আওতায় বাংলাদেশ সর্বোচ্চ তিন কোটি ডলার সহায়তা পেতে যাচ্ছে। এ অর্থ মূলত উপকূলীয় অঞ্চলের মানুষের কল্যাণে ব্যয় করার পরিকল্পনা রয়েছে। উপকূলীয় সুরক্ষা ব্যবস্থা জোরদার, ম্যানগ্রোভ বন পুনরুদ্ধার এবং জলবায়ু ঝুঁকিতে থাকা প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান ও অভিযোজন সক্ষমতা বাড়াতে অর্থটি কাজে লাগানো হবে।
তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশ হিসেবে বাংলাদেশের ন্যায্য অধিকার আদায়ে সরকারের প্রচেষ্টার ফল এই অর্জন। সবুজ ও জলবায়ু সহনশীল বাংলাদেশ গড়তে এ উদ্যোগ ভূমিকা রাখবে। অনুদান, স্বল্প সুদের ঋণ, যৌথ অর্থায়ন, অভিযোজন তহবিল এবং জলবায়ু পরিবর্তনের ফলে সৃষ্ট ক্ষয়ক্ষতি মোকাবিলায় সহায়তা কার্যকরভাবে কাজে লাগাতে চায় বাংলাদেশ।
তবে সিআইএফের ঘোষণায় নির্বাচিত হওয়ার অর্থ এখনই অর্থছাড় নয়। বিনিয়োগ পরিকল্পনা তৈরি, যাচাই ও অনুমোদনের পর অর্থায়নের বিষয়টি চূড়ান্ত হবে। বাংলাদেশের এক তরুণ জলবায়ু কর্মী বলেন, বাংলাদেশের জন্য এটি গুরুত্বপূর্ণ সুযোগ। তবে অর্থায়ন সহজ শর্তে ও সময়মতো পাওয়া নিশ্চিত করতে হবে। স্থানীয় মানুষের প্রয়োজনকে অগ্রাধিকার দিয়ে অভিযোজন প্রকল্পে বিনিয়োগ বাড়ানো জরুরি। জলবায়ু সংকট মোকাবিলার অর্থায়নের বোঝা না বাড়িয়ে অনুদানভিত্তিক হওয়া উচিত।
অভিযোজন অর্থায়ন নিয়ে দরকষাকষি
বাংলাদেশের জন্য জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় অভিযোজন অর্থায়ন বিশেষ গুরুত্বপূর্ণ। উপকূলীয় এলাকায় বন্যা, ঘূর্ণিঝড় ও লবণাক্ততার ঝুঁকি বাড়ছে। এসব মোকাবিলায় বাঁধ ও অবকাঠামো উন্নয়ন, নিরাপদ পানির ব্যবস্থা, জলবায়ু সহনশীল কৃষি এবং বিকল্প জীবিকার সুযোগ তৈরি করতে হবে। এ জন্য প্রয়োজন দীর্ঘমেয়াদি ও সহজ শর্তের অর্থায়ন। কপ৩০-এ ২০৩৫ সালের মধ্যে অভিযোজন অর্থায়ন তিন গুণ করার প্রতিশ্রুতি এসেছিল।
তবে কোন ভিত্তিতে অর্থায়ন বাড়বে, উন্নত দেশগুলো কত অর্থ দেবে এবং কীভাবে তা ক্ষতিগ্রস্ত দেশগুলোর কাছে পৌঁছাবে, তা নিয়ে এখনো স্পষ্ট পরিকল্পনা প্রয়োজন। আনতালিয়ায় উন্নয়নশীল দেশগুলো এ বিষয়ে উন্নত দেশগুলোর কাছে সুনির্দিষ্ট বাস্তবায়ন পরিকল্পনা চাইছে।
বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক কাজী রওনাকুল ইসলাম টিপু বলেন, কপ কোনো দাতা সম্মেলন নয়। এখান থেকে কোনো দেশ চেক হাতে ফেরে না; বরং আসে সিদ্ধান্ত, নিয়ম ও মাপকাঠি, যার ভিত্তিতে পরবর্তী সময়ে অর্থের প্রবাহ নির্ধারিত হয়। তিনি বলেন, এবারের কপে দুটি ধারায় আলোচনা চলছে। একটি আনুষ্ঠানিক দরকষাকষি, যার নেতৃত্বে অস্ট্রেলিয়া। অন্যটি আয়োজক তুরস্কের নিজস্ব কর্মসূচি, যেখানে প্রকল্প ও অংশীদারিত্ব নিয়ে আলোচনা হচ্ছে।
পরিবেশ অধিদপ্তরের পরিচালক (জলবায়ু পরিবর্তন ও আন্তর্জাতিক কনভেনশন) মির্জা শওকত আলী বলেন, জলবায়ু পরিবর্তন মোকাবিলায় বাংলাদেশের অর্জনকে শুধু একটি দেশের লাভ-ক্ষতির হিসাবে বিবেচনা করা উচিত নয়। বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধি নিয়ন্ত্রণে রাখা গেলে তা পুরো পৃথিবীর পাশাপাশি বাংলাদেশের জন্যও বড় অর্জন হবে।
জলবায়ু অর্থায়ন তিন গুণ করার পথনকশা চায় বাংলাদেশ
জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় অভিযোজন খাতে অর্থায়ন তিন গুণ করতে সুস্পষ্ট পথনকশা চেয়েছে বাংলাদেশ। একই সঙ্গে উন্নত দেশগুলোর প্রতিশ্রুতি অনুযায়ী অনুদানভিত্তিক অর্থায়ন, ক্ষয়ক্ষতি তহবিলে অর্থ বাড়ানো এবং সহজে তহবিল পাওয়ার সুযোগ তৈরির দাবি জানানো হয়েছে।
গত বুধবার তুরস্কের আনতালিয়ায় জাতিসংঘের জলবায়ু সম্মেলন কপ৩১-এ বাংলাদেশের এক প্রেস ব্রিফিংয়ে এসব দাবি তুলে ধরেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু। তিনি বলেন, স্বল্প পরিমাণ গ্রিনহাউস গ্যাস নিঃসরণ করলেও বাংলাদেশ ঘূর্ণিঝড়, বন্যা, লবণাক্ততা ও তাপপ্রবাহের মতো জলবায়ুজনিত দুর্যোগের শিকার হচ্ছে।
মন্ত্রী বলেন, স্বল্পোন্নত দেশগুলোর (এলডিসি) পক্ষ থেকে ২০৩৫ সালের আগে অভিযোজন অর্থায়ন বছরে ১২০ বিলিয়ন ডলারে উন্নীত করার দাবি জানানো হয়েছে। বাংলাদেশ এ দাবির পক্ষে। জলবায়ু অর্থায়ন অনুদানভিত্তিক করতে হবে। পাশাপাশি গ্রিন ক্লাইমেট ফান্ডসহ (জিসিএফ) আন্তর্জাতিক তহবিলগুলোতে সহজ ও সরাসরি প্রবেশাধিকার নিশ্চিত করতে হবে।
ক্ষয়ক্ষতি মোকাবিলার তহবিলে পর্যাপ্ত অর্থ না থাকায় উদ্বেগ জানিয়ে আবদুল আউয়াল মিন্টু বলেন, এ তহবিলে আরও অর্থ দিতে হবে এবং ক্ষতিগ্রস্ত দেশগুলোর কাছে দ্রুত অর্থ পৌঁছানোর ব্যবস্থা করতে হবে। অর্থনৈতিক ক্ষতির পাশাপাশি জীবিকা, সংস্কৃতি ও পরিবেশের মতো অনার্থিক ক্ষতির বিষয়ও বিবেচনায় নিতে হবে।
বাংলাদেশের জলবায়ু কার্যক্রমের কথা তুলে ধরে মন্ত্রী বলেন, নবায়নযোগ্য জ্বালানি, ছাদে সৌরবিদ্যুৎ স্থাপন, বৃক্ষরোপণ, খাল পুনরুদ্ধার, আগাম সতর্কবার্তা এবং স্থানীয় পর্যায়ে অভিযোজন কার্যক্রম চালানো হচ্ছে। জাতীয়ভাবে নির্ধারিত অবদান (এনডিসি) ৩.০ অনুযায়ী, ২০৩৫ সালের মধ্যে স্বাভাবিক প্রবৃদ্ধির তুলনায় শর্তহীনভাবে ৬ দশমিক ৩৯ শতাংশ এবং আন্তর্জাতিক সহায়তা পেলে আরও ১৩ দশমিক ৯২ শতাংশ নিঃসরণ কমানোর লক্ষ্য নিয়েছে বাংলাদেশ।
মন্ত্রী আরও বলেন, জলবায়ু পরিবর্তন মোকাবিলায় ন্যায্য জ্বালানি রূপান্তর নিশ্চিত করতে হবে। এ ক্ষেত্রে শ্রমিক, কৃষক, নারী, তরুণ ও অনানুষ্ঠানিক খাতের কর্মীদের স্বার্থ, সুরক্ষা পাশাপাশি দক্ষতা উন্নয়নে সহায়তা প্রয়োজন।
প্রেস ব্রিফিংটি যৌথভাবে আয়োজন করে পররাষ্ট্র মন্ত্রণালয় এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়। এতে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু, পরিবেশ ও জলবায়ু পরিবর্তনবিষয়ক প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম এবং সংসদ সদস্য মনজুর আলী উপস্থিত ছিলেন। পরে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন মন্ত্রী ও প্রতিমন্ত্রীরা।
উন্নত দেশগুলোর কাছে অনুদান দাবিতে বিক্ষোভ
কপ৩১-এর আলোচনা যখন বিভিন্ন দেশের স্বার্থের টানাপোড়েনে এগোচ্ছে, তখন জলবায়ু সংকট মোকাবিলায় উন্নয়নশীল দেশগুলো উন্নত দেশগুলোর কাছে অনুদান দাবি জানাচ্ছে। উন্নয়নশীল দেশগুলো উন্নত দেশগুলোর কাছ থেকে অব্যাহতভাবে তহবিল ও প্রযুক্তি দাবি করছে। অন্যদিকে জীবাশ্ম জ্বালানি উৎপাদনকারী দেশগুলো তেল, গ্যাস ও কয়লার ব্যবহার অব্যাহত রাখার পক্ষে অবস্থান নিয়েছে।
এমন পরিস্থিতিতে জলবায়ু অর্থায়ন বাড়ানো, উন্নত দেশগুলোর প্রতিশ্রুতি পূরণ এবং জীবাশ্ম জ্বালানির ব্যবহার বন্ধের দাবিতে সম্মেলনে বিক্ষোভ করেছেন বিভিন্ন দেশের জলবায়ুকর্মীরা।
বিক্ষোভকারীদের অন্যতম দাবি, উন্নত দেশগুলোকে জলবায়ু সংকট মোকাবিলায় উন্নয়নশীল দেশগুলোর জন্য পর্যাপ্ত অর্থ দিতে হবে। এই অর্থ হতে হবে অনুদানভিত্তিক, ঋণ নয়। জলবায়ু পরিবর্তনের জন্য দায়ী দেশগুলোর কাছ থেকে ক্ষতিগ্রস্ত দেশগুলোর ন্যায্য পাওনা নিশ্চিত করার আহ্বান জানানো হয়। এ ক্ষেত্রে প্যারিস জলবায়ু চুক্তি ও ১.৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার লক্ষ্যের বাধ্যবাধকতার কথাও তুলে ধরেন আন্দোলনকারীরা।
জীবাশ্ম জ্বালানির ব্যবহার বন্ধের দাবিও ছিল বিক্ষোভে। কয়লা, তেল ও গ্যাসের পরিবর্তে দ্রুত নবায়নযোগ্য জ্বালানিতে যাওয়ার আহ্বান জানান পরিবেশকর্মীরা। তাঁদের বক্তব্য, পর্যাপ্ত অর্থায়ন ও প্রযুক্তিগত সহায়তা ছাড়া উন্নয়নশীল দেশগুলোর পক্ষে ন্যায্য জ্বালানি রূপান্তর সম্ভব নয়। এ জন্য ধনী দেশগুলোকে দায়িত্ব নিতে হবে।
একই দিন নবায়নযোগ্য জ্বালানি উৎপাদনে প্রয়োজনীয় খনিজ উত্তোলনের ক্ষেত্রে পরিবেশ ও মানবাধিকারের সুরক্ষা দাবি নিয়ে বিভিন্ন নাগরিক সংগঠন বিক্ষোভ করে। সৌরবিদ্যুৎ, বায়ুবিদ্যুৎ ও ব্যাটারি তৈরির জন্য প্রয়োজনীয় খনিজ উত্তোলনে দূষণ, প্রাকৃতিক আবাসস্থল ধ্বংস এবং আদিবাসী জনগোষ্ঠীর অধিকার লঙ্ঘনের অভিযোগ নিয়ে বিক্ষোভ করেন তারা। ১২টির বেশি সংগঠন এ বিষয়ে সুরক্ষাব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছে। আফ্রিকার জলবায়ু অর্থায়নের দাবিতেও সম্মেলনে বিক্ষোভ হয়েছে।
বৈশ্বিক সংকটের মোকাবিলায় অর্থায়ন নিশ্চিত করতে উন্নত দেশগুলোর প্রতি অর্থ প্রদানের দাবি জানিয়েছেন বিক্ষোভ আন্তর্জাতিক নাগরিক সমাজের প্রতিনিধিরা।
আজ শনিবার আনতালিয়ায় বড় পরিসরে ‘পিপলস ক্লাইমেট মার্চ’ আয়োজনের ঘোষণা দিয়েছে বিভিন্ন নাগরিক সংগঠন। এতে জীবাশ্ম জ্বালানির নতুন প্রকল্প বন্ধ, উন্নয়নশীল দেশগুলোর জন্য জলবায়ু অর্থায়ন, জলবায়ু ন্যায়বিচার, ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীর অধিকার নিশ্চিত করার দাবি তোলা হবে। যুদ্ধ ও সামরিকীকরণের বিরুদ্ধে সচেতনতা প্রকাশ করবেন অংশগ্রহণকারীরা।
মন্তব্য করুন