বিনোদন ডেস্ক

প্রকাশিত: ২ ঘন্টা আগে, ০৫:০৫ পিএম

অনলাইন সংস্করণ

ঈদুল ফিতরে মুক্তি পাচ্ছে শঙ্খ দাশগুপ্তের ‘আবার দেখা হলে’

প্রথম সিনেমা ‘প্রিয় মালতী’ দিয়ে দর্শক ও সমালোচকদের প্রশংসা পাওয়া নির্মাতা শঙ্খ দাশগুপ্ত নতুন সিনেমা নিয়ে ফিরছেন। তাঁর পরিচালনায় ‘আবার দেখা হলে’ মুক্তি পাবে ২০২৭ সালের পবিত্র ঈদুল ফিতরে। সিনেমাটিতে প্রথমবারের মতো জুটি হয়ে পর্দায় আসছেন অভিনয়শিল্পী সিয়াম আহমেদ ও নাজিফা তুষি।

২০২৪ সালের ডিসেম্বরে মুক্তি পাওয়া ‘প্রিয় মালতী’ পুরান ঢাকার প্রেক্ষাপটে নির্মিত হয়েছিল। দেশে-বিদেশে প্রশংসিত সিনেমাটির নাম ভূমিকায় অভিনয় করে পুরস্কার জিতেছিলেন মেহজাবীন চৌধুরী। বিরতির পর নতুন সিনেমা নিয়ে দর্শকদের সামনে আসছেন শঙ্খ দাশগুপ্ত।

‘আবার দেখা হলে’ সিনেমায় সিয়াম ও তুষি ছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেতা চঞ্চল চৌধুরী। আরও রয়েছেন দীপা খন্দকার, আজিজুল হাকিম, বিজরী বরকতউল্লাহ ও রেজওয়ান পারভেজ।

সিঙ্গার ও বেকো প্রেজেন্টস সিনেমাটি প্রযোজনা করছে প্রযোজনা প্রতিষ্ঠান ফিল্মি ফিচারস। সহপ্রযোজক ও আনুষ্ঠানিক ডিজিটাল অংশীদার হিসেবে যুক্ত হয়েছে ওটিটি প্ল্যাটফর্ম চরকি। এ আয়োজনে সহযোগী হিসেবে রয়েছে এমআইবি স্টুডিওস।

‘প্রিয় মালতী’র পর চলতি বছর চরকিতে মুক্তি পাওয়া ‘চা গরম’ সিনেমাটিও প্রশংসিত হয়। নির্মাতা জানিয়েছেন, ‘আবার দেখা হলে’ পারিবারিক আবহের একটি নাটকীয় সিনেমা। পরিবারের সব বয়সী সদস্যদের নিয়ে প্রেক্ষাগৃহে এটি উপভোগ করা যাবে।

শঙ্খ দাশগুপ্ত বলেন, ‘গল্পটি সমাজের মধ্যবিত্ত শ্রেণির। আবেগ, পারিবারিক মূল্যবোধ ও পারিবারিক আবহের বিষয় রয়েছে সিনেমাটিতে, রয়েছে বাস্তব জীবনের দ্বন্দ্ব এবং নাটকীয়তা। এসব শুনে দর্শকেরা আবার মনে করবেন না যে এটি খুব গম্ভীর কোনো সিনেমা হতে যাচ্ছে। মূল আবেগকে ঘিরে সিনেমায় হাস্যরসও রয়েছে অনেক। এ ছাড়া দর্শকদের পছন্দের অভিনয়শিল্পীরা রয়েছেন, তাঁদের অভিনয়টাও আমার গল্পের অন্যতম শক্তি।’

সিনেমার গল্পের ধরন সম্পর্কে নির্মাতা বলেন, ‘এটা মূলত নিজেকে ফিরে পাওয়ার গল্প। এই ফিরে পাওয়ার মধ্যে এত কিছু রয়েছে, যেটা একটা একটা করে বলা মুশকিল। সহজ হবে, যদি কেউ তাঁর নিজেকে চিন্তা করেন। নিজের ফেলে আসা সময়কে ফিরে পেতে, খুঁজে দেখতে, প্রশ্ন করতে বা কারণ জানতে চাইলে যে যে অনুভূতি ও পরিস্থিতির মধ্যে দিয়ে যেতে হবে, এই সিনেমার গল্পও সেইভাবে সাজানোর চেষ্টা করা হয়েছে। আমার কাছে মনে হয়েছে, প্রতিটি দর্শকই এটা নিজের সঙ্গে মেলাতে পারবেন।’

নির্মাতার ভাষ্য অনুযায়ী, সিনেমাটিতে নিজের শিকড় খুঁজে পাওয়া, অতীতকে ফিরে দেখা এবং আত্মিক সংযোগের বিষয়গুলো তুলে ধরা হবে। ভিন্ন ভিন্ন সময়ের মধ্য দিয়ে এগোবে গল্প। আবেগঘন বিষয়গুলোকে অর্থপূর্ণ করে তুলতে আবহসংগীত ও গানও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করেন তিনি।

সিনেমাটির সহপ্রযোজক চরকির প্রধান নির্বাহী কর্মকর্তা রেদওয়ান রনি বলেন, ‘চরকি বিশ্বাস করে নানা অনুভূতির গল্প হওয়া জরুরি। আমাদের সিনেমাগুলো দেখলে দর্শকেরা সেটা বুঝতে পারবেন। “আবার দেখা হলে” সিনেমাটি পরিবারের গল্প, নিজেকে ফিরে দেখার গল্প। সিনেমা হলে দর্শকেরা পরিবার নিয়ে দারুণ কিছু অনুভূতি ও মুহূর্তের মধ্যে দিয়ে যাবেন বলে বিশ্বাস করি।’

সিনেমাটির চিত্রনাট্য লিখেছেন মো. সাইফুল্লাহ রিয়াদ।

 

মন্তব্য করুন