প্রকাশিত: ২ ঘন্টা আগে, ০৫:০৯ পিএম
অনলাইন সংস্করণ
এনভিডিয়ার প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) জেনসেন হুয়াংকে চাকরি দেওয়ার প্রস্তাবে সম্মতি জানিয়েছেন ইলন মাস্ক। এনভিডিয়ার পরিচালনা পর্ষদ হুয়াংকে সিইও পদ থেকে সরিয়ে দেওয়ার বিষয়টি বিবেচনা করছে—এমন খবরের মধ্যে মাস্কের এই মন্তব্য সামনে এসেছে। এক্সে (সাবেক টুইটার) এক ব্যবহারকারীর অনুরোধের জবাবে তিনি লিখেছেন, ‘এটা সম্মানজনক।’
সম্প্রতি বিবাহবহির্ভূত সম্পর্কের কথা স্বীকার করার পর জেনসেন হুয়াংকে ঘিরে বিতর্ক তৈরি হয়েছে। অ্যালিস হুয়াং নামের এক নারীর সঙ্গে তাঁর সম্পর্কের বিষয়টি সামনে এসেছে। ওই নারীকে চীনের হয়ে গুপ্তচরবৃত্তির সন্দেহ করা হচ্ছে বলে বিভিন্ন প্রতিবেদনে দাবি করা হয়েছে। তবে গুপ্তচরবৃত্তির অভিযোগ স্বাধীনভাবে নিশ্চিত করা যায়নি এবং চীন তা প্রত্যাখ্যান করেছে।
এক্সের ওই ব্যবহারকারী এনভিডিয়ার প্রধান হিসেবে হুয়াংয়ের ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়ায় তাঁকে নিয়োগ দেওয়ার জন্য মাস্ককে অনুরোধ করেন। জবাবে মাস্ক সম্মতি জানান। তবে তাঁর এই মন্তব্যকে আনুষ্ঠানিক চাকরির প্রস্তাব হিসেবে দেখা যাচ্ছে না।
এর আগেও হুয়াংয়ের প্রতি সমর্থন জানিয়েছিলেন মাস্ক। এনভিডিয়ার কর্মীদের কাছে পাঠানো এক অভ্যন্তরীণ বার্তায় হুয়াং বিবাহবহির্ভূত সম্পর্কের কথা স্বীকার করার পর মাস্ক তাঁর পক্ষে মন্তব্য করেন। ওই পোস্টে হুয়াংয়ের কাজকে ‘অবিশ্বাস্য রকমের বোকামি’ বলা হলেও তাঁর খারাপ উদ্দেশ্য ছিল না বলে উল্লেখ করা হয়। হুয়াংকে এই প্রজন্মের অন্যতম সেরা উদ্যোক্তা এবং যুক্তরাষ্ট্রের কৃত্রিম বুদ্ধিমত্তা খাতের জন্য অপরিহার্য ব্যক্তি বলেও মন্তব্য করা হয়। এর সঙ্গে একমত হন মাস্ক।
ইলন মাস্ক ও জেনসেন হুয়াংয়ের সম্পর্ক দীর্ঘদিনের। ২০১৬ সালে মাস্ক ওপেনএআইয়ের সঙ্গে যুক্ত থাকার সময় এনভিডিয়ার প্রথম কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক সুপারকম্পিউটার ডিজিএক্স-১ কেনেন। হুয়াং নিজেই সান ফ্রান্সিসকোয় ওপেনএআইয়ের কার্যালয়ে গিয়ে কম্পিউটারটি মাস্কের হাতে তুলে দিয়েছিলেন।
শুধু মাস্ক নন, হুয়াংয়ের পক্ষে কথা বলেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও। চলতি সপ্তাহের শুরুতে এনভিডিয়ার প্রধানকে ‘সম্মানিত ব্যক্তি’ হিসেবে উল্লেখ করেন তিনি। ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্রের জন্য হুয়াং অসাধারণ কাজ করেছেন। তিনি আরও বলেন, ‘আমি শুধু জানি, তিনি ভালো মানুষ। আমার তা-ই মনে হয়। তিনি কোনো ভুল করেছেন বলে আমি শুনিনি।’
বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে, অ্যালিস হুয়াংয়ের সঙ্গে জেনসেন হুয়াংয়ের সম্পর্কের বিষয়ে প্রায় এক বছর ধরেই জানতেন ট্রাম্প। তবে এ বিষয়ে তিনি কোনো পদক্ষেপ নেননি বলে দাবি করা হয়েছে।
নিউইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, অ্যালিস হুয়াং ছাড়াও এনভিডিয়ার স্বাস্থ্যসেবা বিভাগের ভাইস প্রেসিডেন্ট কিম্বারলি পাওয়েলের সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কে জড়িয়েছিলেন জেনসেন হুয়াং। চলতি বছরের মার্চে সান হোসের একটি হোটেলে সম্মেলন চলাকালে তাঁদের ঘনিষ্ঠ অবস্থায় দেখা যায় বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। ওই মুহূর্তের ভিডিও ধারণ করা হয়েছিল। ভিডিও ধারণকারী ব্যক্তিকে এ বিষয়ে গোপনীয়তা রক্ষার চুক্তিতে সই করার প্রস্তাব দেওয়া হয়েছিল বলেও প্রতিবেদনে বলা হয়।
এদিকে হুয়াংকে সিইও পদ থেকে সরিয়ে দেওয়ার বিষয়টি বিবেচনা করছে এনভিডিয়ার পরিচালনা পর্ষদ। সম্ভাব্য উত্তরসূরি খুঁজতে বাইরের একটি প্রতিষ্ঠানের সঙ্গে কাজ করছে কোম্পানিটি। স্থায়ী সিইও নিয়োগ না দেওয়া পর্যন্ত অন্তর্বর্তীকালীন প্রধান নির্বাহী নিয়োগের বিষয়টিও বিবেচনায় রয়েছে বলে বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে। বুধবার এ বিষয়ে পরিচালনা পর্ষদের বৈঠক হওয়ার খবরও প্রকাশিত হয়েছে। তবে হুয়াংকে সরিয়ে দেওয়ার বিষয়ে এখনো আনুষ্ঠানিক সিদ্ধান্ত জানায়নি এনভিডিয়া।
সাম্প্রতিক অভিযোগ নিয়ে প্রকাশ্যে বিস্তারিত মন্তব্য করেননি জেনসেন হুয়াং। কর্মীদের কাছে পাঠানো অভ্যন্তরীণ বার্তায় স্ত্রীর সঙ্গে বিশ্বাসঘাতকতার কথা স্বীকার করে তিনি লেখেন, ‘আমি আমার স্ত্রীর প্রতি অবিশ্বস্ত আচরণ করেছি। আমার এই আচরণ তাঁকে এবং আমাদের সন্তানদের কষ্ট দিয়েছে। আমি যা করেছি, তার কোনো অজুহাত নেই। আমি গভীরভাবে অনুতপ্ত।’ তবে ওই বার্তায় অ্যালিস হুয়াংয়ের নাম উল্লেখ করেননি তিনি।
অ্যালিস হুয়াংয়ের সঙ্গে সম্পর্কের বিষয়টি তদন্ত করছে এনভিডিয়া। এ ঘটনায় জাতীয় নিরাপত্তার জন্য কোনো ঝুঁকি তৈরি হয়েছে কি না, তা-ও খতিয়ে দেখা হচ্ছে। যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদের জ্যেষ্ঠ রিপাবলিকান সদস্যরাও এ বিষয়ে হুয়াংয়ের কাছ থেকে বিস্তারিত তথ্য জানতে চেয়েছেন। অন্যদিকে গুপ্তচরবৃত্তির অভিযোগকে ‘ভিত্তিহীন অনুমান’ বলে প্রত্যাখ্যান করেছে চীন।
মন্তব্য করুন