প্রকাশিত: ২ ঘন্টা আগে, ০৪:২৫ পিএম
অনলাইন সংস্করণ
তথ্য কমিশন জনগণের পক্ষেও থাকবে না, সরকারের পক্ষেও থাকবে না; বরং নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করবে বলে প্রতিশ্রুতি দিয়েছেন নতুন প্রধান তথ্য কমিশনার অধ্যাপক নাহরিন ইসলাম খান। আজ বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে তথ্য কমিশনের প্রধান কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
সংবাদ সম্মেলনে নতুন কমিশনের প্রথম ১০০ দিনের অগ্রাধিকার ও কর্মপরিকল্পনা তুলে ধরেন প্রধান তথ্য কমিশনার। তিনি জানান, কমিশনের প্রথম কাজ হবে মানুষকে তথ্য কমিশনের দায়িত্ব ও কার্যক্রম সম্পর্কে জানানো। এ লক্ষ্যে বিশ্ববিদ্যালয় পর্যায়ে তথ্য মেলার আয়োজন করা হবে।
নভেম্বরের শেষ দিকে সপ্তাহব্যাপী তিনটি সরকারি ও চারটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে এ মেলা অনুষ্ঠিত হবে। এর মাধ্যমে শিক্ষার্থীরা তথ্য অধিকার সম্পর্কে জানতে পারবেন বলে জানান তিনি।
গত ১৭ অক্টোবর প্রধান তথ্য কমিশনার ও অপর দুই তথ্য কমিশনার নিয়োগের মধ্য দিয়ে প্রায় দুই বছর ধরে চলা অচলাবস্থা কাটানোর উদ্যোগ নেওয়া হয়। ২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থানের পর তৎকালীন কমিশনের সদস্যরা পদত্যাগ করেন এবং কয়েকজনকে সরিয়ে দেওয়া হয়। এরপর অন্তর্বর্তী সরকারের সময়ে নতুন কমিশন গঠন করা হয়নি।
বিএনপি ক্ষমতায় আসার আট মাস পর নতুন কমিশন গঠন করা হয় বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক নাহরিন ইসলাম খান প্রধান তথ্য কমিশনার হিসেবে নিয়োগ পান। অপর দুই তথ্য কমিশনার হলেন সাংবাদিক এস এ এম মাহফুজুর রহমান ও খান মোহাম্মদ আবুল হোসেন।
দীর্ঘদিন বন্ধ থাকার পর তথ্য না পাওয়ার বিষয়ে জমা পড়া অভিযোগের শুনানি শুরু হচ্ছে বলে জানিয়েছেন প্রধান তথ্য কমিশনার। তিনি বলেন, গত দুই বছরে তথ্য কমিশনে ৯১৭টি অভিযোগ জমা পড়েছে। আগামী ১৬ নভেম্বর এসব অভিযোগের শুনানি শুরু হবে। নতুন কমিশন দায়িত্ব নেওয়ার পর আরও প্রায় ২০০টি অভিযোগ জমা পড়েছে।
নাগরিকদের তথ্য পাওয়ার অধিকার নিশ্চিত করার ওপর গুরুত্ব দিয়ে নাহরিন ইসলাম খান বলেন, বিভিন্ন প্রতিষ্ঠানের ওয়েবসাইট পরিবীক্ষণ করা হচ্ছে। সেখানে বাজেটের তথ্য প্রকাশ করা হয়েছে কি না, তা দেখা হচ্ছে। প্রতিষ্ঠানগুলোকে ওয়েবসাইটে বাজেটের তথ্য প্রকাশ করতে হবে। এ বিষয়ে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে চিঠি দেওয়া হবে। যেসব প্রতিষ্ঠানের ওয়েবসাইটে এসব তথ্য থাকবে না, তাদের জবাবদিহির আওতায় আনা হবে।
সংবাদ সম্মেলনে প্রশিক্ষণসহ কমিশনের অন্যান্য কার্যক্রমের পরিকল্পনাও তুলে ধরেন প্রধান তথ্য কমিশনার। এ সময় তিনি কমিশনের জনবলসংকটের কথাও উল্লেখ করেন।
সংবাদ সম্মেলনে অপর দুই তথ্য কমিশনার সাংবাদিক এস এ এম মাহফুজুর রহমান ও খান মোহাম্মদ আবুল হোসেন বক্তব্য দেন।
মন্তব্য করুন