প্রকাশিত: ১ ঘন্টা আগে, ০২:৪৫ পিএম
অনলাইন সংস্করণ
বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, নারীর ক্ষমতায়ন করাই ‘ফ্যামিলি কার্ডের’ মূল লক্ষ্য।
তিনি বলেছেন, ‘বাড়ির প্রধান নারীরাই এই ‘ফ্যামিলি কার্ডটা’ পাবেন। এই কার্ডটা কী কাজে ব্যবহার করবেন সেটা পরের ব্যাপার। কিন্তু উনার হাতে একটা কার্ড থাকবে।”
মঙ্গলবার (১০ মার্চ) দুপুরের দিকে ঠাকুরগাঁও সদর উপজেলার রহিমানপুর ইউনিয়নে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ অনুষ্ঠানে বিএনপির মহাসচিব এসব কথা বলেন।
এ সময় রহিমানপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের ৫৯০ নারীর মাঝে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ করেন মির্জা ফখরুল।
দুর্নীতিবাজদের কড়া হুঁশিয়ারি দিয়ে এলজিআরডি মন্ত্রী বলেন, ‘এখানে কাজ করতে আসছি, কাজ করব। যদি কেউ দুর্নীতির সঙ্গে জড়িত হয়, তার কোনো ক্ষমা নাই।’
তিনি বলেন, ‘খাল খনন শুরু হয়ে গেছে। ১৬ মার্চ প্রধানমন্ত্রী তারেক রহমান নিজেই, উনার বাবা জিয়াউর রহমান সাহেবের মত কোদাল দিয়ে মাটি খুঁড়ে খাল কাটতে শুরু করবেন।’
অনুষ্ঠানে ঠাকুরগাঁও-২ আসনের সংসদ সদস্য ডা. আব্দুস সালাম, জেলা প্রশাসক ইশরাত ফারজানা, পুলিশ সুপার বেলাল হোসেন ও জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সল আমিন উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন