বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১০ ঘন্টা আগে, ০৫:৫৭ পিএম

অনলাইন সংস্করণ

‘গুগলের আমার সঙ্গে হয়তো শত্রুতা আছে, : সাদিয়া আয়মান

গুগলে নিজের বয়স ৩৩ বছর উল্লেখ থাকায় বিস্ময় প্রকাশ করেছেন ছোটপর্দার অভিনেত্রী সাদিয়া আয়মান। জন্মসাল ও বয়স নিয়ে ভুল তথ্য সংশোধনের উপায় জানতে চেয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্ট দিয়েছেন তিনি।

সোমবার (৯ নভেম্বর) দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি স্ক্রিনশট প্রকাশ করেন সাদিয়া। সেখানে গুগলে তার বয়স ৩৩ বছর দেখানো হচ্ছে বলে জানান তিনি।

পোস্টের ক্যাপশনে অভিনেত্রী লেখেন, “গুগলে আমার নামে এই প্রোফাইল যিনি করেছেন, তার সঙ্গে হয়তো আমার একপাক্ষিক শত্রুতা আছে। না হয় তার সঙ্গে আমার জন্ম হওয়ারও ৬ বছর আগে দেখা হয়েছে। এখন আপনারা যারা জানেন তারা আমাকে বলেন, আমি কীভাবে আমার জন্মসাল নিয়ে এই ভুল তথ্য ঠিক করতে পারব?”

নিজের বয়স ও জন্মসাল নিয়ে বরাবরই খোলামেলা থাকার কথা জানিয়েছেন সাদিয়া। এ বিষয়ে একই পোস্টে তিনি লেখেন, “আমি সর্বদাই আমার জন্মসাল এবং বয়স নিয়ে অকপটে কথা বলেছি। এমনকি এ বছর ১৭ মার্চ আমি সত‍্যি সত‍্যি ২৭ বছরে পদার্পণ করেছি জানিয়ে আমার জন্মদিনের পোস্ট ছিল।”

গুগলে নিজের বয়সের তথ্য দেখে বিস্মিত হলেও সেটি কীভাবে সংশোধন করা যায়, তা জানতে ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের পরামর্শ চেয়েছেন এই অভিনেত্রী।

 

মন্তব্য করুন