আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ২০ ঘন্টা আগে, ০৯:৫৮ এ এম

অনলাইন সংস্করণ

সরকারি বিধিমালা বাতিলে বিচারকদের ক্ষমতা নিয়ে সুপ্রিম কোর্টে লড়াই

মার্কিন ফেডারেল সংস্থাগুলোর নেওয়া নীতি ও সিদ্ধান্ত সারাদেশে বাতিল করার ক্ষেত্রে বিচারকদের দীর্ঘদিনের ক্ষমতা আরও সীমিত করতে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। প্রশাসনের আবেদন মঞ্জুর হলে কোনো সরকারি সংস্থার বিধিমালা অবৈধ ঘোষণা করলেও আদালতের দেওয়া প্রতিকার সংশ্লিষ্ট মামলার বাদীদের মধ্যেই সীমাবদ্ধ থাকতে পারে।

গত বছর দেশব্যাপী নিষেধাজ্ঞা জারির ক্ষেত্রে বিচারকদের ক্ষমতা সীমিত করতে সফল হওয়ার পর এবার প্রশাসনিক আইন বা অ্যাডমিনিস্ট্রেটিভ প্রসিডিউর অ্যাক্টের (এপিএ) আওতায় বিচারকদের থাকা আরেকটি ক্ষমতাকে চ্যালেঞ্জ করেছে ট্রাম্প প্রশাসন। এ বিষয়ে সুপ্রিম কোর্ট প্রশাসনের পক্ষে রায় দিলে প্রেসিডেন্টের নীতিগুলো বাস্তবায়নের ক্ষেত্রে আইনি বাধা মোকাবিলা করা সহজ হতে পারে।

ট্রাম্প প্রশাসনের যুক্তি, কোনো সরকারি সংস্থার প্রণীত বিধিমালা আদালত পুরোপুরি বাতিল করতে পারবে না। বরং কোনো মামলায় আদালতের দেওয়া প্রতিকার শুধু সংশ্লিষ্ট মামলার বাদীদের ক্ষেত্রেই প্রযোজ্য হওয়া উচিত।

ভার্জিনিয়া বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক আইন বিশেষজ্ঞ আদিত্য বামজাইয়ের মতে, ট্রাম্প প্রশাসন এই মামলায় জয়ী হলে সরকার বিতর্কিত বিধিমালা মামলার বাদীদের বাইরে অন্য সবার ক্ষেত্রে কার্যকর রাখতে পারবে। এমনকি আদালত কোনো বিধিমালাকে বেআইনি ঘোষণা করার পরও আইনি লড়াই চলাকালে সেটি বছরের পর বছর কার্যকর থাকতে পারে।

বামজাই বলেন, এই রায় নির্বাহী বিভাগকে আরও বেশি স্বাধীনতা দেবে। তবে সেই স্বাধীনতাকে কেউ ইতিবাচক না নেতিবাচক হিসেবে দেখবেন, তা নির্ভর করতে পারে সংশ্লিষ্ট প্রশাসনের নীতির প্রতি তাঁর সমর্থন বা বিরোধিতার ওপর।

২০২৫ সালের জানুয়ারিতে হোয়াইট হাউসে ফেরার পর অভিবাসন কঠোর করা, গণ-বহিষ্কার এবং ট্রান্সজেন্ডার অধিকারসহ বিভিন্ন বিষয়ে একের পর এক সিদ্ধান্ত নিয়েছেন ট্রাম্প। এসব নীতির বিরুদ্ধে অসংখ্য মামলা হয়েছে। বিভিন্ন আদালতের বিচারকেরা এসব সিদ্ধান্ত আটকে দেওয়ায় ট্রাম্প প্রশাসনের সঙ্গে বিচার বিভাগের দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব চলছে।

এর আগে গত বছরের জুনে ট্রাম্প প্রশাসনের আবেদনের পরিপ্রেক্ষিতে সুপ্রিম কোর্ট দেশব্যাপী কার্যকর হওয়া ‘ইউনিভার্সাল ইনজাংশন’ বা সর্বজনীন নিষেধাজ্ঞা জারির ক্ষমতা সীমিত করেছিল। তবে তখন আইনের অন্য একটি ধারার কারণে কোনো ফেডারেল সংস্থার অবৈধ বিধিমালা সারাদেশে বাতিল করার ক্ষমতা বিচারকদের হাতে থেকে যায়।

নতুন আপিলের মাধ্যমে সেই ক্ষমতাও সীমিত করার আবেদন জানিয়েছে ট্রাম্পের বিচার বিভাগ। আগামী বছরের শুরুতে সুপ্রিম কোর্ট মামলাটি শুনানির জন্য গ্রহণ করবে কি না, সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার কথা রয়েছে।

টেক্সাসের কয়েকজন চিকিৎসক ও স্বাস্থ্যসেবা প্রদানকারী সংস্থার করা একটি মামলাকে কেন্দ্র করে এই আপিলের সূত্রপাত। ট্রাম্পের প্রথম মেয়াদে প্রণীত একটি আইনের আওতায় তৈরি স্বাস্থ্য খাতের কিছু বিধিমালা চ্যালেঞ্জ করেছিলেন ওই চিকিৎসকেরা। এর পরিপ্রেক্ষিতে গত আগস্টে একটি আপিল আদালত বিধিমালাটির কিছু অংশ সারাদেশে বাতিল ঘোষণা করেন।

ট্রাম্প প্রশাসন এখন ওই বিধিমালার বৈধতা নিয়ে বিতর্ক না করে সরাসরি আদালতের এপিএ-সংক্রান্ত ক্ষমতাকে চ্যালেঞ্জ করেছে। এর লক্ষ্য, দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্ত পর্যন্ত সরকারি নীতি বাস্তবায়নে আদালতের দেশব্যাপী বাধা দেওয়ার সুযোগ সীমিত করা।

আইন বিশেষজ্ঞদের মতে, ট্রাম্প প্রশাসন এই লড়াইয়ে জয়ী হলে কোনো সরকারি বিধিমালাকে আদালত অবৈধ ঘোষণা করার পরও মামলা চলাকালে মাসের পর মাস বা বছরের পর বছর সেটি সাধারণ মানুষের ওপর কার্যকর থাকতে পারে।

অন্যদিকে, টেক্সাস ও ফ্লোরিডার মতো বিভিন্ন অঙ্গরাজ্যের সরকার এবং আইন বিশেষজ্ঞদের বক্তব্য, কেন্দ্রীয় সরকারের অতিরিক্ত ক্ষমতার ব্যবহার ও স্বেচ্ছাচারিতা ঠেকাতে বিচারকদের হাতে এই ক্ষমতা থাকা জরুরি। সুপ্রিম কোর্ট ট্রাম্প প্রশাসনের পক্ষে রায় দিলে সাধারণ মানুষ ও অঙ্গরাজ্যগুলোর জন্য সরকারের অবৈধ বিধিমালা পুরোপুরি বাতিল করানো আরও কঠিন হয়ে উঠতে পারে।

তথ্যসূত্র: আরব নিউজ ও রয়টার্স।

 

মন্তব্য করুন