ঝালকাঠি প্রতিনিধি

প্রকাশিত: ১৪ ঘন্টা আগে, ০৩:১৬ পিএম

অনলাইন সংস্করণ

ঝালকাঠিতে বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত

‘ডায়াবেটিসে দেরি নয়, ব্যবস্থা নিন এখনই’—এ প্রতিপাদ্যকে সামনে রেখে ঝালকাঠিতে পালিত হয়েছে বিশ্ব ডায়াবেটিস দিবস। দিবসটি উপলক্ষে শনিবার (১৪ নভেম্বর) সকালে সচেতনতামূলক পদযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সকালে ঝালকাঠি প্রেসক্লাবের সামনে থেকে একটি সচেতনতামূলক পদযাত্রা বের করা হয়। পদযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ঝালকাঠি ডায়াবেটিস সমিতিতে গিয়ে শেষ হয়।

এতে অংশ নেন জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট শাহাদাত হোসেন, জেলা মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা মোস্তফা কামাল মন্টু, শিশু চিকিৎসক অধ্যাপক অসীম কুমার সাহা, ঝালকাঠি ডায়াবেটিস সমিতির সভাপতি হেমায়েত হোসেন হিমু, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন আনু এবং ডায়াবেটিস হাসপাতালের কনসালটেন্ট চিকিৎসক রুহুল আমিনসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

পরে ডায়াবেটিস সমিতির হলরুমে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। সভায় সভাপতিত্ব করেন ডায়াবেটিস সমিতির সভাপতি হেমায়েত হোসেন হিমু।

আলোচনা সভায় বক্তারা বলেন, ডায়াবেটিস একটি দীর্ঘমেয়াদি রোগ হলেও সচেতনতা ও সঠিক ব্যবস্থাপনার মাধ্যমে এটি নিয়ন্ত্রণে রাখা সম্ভব। এ রোগ প্রতিরোধ ও নিয়ন্ত্রণে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা, পরিমিত খাদ্যাভ্যাস, শারীরিক পরিশ্রম এবং চিকিৎসকের পরামর্শ মেনে চলার কোনো বিকল্প নেই।

বক্তারা আরও বলেন, ডায়াবেটিসের ঝুঁকি ও জটিলতা কমাতে ব্যক্তি, পরিবার ও সমাজ পর্যায়ে সচেতনতা বৃদ্ধি করতে হবে। রোগের লক্ষণ দেখা দেওয়ার আগেই নিয়মিত পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে ডায়াবেটিস শনাক্ত করা এবং সময়মতো প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা জরুরি।

এ সময় ডায়াবেটিস প্রতিরোধ ও নিয়ন্ত্রণে জনসচেতনতা বৃদ্ধির পাশাপাশি স্বাস্থ্যকর জীবনযাপনে সবাইকে উদ্বুদ্ধ করার আহ্বান জানানো হয়।

 

 

মন্তব্য করুন