প্রকাশিত: ১০ ঘন্টা আগে, ০৫:৫৩ পিএম
অনলাইন সংস্করণ
ছোটপর্দার অভিনেত্রী রুকাইয়া জাহান চমকের একটি ফেসবুক পোস্ট ঘিরে শোবিজ অঙ্গনে শুরু হয়েছে নানা জল্পনা-কল্পনা। অভিনয় বা নতুন কোনো কাজের খবর নয়, বরং দীর্ঘদিন নীরব থাকার পর সবকিছু প্রকাশ্যে আনার ঘোষণা দিয়েছেন তিনি।
সোমবার (৯ নভেম্বর) দুপুরে নিজের অফিশিয়াল ফেসবুক পেজে চমক লেখেন, “অনেক দিন চুপ ছিলাম। আর না। আজকেই সব সামনে আনব। আর জাস্ট কিছুক্ষণের অপেক্ষা।”
তবে ঠিক কোন বিষয় নিয়ে তিনি এত দিন নীরব ছিলেন কিংবা কী প্রকাশ করতে যাচ্ছেন, সে বিষয়ে পোস্টে স্পষ্ট করে কিছু জানাননি অভিনেত্রী।
তার এই রহস্যময় বার্তার পর থেকেই ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে কৌতূহল তৈরি হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকে নানা ধরনের অনুমান করছেন। কেউ কেউ মনে করছেন, ব্যক্তিগত সংসারজীবন নিয়ে মুখ খুলতে পারেন চমক। আবার মন্তব্যের ঘরে কেউ লিখেছেন, ‘যা-ই হোক, বিষয়টি এবার স্পষ্ট করে সামনে আনা উচিত।’
২০১৭ সালে ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’ প্রতিযোগিতায় দ্বিতীয় রানারআপ হয়ে আলোচনায় আসেন রুকাইয়া জাহান চমক। এরপর ২০২০ সাল থেকে নিয়মিত অভিনয় শুরু করেন তিনি। ‘হাউস নং ৯৬’, ‘মহানগর’, ‘সাদা প্রাইভেট’, ‘অসমাপ্ত’ ও ‘ভাইরাল হাজব্যান্ড’-এর মতো নাটক ও ওয়েব কনটেন্টে অভিনয় করে দর্শকদের কাছে পরিচিতি পান।
অভিনয়ের পাশাপাশি মিউজিক ভিডিওতেও নজর কেড়েছেন চমক। সম্প্রতি গায়িকা জিনিয়া জাফরিন লুইপার ‘চুড়ি ছাম ছাম’ শিরোনামের নাচনির্ভর একটি গানে লাল শাড়ি, রেশমি চুড়ি ও ভারী গয়নায় দেখা গেছে তাকে।
মন্তব্য করুন