প্রকাশিত: ১৩ ঘন্টা আগে, ০৫:০৪ পিএম
অনলাইন সংস্করণ
অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করতে অস্বস্তি বোধ করলে কোনো শিল্পীর ‘না’ বলার অধিকার রয়েছে বলে জানিয়েছেন দক্ষিণী অভিনেত্রী ইনিয়া। সম্প্রতি ‘মুভি ওয়ার্ল্ড মিডিয়া’কে দেওয়া এক সাক্ষাৎকারে এ কথা বলেন তিনি। এ সময় অভিনয়শিল্পীদের ব্যক্তিগত সীমারেখা ও সম্মতির গুরুত্ব তুলে ধরেন এই অভিনেত্রী।
ইনিয়ার মতে, অন্তরঙ্গ দৃশ্য, শোবার ঘরের দৃশ্য, চুম্বন কিংবা আলিঙ্গনের মতো কোনো দৃশ্যে আপত্তি থাকলে শুটিং শুরুর আগেই নির্মাতাদের তা জানানো উচিত। একইভাবে খোলামেলা পোশাক পরতে স্বাচ্ছন্দ্যবোধ না করলে সেটিও স্পষ্টভাবে জানানো শিল্পীর দায়িত্ব।
তিনি বলেন, অন্তরঙ্গ দৃশ্যে অভিনয়ের জন্য কোনো শিল্পীকে জোর করা যায় না। শিল্পীর সম্মতি ছাড়া এমন দৃশ্যে অভিনয় করতে বাধ্য করার সুযোগ নেই। তবে নিজের অস্বস্তি ও আপত্তির কথা যথাসময়ে জানানোও প্রয়োজন বলে মনে করেন তিনি।
নিজের ব্যক্তিগত পরিসরের গুরুত্ব বোঝাতে বাবার দেওয়া একটি পরামর্শের কথাও জানান ইনিয়া। তিনি বলেন, তাঁর বাবা সব সময় বলতেন, নিজের ঘর ব্যক্তিগত জায়গা। সেখানে কেউ প্রবেশ করতে চাইলে দরজা খোলার সিদ্ধান্ত নিতে হবে তাঁকেই।
ইনিয়ার ভাষ্য, কোনো বিষয়ে সম্মতি দেওয়ার পর কাজ শেষ হলে সেটি নিয়ে আপত্তি তোলার যৌক্তিকতা থাকে না। তাই অভিনয়ের আগে নিজের সীমারেখা পরিষ্কার করা জরুরি। প্রয়োজনে নির্মাতারা ক্যামেরার কৌশল ব্যবহার করে দৃশ্য ধারণ করতে পারেন বলেও জানান তিনি।
সিনেমায় ঘনিষ্ঠ দৃশ্য, চুম্বন কিংবা খোলামেলা পোশাকে অভিনয় নিয়ে দীর্ঘদিন ধরেই আলোচনা চলছে। বিশেষ করে শুটিংয়ের সময় অভিনয়শিল্পীদের সম্মতি ও ব্যক্তিগত সীমারেখা কতটা গুরুত্ব পায়, তা নিয়ে বিভিন্ন সময়ে প্রশ্ন উঠেছে।
উল্লেখ্য, নয়নতারা অভিনীত তামিল ফ্যান্টাসি-কমেডি সিনেমা ‘মুকুথি আম্মান ২’ গত ৬ নভেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে। এ সিনেমায় অভিনয় করেছেন ইনিয়াও।
মন্তব্য করুন