প্রকাশিত: ১৩ ঘন্টা আগে, ০৫:০৭ পিএম
অনলাইন সংস্করণ
জুলাই গণ-অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আইনি প্রক্রিয়ার মাধ্যমেই বাংলাদেশে ফিরবেন বলে জানিয়েছেন আইনমন্ত্রী আসাদুজ্জামান। তিনি বলেছেন, শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে বাংলাদেশের পক্ষ থেকে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেওয়া হয়েছে। তবে ভারত এ বিষয়ে কী সিদ্ধান্ত নেবে, তা দেশটির সরকারের বিষয়।
আজ শনিবার দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে একটি অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন আইনমন্ত্রী।
শেখ হাসিনাকে দেশে ফেরার ক্ষেত্রে কোনো আইনি সুযোগ দেওয়া হবে কি না, এমন প্রশ্নের জবাবে আসাদুজ্জামান বলেন, ‘শেখ হাসিনা আইনি সুযোগেই বাংলাদেশে আসবেন৷ আমাদের পক্ষ থেকে আইনি প্রক্রিয়ায় যা যা করণীয়, আমরা করে রেখেছি৷'
তিনি আরও বলেন, প্রত্যর্পণ চুক্তির আওতায় শেখ হাসিনাকে যখন বাংলাদেশে ফিরিয়ে আনা হবে, সেটি একটি আইনি প্রক্রিয়া।
শেখ হাসিনার বাংলাদেশে ফেরা নিয়ে বিবিসির গতকাল শুক্রবারের প্রতিবেদনের প্রসঙ্গ তুলে এক সাংবাদিক তাঁর প্রত্যাবর্তনের আইনি প্রক্রিয়া সম্পর্কে জানতে চান। জবাবে আইনমন্ত্রী বলেন, 'আমাদের পক্ষ থেকে আইনি প্রক্রিয়ায় যা যা করণীয়, আমরা করে রেখেছি৷ ওনারা (ভারত) কী করবেন, সেটা উনাদের বিষয়৷’
এ সময় ১৯৭৩ সালের আইনের কথা উল্লেখ করে আইনমন্ত্রী বলেন, ওই আইনের ৪৭ (৩) অনুচ্ছেদে বলা আছে, মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত এবং সাজাপ্রাপ্ত কোনো ব্যক্তি মৌলিক অধিকারের দাবিদার হতে পারবেন না।
শেখ হাসিনাকে তৃতীয় কোনো দেশে পাঠানোর বিষয়ে ভারত সরকার বাংলাদেশের সঙ্গে আলোচনা করেছে কি না, জানতে চাইলে আইনমন্ত্রী বলেন, 'এটা ওনারা বলতে পারবেন৷'
প্রতিবেদনে বলা হয়েছে, জুলাই গণ-অভ্যুত্থানের সময় হত্যাকাণ্ডের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনাকে বন্দিবিনিময় চুক্তির আওতায় প্রত্যর্পণের জন্য ভারতের কাছে অনুরোধ জানিয়ে আসছে বাংলাদেশ সরকার। তবে এ বিষয়ে ভারতের পক্ষ থেকে এখনো সাড়া পাওয়া যায়নি।
এদিকে, যেকোনো মূল্যে ডিসেম্বরে দেশে ফেরার ঘোষণা দিয়েছেন শেখ হাসিনা। সম্প্রতি রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, দেশে ফেরার প্রস্তুতির অংশ হিসেবে পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র চেয়ে নয়াদিল্লিতে বাংলাদেশের হাইকমিশনে চিঠি লিখেছেন তিনি।
মন্তব্য করুন