প্রকাশিত: ৫৫ মিনিট আগে, ০৬:১৭ পিএম
অনলাইন সংস্করণ
সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের কুষ্টিয়ার বাড়িতে অগ্নিসংযোগের অভিযোগ তুলে সংসদ সদস্য, জুলাই গণঅভ্যুত্থানের নেতা এবং ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের নেতাকর্মীদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও সংসদে বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। বৃহস্পতিবার জাতীয় সংসদে তিনি সরকারের কাছে জানতে চান, এসব ব্যক্তির নিরাপত্তা নিশ্চিত করা হবে কি না।
নাহিদ ইসলাম বলেন, ‘এই সরকার কি কোনো ধরনের নিরাপত্তা দেবে? তারা দিতে না পারলে সেটা আমাদেরকে জানিয়ে দিক।’
নুসরাত তাবাসসুমের বাড়িতে অগ্নিসংযোগের অভিযোগ তুলে তিনি বলেন, ‘যদি আমাদের মানবাধিকার না থাকে এবং শত্রুর মানবাধিকার নিয়ে এই সরকারের বেশি কনসার্ন থাকে, তাহলে আমাদেরকে আমাদের পথ দেখতে হবে।’
আক্রমণের লক্ষ্য কারা, তা স্পষ্ট বলে মন্তব্য করেন নাহিদ। সরকারের উদ্দেশে তিনি বলেন, ‘আমরা যদি প্রথম টার্গেট হই, দ্বিতীয় টার্গেট কিন্তু উনারাও (বিএনপি) হবেন। আমাদের পরিবার আক্রান্ত হলে উনাদের পরিবারও কিন্তু আক্রান্ত হবে ফ্যাসিবাদী শক্তির দ্বারা। তারা এতটাই নৃশংস।’
আওয়ামী লীগের বিচার ও ফ্যাসিবাদী শক্তির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার প্রশ্নে সরকারের ভূমিকা নিয়েও সমালোচনা করেন তিনি। নাহিদ বলেন, ‘আওয়ামী লীগের বিষয়ে ফ্যাসিস্ট শক্তির বিষয়ে বিচারের প্রশ্নে এই সরকারের যে আপসকামী মনোভাব আমরা দেখছি। এ বিষয়ে সরকারের কাছ থেকে আমরা সুস্পষ্ট জবাব আশা করি।’
নুসরাত তাবাসসুমের বাড়িতে চারটি পেট্রোল বোমা ছুড়ে আগুন দেওয়া হয়েছে বলে সংসদে অভিযোগ করেন নাহিদ ইসলাম। তবে স্থানীয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেখানে পেট্রোল বোমার কোনো আলামত পাওয়া যায়নি বলে জানিয়েছেন। নাহিদ বলেন, পুলিশ সুপারের সঙ্গে কথা বলে তিনি জেনেছেন, দুপুর পর্যন্ত সেখানে কোনো ফরেনসিক দল যায়নি। ওসি কীভাবে আলামত না পাওয়ার কথা বললেন, তা নিয়েও প্রশ্ন তোলেন তিনি।
দেশজুড়ে নাশকতা ও হামলার অভিযোগ তুলে নাহিদ বলেন, এর লক্ষ্য কারা, তা স্পষ্ট। গত পরশু মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসিব আল ইসলামের ওপর হামলার কথাও উল্লেখ করেন তিনি। তাঁর দাবি, ঘটনার ৪৮ ঘণ্টা পার হলেও কাউকে গ্রেপ্তার করা হয়নি।
সারা দেশে পেট্রোল বোমা ও ককটেল বিস্ফোরণের ঘটনাও তুলে ধরেন নাহিদ। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ককটেল বিস্ফোরণকে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হিসেবে বিবেচনা করা হবে কি না, সে বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের প্রসঙ্গ টেনে তিনি প্রশ্ন করেন, সংসদ সদস্যের বাড়িতে আগুন দেওয়ার পরও কি আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে বলা যাবে না?
মন্তব্য করুন