বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১৩ ঘন্টা আগে, ০৪:৫৪ পিএম

অনলাইন সংস্করণ

অনন্ত জলিলের কঠিন সময়ে স্বামী-সন্তানদের জন্য দোয়া চাইলেন বর্ষা

স্বামী ও সন্তানদের জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন ঢালিউড অভিনেত্রী আফিয়া নুসরাত বর্ষা। স্বামী অনন্ত জলিলের ব্যবসাপ্রতিষ্ঠান নিয়ে নানা আলোচনা, ব্যাংকঋণের নোটিশ ও কারখানার পরিস্থিতি ঘিরে গুঞ্জনের মধ্যে শুক্রবার (১৩ নভেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে আবেগঘন একটি পোস্ট দিয়েছেন তিনি। সেখানে পরিবারের কঠিন সময়ে আল্লাহর ওপর ভরসা রেখে সামনে এগিয়ে যাওয়ার প্রত্যয়ও ব্যক্ত করেছেন এই অভিনেত্রী।

পোস্টের শুরুতে ভক্ত-অনুরাগীদের ভালোবাসা ও দোয়ার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন বর্ষা। তিনি লিখেছেন, ‘আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। আমাদের জন্য আপনাদের এত সুন্দর দোয়া, ভালোবাসা ও আন্তরিকতার জন্য মন থেকে অনেক অনেক কৃতজ্ঞতা। সত্যিই, আপনাদের এই ভালোবাসা আমাদের অনেক সাহস ও অনুপ্রেরণা দেয়।’

ভক্তদের কাছে পরিবারের জন্য দোয়া চেয়ে তিনি আরও বলেন, ‘আপনারা সবাই আমাদের জন্য মন থেকে দোয়া করবেন। আল্লাহ যেন আমাদের সবাইকে ভালো রাখেন, সুস্থ রাখেন, সবার রিজিকে বরকত দেন এবং আমাদের দেশের প্রতিটি মানুষকে শান্তিতে ও ভালোভাবে থাকার তৌফিক দান করেন।’

জীবনের উত্থান-পতনকে বাস্তবতা হিসেবে মেনে নেওয়ার কথা জানিয়ে বর্ষা লেখেন, ‘জীবনে ব্যবসা-বাণিজ্য কিংবা পরিস্থিতি সব সময় একরকম থাকে না। কখনো ভালো সময় আসে, কখনো একটু কঠিন সময়ের মধ্য দিয়ে যেতে হয়। এটাই জীবনের বাস্তবতা। আমরা বিশ্বাস করি, আল্লাহ যা করেন, ভালোর জন্যই করেন। তার ওপর ভরসা রেখেই সামনে এগিয়ে যেতে চাই।’

পোস্টের শেষ দিকে স্বামী, সন্তান ও পুরো পরিবারের জন্য বিশেষভাবে দোয়া কামনা করেন এই অভিনেত্রী। তিনি লেখেন, ‘বিশেষ করে আমার জন্য, আমার স্বামীর জন্য, আমার সন্তানদের জন্য এবং আমাদের পুরো পরিবারের জন্য দোয়া করবেন। আল্লাহ যেন আমাদের সব বিপদ-আপদ থেকে হেফাজত করেন, জীবনের প্রতিটি পদক্ষেপ সহজ করে দেন এবং আমাদের সবার মনের নেক ইচ্ছাগুলো পূরণ করেন।’

উল্লেখ্য, গত কয়েক দিন ধরে অভিনেতা ও প্রযোজক অনন্ত জলিলের বিভিন্ন ব্যবসায়িক বিষয় নিয়ে আলোচনা চলছে। সম্প্রতি মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের পক্ষ থেকে তার মালিকানাধীন ‘এবি অ্যাপারেলস লিমিটেড’-এর ঋণের বিপরীতে ২২৬ কোটি ৭৫ লাখ টাকা আদায়ের আইনি নোটিশ পাঠানোর খবর প্রকাশ্যে আসে। এরপর বিষয়টি নিয়ে বিভিন্ন মহলে আলোচনা ও গুঞ্জন শুরু হয়।

এমন পরিস্থিতিতে স্বামীর পাশাপাশি পরিবারের অন্য সদস্যদের জন্যও ভক্ত-অনুরাগীদের কাছে দোয়া চেয়েছেন বর্ষা। তার এই পোস্ট ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন করে আলোচনা তৈরি হয়েছে।

 

মন্তব্য করুন