তরুণ কণ্ঠ প্রতিবেদন

প্রকাশিত: ২ ঘন্টা আগে, ০৩:১৪ পিএম

অনলাইন সংস্করণ

মাদক মামলায় খালাস পেলেন আসিফ আকবর

ঢাকার তেজগাঁও থানার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় কণ্ঠশিল্পী আসিফ আকবরকে বেকসুর খালাস দিয়েছেন আদালত। সোমবার (৯ মার্চ) ঢাকার দ্বিতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ আয়েশা আক্তার মৌসুমী এ রায় ঘোষণা করেন।

এদিন আসিফ আকবর আদালতে আসেন। এরপর এই মামলায় যুক্তিতর্ক শুরু হয়। এ সময় আসামিপক্ষের আইনজীবী তাকে নির্দোষ দাবি করে খালাস প্রত্যাশা করেন।

অন্যদিকে রাষ্ট্রপক্ষে ওয়ালিউল ইসলাম তুষার তার সর্বোচ্চ সাজা দাবি করেন। পরে যুক্তিতর্ক উপস্থাপন শেষে আদালত রায় ঘোষণা করেন। রায়ে উল্লেখ করা হয়, আসামিদের বিরুদ্ধে অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়নি।

মামলার অভিযোগ থেকে জানা যায়, ২০১৮ সালের ৫ জুন দিনগত রাতে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনের একটি মামলায় আসিফকে গ্রেপ্তার করা হয়। ওই সময় আসিফ আকবরের অফিস কক্ষে চার বোতল অবৈধ বিদেশি মদ পাওয়া যায়। মদ পাওয়ার পর তা পরীক্ষা নিরীক্ষার জন্য মাদকদ্রব্য অধিদপ্তরে পাঠানো হয়।

উল্লেখ্য, ২০১৮ সালের ২৩ জুলাই লাইসেন্স ছাড়া বিদেশি মদ নিজের দখলে রাখায় তার বিরুদ্ধে তেজগাঁও থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেন সিআইডি পুলিশের এসআই প্রশান্ত কুমার সিকদার।

মন্তব্য করুন