তরুণ কণ্ঠ অনলাইন

প্রকাশিত: ১ ঘন্টা আগে, ০৪:০৯ পিএম

অনলাইন সংস্করণ

যুদ্ধ পরিস্থিতিতে প্রবাসীদের সহায়তায় বিশেষ নিয়ন্ত্রণ কক্ষ চালু

তরুণ কণ্ঠ গ্রাফিক্স

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির প্রেক্ষাপটে সেখানে অবস্থানরত বাংলাদেশি প্রবাসীদের নিরাপত্তা ও কল্যাণ পর্যবেক্ষণে বিশেষ উদ্যোগ নিয়েছে সরকার। এ লক্ষ্যে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় একটি নিয়ন্ত্রণ কক্ষ চালু করেছে।

মঙ্গলবার (১০ মার্চ) জারি করা মন্ত্রণালয়ের এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়েছে। আদেশ অনুযায়ী, ১০ মার্চ থেকে ১৬ মার্চ পর্যন্ত প্রতিদিন সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত নিয়ন্ত্রণ কক্ষটি পরিচালিত হবে। তিনটি শিফটে মোট ২১ জন কর্মকর্তা ও ৪২ জন কর্মচারী দায়িত্ব পালন করবেন।

নিয়ন্ত্রণ কক্ষটি রাজধানীর ইস্কাটনে অবস্থিত প্রবাসী কল্যাণ ভবনের প্রবাসী কল্যাণ সেন্টারে (লিফটের ৭ নম্বর তলা) স্থাপন করা হয়েছে। এর সার্বিক তত্ত্বাবধানে থাকবেন ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের মহাপরিচালক ব্যারিস্টার মো. গোলাম সরওয়ার ভূঁইয়া।

এ ছাড়া নিয়ন্ত্রণ কক্ষের ফোকাল পয়েন্ট কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করবেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের কর্মসংস্থান-১ শাখার উপসচিব মো. হেদায়েতুল ইসলাম মন্ডল।

দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা মধ্যপ্রাচ্যের বর্তমান পরিস্থিতি বিবেচনায় বিদেশে কর্মরত শ্রমকল্যাণ উইংগুলোর সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রক্ষা করবেন। একই সঙ্গে নির্ধারিত ফরম্যাট অনুযায়ী তথ্য সংগ্রহ করে তা নিয়মিতভাবে ফোকাল পয়েন্ট কর্মকর্তার কাছে জমা দেবেন।

মন্ত্রণালয় জানিয়েছে, প্রবাসী বাংলাদেশিদের নিরাপত্তা নিশ্চিত করা, জরুরি প্রয়োজনে সহায়তা প্রদান এবং সংশ্লিষ্ট তথ্য সমন্বয়ের উদ্দেশ্যে এই নিয়ন্ত্রণ কক্ষ পরিচালনা করা হবে।

মন্তব্য করুন