তরুণ কণ্ঠ প্রতিবেদন

প্রকাশিত: ১২ ঘন্টা আগে, ০৫:১০ পিএম

অনলাইন সংস্করণ

পুনর্বিচারের দাবি ‘উদ্ভট’, জানালেন চিফ প্রসিকিউটর

জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ড পাওয়া ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার পুনর্বিচারের কোনো আইনগত সুযোগ নেই বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম। ভারতের পক্ষ থেকে শেখ হাসিনার পুনর্বিচার বা নতুন করে বিচার শুরুর দাবি জানানো হয়েছে—এমন প্রতিবেদনের বিষয়ে তিনি বলেন, এ ধরনের বক্তব্য ‘উদ্ভট’ এবং তা প্রত্যাখ্যান করেন তাঁরা।

আজ রোববার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল প্রাঙ্গণে এক ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন চিফ প্রসিকিউটর। এক সাংবাদিক আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদনের বরাত দিয়ে জানতে চান, ভারত সরকার শেখ হাসিনাকে আপিলের সুযোগ দেওয়া এবং তাঁর পুনর্বিচার চায় কি না।

জবাবে আমিনুল ইসলাম বলেন, বাংলাদেশে একবার বিচার সম্পন্ন হওয়ার পর আবার বিচার শুরুর প্রক্রিয়াকে ‘ডি নোভো ট্রায়াল’ বলা হয়। তাঁর ভাষ্য, বাংলাদেশে এ ধরনের পুনর্বিচারের কোনো আইনি প্রক্রিয়া নেই। ভারত ও পাকিস্তানেও আগে এই ব্যবস্থা থাকলেও বর্তমানে তা নেই বলে উল্লেখ করেন তিনি।

চিফ প্রসিকিউটর বলেন, যে দেশ নিজেরাই এই প্রক্রিয়া চর্চা করে না, তারা অন্য একটি দেশকে তা করার পরামর্শ দিচ্ছে। তাঁর বক্তব্য অনুযায়ী, শেখ হাসিনা মামলার বিচারপ্রক্রিয়া শুরুর সময় থেকেই ভারত সবকিছু জানত। তাঁর আশ্রয়ে থাকা অবস্থায় শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরে বিচার মোকাবিলা কিংবা যথাসময়ে আপিল করার পরামর্শ কেন দেওয়া হয়নি, সেই প্রশ্নও তোলেন তিনি।

আমিনুল ইসলাম আরও বলেন, আপিলের নির্ধারিত সময় পার হওয়ার পর পুনর্বিচারের পরামর্শ দেওয়া হচ্ছে। এসব বক্তব্যকে ‘উদ্ভট’ উল্লেখ করে তিনি বলেন, পুনর্বিচারের আইনগত কোনো সুযোগ নেই।

ব্রিফিংয়ে তিনি বলেন, ‘আপিলের সুযোগ তো সরকারও দিতে পারবে না, আমিও দিতে পারব না। এটা তো তাদের (আওয়ামী লীগ সরকার) প্রণীত আইন।...এই আইন এবং রুলস অব প্রসিডিউর ব্যবহার করে ২০২৪ সালের আগপর্যন্ত তারা এই ট্রাইব্যুনাল পরিচালনা করেছে, ব্যবহার করেছে, এই আইন চর্চা করেছে। আমরা তো কোনো আইন পরিবর্তন করি নাই।’

তিনি আরও বলেন, ‘...আইনে যদি প্রভিশন না থাকে, তাহলে এটা তো সরকার ইচ্ছা করলে দিতে পারবে না। এটা তো আমারও এখতিয়ার নাই, ট্রাইব্যুনালেরও এখতিয়ার নাই, গভর্নমেন্টেরও এখতিয়ার নাই।...অতএব কে কী অ্যাডভাইস করল, ওটা তো আসলে আমাদের আমলে নেওয়ার কোনো সুযোগ নাই।’

উল্লেখ্য, জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের একটি মামলায় গত বছরের ১৭ নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ শেখ হাসিনা ও তাঁর সরকারের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানকে মৃত্যুদণ্ড দেন। একই মামলায় পুলিশের সাবেক মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল-মামুনকে পাঁচ বছরের কারাদণ্ড দেওয়া হয়। তিনি মামলায় রাজসাক্ষী হয়েছিলেন।

রায় ঘোষণার ৫৭ দিন পর গত ১৩ জানুয়ারি মামলার পূর্ণাঙ্গ রায় প্রকাশ করা হয়। আইন অনুযায়ী, পূর্ণাঙ্গ রায় প্রকাশের ৩০ দিনের মধ্যে আপিল করার বিধান রয়েছে। মামলার শুরু থেকেই পলাতক শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান।

 

মন্তব্য করুন