প্রকাশিত: ১৮ ঘন্টা আগে, ১১:২৭ এ এম
অনলাইন সংস্করণ
ঢাকাই সিনেমার অভিনেতা ও প্রযোজক অনন্ত জলিলকে ঘিরে সাম্প্রতিক ব্যবসায়িক আলোচনা, ব্যাংকঋণের আইনি নোটিশ এবং কারখানা বন্ধের গুঞ্জনের মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের অবস্থান তুলে ধরেছেন তিনি। শনিবার (১৩ নভেম্বর) সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে সমর্থকদের প্রতি কৃতজ্ঞতা জানানোর পাশাপাশি সমালোচকদের উদ্দেশেও বার্তা দিয়েছেন এই অভিনেতা।
পোস্টের শুরুতে পবিত্র কোরআনের দুটি বাণী উল্লেখ করেন অনন্ত জলিল। সুরা ফাতিহার আয়াত ‘ইয়্যাকা না’বুদু ওয়া ইয়্যাকা নাসতা’ঈন’ এবং ‘হাসবুনাল্লাহু ওয়া নি’মাল ওয়াকিল’ তুলে ধরে তিনি মহান সৃষ্টিকর্তার ওপর নিজের ভরসার কথা প্রকাশ করেন।
সামাজিক যোগাযোগমাধ্যমে যারা তাঁর জন্য দোয়া করেছেন, ইতিবাচক পোস্ট দিয়েছেন এবং ভিডিও প্রকাশ করে পাশে দাঁড়িয়েছেন, তাঁদের প্রতিও কৃতজ্ঞতা জানান অনন্ত জলিল। তিনি লিখেছেন, ‘যারা সোশ্যাল মিডিয়াতে আমার জন্য দোয়া করেছেন, অনেকেই ভালো ভালো পোস্ট করেছেন এবং পজেটিভ ভিডিও আপলোড করেছেন তাদের প্রতি রইল আমার কৃতজ্ঞতা ও ভালোবাসা।’
এ ছাড়া তাঁকে নিয়ে সামাজিক মাধ্যমে যারা আলোচনামূলক কনটেন্ট তৈরি করেছেন, তাঁদের উদ্দেশেও মন্তব্য করেন অভিনেতা। তিনি লিখেছেন, ‘আর যারা টিআরপির জন্য সোশ্যাল মিডিয়াতে কাজ করেছেন আপনাদের সবার প্রতি রইল আমার আন্তরিক ধন্যবাদ। আল্লাহর নিকট আপনাদের জন্য দোয়া করি- যেন আল্লাহ তাআলা আপনাদেরকে হেদায়েত দান করেন। আমিন।’
প্রসঙ্গত, চলচ্চিত্রের পাশাপাশি ব্যবসায়ী হিসেবেও পরিচিত অনন্ত জলিল। সম্প্রতি তাঁর মালিকানাধীন প্রতিষ্ঠান ‘এবি অ্যাপারেলস লিমিটেড’-এর ঋণের বিপরীতে ২২৬ কোটি ৭৫ লাখ টাকা আদায়ে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের আইনি নোটিশ পাঠানোর খবর প্রকাশিত হয়। এ নিয়ে সংবাদমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা শুরু হয়।
এর পাশাপাশি কয়েকটি কারখানা বন্ধের গুঞ্জন এবং শ্রমিকদের কর্মসংস্থান নিয়েও আলোচনা চলছে। এমন পরিস্থিতিতে ফেসবুকে দেওয়া পোস্টে সমর্থকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশের পাশাপাশি সমালোচকদের উদ্দেশে নিজের বক্তব্য তুলে ধরলেন অনন্ত জলিল।
মন্তব্য করুন