প্রকাশিত: ১০ ঘন্টা আগে, ০৫:৪৪ পিএম
অনলাইন সংস্করণ
সংগীতজগতের কিংবদন্তি জন লেননের মৃত্যুর পর তার রেখে যাওয়া সম্পত্তি নিয়ে দীর্ঘদিন পারিবারিক বিরোধ চলে। সেই বিরোধের কেন্দ্রে ছিলেন তার বড় ছেলে জুলিয়ান লেনন। বাবার শেষ উইলে সম্পত্তি বণ্টন নিয়ে অসন্তুষ্ট হয়ে সৎমা ইয়োকো ওনোর বিরুদ্ধে দীর্ঘ ১৬ বছর আইনি লড়াই চালান তিনি। শেষ পর্যন্ত ১৯৯৬ সালে দুজনের মধ্যে সমঝোতা হয়।
বিভিন্ন সংবাদমাধ্যমের দাবি, ওই সমঝোতার মাধ্যমে জুলিয়ান প্রায় ২ কোটি পাউন্ড পেয়েছিলেন, যা সে সময়ের হিসাবে প্রায় ৩ কোটি ডলারের সমান। তবে প্রকৃত অর্থের পরিমাণ কখনো প্রকাশ করা হয়নি। এক সাক্ষাৎকারে জুলিয়ান বহুল প্রচারিত এই অর্থের অঙ্ক নাকচ করে জানিয়েছিলেন, তিনি এর চেয়ে অনেক কম অর্থ পেয়েছিলেন।
১৯৮০ সালের ৮ ডিসেম্বর নিউইয়র্কে নিজের অ্যাপার্টমেন্টের বাইরে আততায়ীর গুলিতে নিহত হন বিটলস তারকা জন লেনন। মৃত্যুর প্রায় এক বছর আগে, ১৯৭৯ সালের ১২ নভেম্বর নিজের শেষ উইলে স্বাক্ষর করেছিলেন তিনি।
ওই উইলে স্ত্রী ইয়োকো ওনোকে সম্পত্তির বড় অংশের দায়িত্ব দেওয়া হয়। বাকি সম্পদ রাখা হয় একটি পারিবারিক ট্রাস্টে। প্রথম স্ত্রী সিনথিয়া পাওয়েলের সঙ্গে জনের সংসারে জন্ম নেওয়া ছেলে জুলিয়ানকে উইলে সরাসরি উল্লেখ না করায় পরবর্তী সময়ে বিরোধের সূত্রপাত হয়।
জুলিয়ানের বয়স যখন পাঁচ বছর, তখন তার বাবা-মায়ের বিচ্ছেদ ঘটে। ১৯৬৮ সালে সিনথিয়ার সঙ্গে জনের বিবাহবিচ্ছেদ হয়। বাবার সঙ্গে দূরত্বপূর্ণ সম্পর্কের কথা পরবর্তী সময়ে একাধিকবার জানিয়েছেন জুলিয়ান। জনের মৃত্যুর পর সম্পত্তির ব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন তুলে আদালতের দ্বারস্থ হন তিনি।
সম্প্রতি উত্তরাধিকার নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে জনের ছোট ছেলে শন লেননের মন্তব্যে। সামাজিক যোগাযোগমাধ্যমে এক আলোচনার জবাবে শন জানান, বাবার সম্পত্তি থেকে তিনি ও জুলিয়ান প্রায় সমান অংশ পেয়েছেন। এমনকি জুলিয়ানের ট্রাস্টের পরিমাণ সামান্য বেশি বলেও দাবি করেন তিনি।
সম্পত্তি নিয়ে বিরোধ থাকলেও বাবার স্মৃতি আগলে রাখার চেষ্টা করেছেন জুলিয়ান। তবে তার উত্তরাধিকার এবং সম্পত্তির প্রকৃত বণ্টন নিয়ে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে শনের সাম্প্রতিক মন্তব্য।
মন্তব্য করুন