প্রকাশিত: ১৭ ঘন্টা আগে, ১২:৩৭ পিএম
অনলাইন সংস্করণ
নিজের জন্য জামদানি শাড়ি না কিনে মায়ের সংগ্রহ থেকেই পছন্দের শাড়ি বেছে নেন অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা। এতে যেমন মায়ের শাড়ি পরার আনন্দ রয়েছে, তেমনি সাশ্রয় হয় নিজের শাড়ি কেনার খরচও। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে মায়ের শাড়ি পরার এই মজার অভ্যাসের কথা জানিয়েছেন তিনি।
সামাজিক যোগাযোগমাধ্যমে নিয়মিত সক্রিয় প্রভা বিভিন্ন পোস্টের মাধ্যমে অনুসারীদের সঙ্গে নিজের ভাবনা ও দৈনন্দিন জীবনের নানা মুহূর্ত ভাগ করে নেন। এবার মায়ের জামদানি শাড়ি পরার আনন্দের পাশাপাশি এর পেছনের কারণও তুলে ধরেছেন অভিনেত্রী।
প্রভা লিখেছেন, ‘শাড়িটা সুন্দর, তাই না? আমারও বেশ পছন্দ। তবে দুর্ভাগ্যজনকভাবে এটি আমার নয়, আম্মুর। আমি জামদানি পরতে চাইলে সাধারণত নিজের জন্য শাড়ি কিনি না। আম্মুর শাড়ির সংগ্রহ থেকেই পছন্দমতো একটি বেছে নিই।’
নিজের শাড়ি কেনার খরচ বাঁচানোর বিষয়টিও উল্লেখ করেছেন প্রভা। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘এতে নিজের শাড়ি কেনার খরচটাও বেঁচে যায়। কারণ আম্মুর মতো তো আর আয় করি না! তাই জামদানি পরার ইচ্ছা হলে আম্মুর সংগ্রহ থেকেই একটি শাড়ি নিয়ে পরি।’
মায়ের আলমারিতে থাকা শাড়ি থেকে পছন্দের জামদানি বেছে নেওয়ার এই অভ্যাসের মধ্য দিয়ে মায়ের প্রতি ভালোবাসার পাশাপাশি নিজের খরচ সামলানোর মজার দিকটিও তুলে ধরেছেন অভিনেত্রী।
মন্তব্য করুন