প্রকাশিত: ২ ঘন্টা আগে, ০৪:৩২ পিএম
অনলাইন সংস্করণ
জলবায়ু পরিবর্তনের ঝুঁকিতে থাকা দেশগুলোর জন্য আন্তর্জাতিক জলবায়ু অর্থায়নের অন্তত ৫০ শতাংশ অভিযোজন খাতে বরাদ্দের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, এসব দেশের আরও ঋণ নয়, প্রয়োজন অনুদান ও নির্ভরযোগ্য আর্থিক সহায়তা। পাশাপাশি ঋণ-ত্রাণ সুবিধা, আধুনিক প্রযুক্তিতে ন্যায্য প্রবেশাধিকার এবং নবায়নযোগ্য জ্বালানিতে রূপান্তরের সহায়তা নিশ্চিত করতে হবে।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) তুরস্কের আন্তালিয়ায় জাতিসংঘ জলবায়ু পরিবর্তন সম্মেলনের (কপ-৩১) উচ্চপর্যায়ের অধিবেশনে দেওয়া ভাষণে তিনি এসব প্রস্তাব তুলে ধরেন। জলবায়ু পরিবর্তন মোকাবিলায় বাংলাদেশের উদ্যোগের কথা জানানোর পাশাপাশি আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি পাঁচ দফা পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান প্রধানমন্ত্রী।
তারেক রহমান বলেন, জলবায়ু পরিবর্তনের সম্মুখসারিতে রয়েছে বাংলাদেশ। অথচ বৈশ্বিক গ্রিনহাউস গ্যাস নির্গমনে বাংলাদেশের অবদান শূন্য দশমিক ৫ শতাংশেরও কম। এই চ্যালেঞ্জ সত্ত্বেও এক ট্রিলিয়ন ডলারের জলবায়ু-সহনশীল ও টেকসই অর্থনীতি গড়ে তুলতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ।
তিনি বলেন, ‘সবার আগে বাংলাদেশ’ দর্শনে অনুপ্রাণিত হয়ে সরকার মনে করে, অর্থনৈতিক প্রবৃদ্ধি ও পরিবেশ সুরক্ষা একে অপরের পরিপূরক। শিল্পায়ন ও উন্নয়ন প্রক্রিয়ায় প্রকৃতিকে রক্ষা এবং পরিবেশের ভারসাম্য বজায় রাখতে হবে।
কপ-৩১ আয়োজনের জন্য তুরস্ক সরকারকে ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী। আলোচনা প্রক্রিয়ায় নেতৃত্ব দেওয়ার জন্য অস্ট্রেলিয়ার প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।
প্রধানমন্ত্রী জানান, জনগণের ভোটে নির্বাচিত সরকার ২০৩০ সালের মধ্যে দেশের বিদ্যুৎ চাহিদার ২০ শতাংশ নবায়নযোগ্য উৎস থেকে পূরণের লক্ষ্য নির্ধারণ করেছে। প্যারিস চুক্তির সঙ্গে সামঞ্জস্য রেখে নিট শূন্য নির্গমনের লক্ষ্য অর্জনে এ উদ্যোগ নেওয়া হয়েছে।
বিশেষ কর প্রণোদনার মাধ্যমে ৪ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যে কাজ চলছে। পাশাপাশি বর্জ্য থেকে জ্বালানি উৎপাদনেও উৎসাহ দেওয়া হচ্ছে।
তিনি আরও জানান, দেশে প্রায় ৩০০টি লিড সনদপ্রাপ্ত তৈরি পোশাক কারখানা রয়েছে। সবুজ শিল্পের প্রসারের পাশাপাশি বৈদ্যুতিক যানবাহনসহ পরিবেশবান্ধব পরিবহনব্যবস্থা এগিয়ে নিচ্ছে সরকার। পাটজাত ব্যাগের মতো পরিবেশবান্ধব পণ্যের ব্যবহার বাড়ানো এবং কার্বন বাণিজ্যের জন্য জাতীয় কাঠামো তৈরির উদ্যোগও নেওয়া হয়েছে।
আগামী পাঁচ বছরে ২৫ কোটি গাছ লাগানোর পরিকল্পনার কথাও জানান প্রধানমন্ত্রী। পরিবেশ সুরক্ষায় পদ্মা ব্যারেজ ও তিস্তা ব্যারেজের মহাপরিকল্পনার পাশাপাশি ২০ হাজার কিলোমিটার নদী ও খাল খনন করা হচ্ছে। পানি সংরক্ষণ, বন্যার ঝুঁকি কমানো, জলাভূমি পুনরুজ্জীবিত করা এবং ভূগর্ভস্থ পানির স্তর বাড়ানো এ উদ্যোগের উদ্দেশ্য। এ ছাড়া উপকূলীয় পুনরুদ্ধার করা জমিতে ম্যানগ্রোভ বন পুনরুদ্ধারের উদ্যোগ নেওয়া হয়েছে।
বিশ্বের বর্তমান জলবায়ু অর্থায়নব্যবস্থাকে অপ্রতুল উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, এতে উন্নয়নশীল দেশগুলোর প্রয়োজন ও অগ্রাধিকার যথাযথভাবে বিবেচনায় নেওয়া হচ্ছে না। জলবায়ুজনিত ক্ষয়ক্ষতি দেশের অর্থনীতির ওপর বড় ধরনের চাপ সৃষ্টি করছে। এর সঙ্গে ঋণ পরিশোধের ক্রমবর্ধমান বোঝা ও সীমিত আর্থিক সম্পদ পরিস্থিতিকে আরও কঠিন করে তুলছে।
এ অবস্থায় ‘সাধারণ কিন্তু ভিন্নতর দায়িত্ব এবং নিজ নিজ সক্ষমতা’ নীতির আলোকে পাঁচটি জরুরি পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান তিনি।
প্রথমত, আন্তর্জাতিক জলবায়ু অর্থায়নের অন্তত ৫০ শতাংশ প্রতিটি দেশের অগ্রাধিকারের ভিত্তিতে অভিযোজন খাতে বরাদ্দ করতে হবে। পাশাপাশি নির্গমন কমানোর উদ্যোগেও সহায়তা দিতে হবে।
দ্বিতীয়ত, জলবায়ু ঝুঁকিতে থাকা দেশগুলোর জন্য ‘ক্লাইমেট-রেজিলিয়েন্ট ডেট ক্লজ’ ও ‘ডেট-ফর-ক্লাইমেট সোয়াপ’-সহ জরুরি ঋণ-ত্রাণ সুবিধা চালু করতে হবে।
তৃতীয়ত, পরিবেশবান্ধব জলবায়ু প্রযুক্তিতে ন্যায্য প্রবেশাধিকার নিশ্চিত করতে হবে। উন্নয়নশীল দেশগুলোতে এসব প্রযুক্তি হস্তান্তরেও প্রয়োজনীয় সহায়তা দিতে হবে।
চতুর্থত, সাশ্রয়ী অর্থায়ন, দক্ষতা উন্নয়ন ও ন্যায্য জ্বালানি রূপান্তরের মাধ্যমে নবায়নযোগ্য শক্তিতে উত্তরণ ত্বরান্বিত করতে হবে।
পঞ্চমত, ন্যায্য অর্থায়ন ও ন্যায্য বাণিজ্যের ভিত্তিতে একটি ন্যায্য জ্বালানি রূপান্তরের জন্য কপ-৩১ সম্মেলনে ‘বেলেম-আনতালিয়া অ্যাকশন মেকানিজম’ গ্রহণ করতে হবে।
প্রধানমন্ত্রী বলেন, জলবায়ু কার্যক্রমে নারী ও তরুণদের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। একই সঙ্গে মর্যাদাপূর্ণ সবুজ কর্মসংস্থান সৃষ্টি এবং বৈশ্বিক গ্রিনহাউস গ্যাস নির্গমন কমিয়ে তাপমাত্রা বৃদ্ধি ১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে রাখার লক্ষ্য অর্জনে কাজ করতে হবে।
ভাষণের শেষাংশে সফল কপ-৩১ সম্মেলনের প্রত্যাশা ব্যক্ত করে তারেক রহমান বলেন, সম্মেলন থেকে অর্থবহ, ভারসাম্যপূর্ণ ও উচ্চাভিলাষী ফলাফল আসা প্রয়োজন। বিশেষ করে জলবায়ু পরিবর্তনের কারণে সবচেয়ে বেশি ঝুঁকিতে থাকা দেশগুলোর স্বার্থকে গুরুত্ব দিতে হবে।
তিনি বলেন, প্রতিশ্রুতিগুলোকে বাস্তবে রূপ দিতে হবে, বৈশ্বিক সংহতি জোরদার করতে হবে এবং সম্মিলিতভাবে একটি টেকসই ভবিষ্যৎ গড়ে তুলতে হবে।
মন্তব্য করুন