প্রকাশিত: ৩ ঘন্টা আগে, ১০:৩৯ এ এম
অনলাইন সংস্করণ
জনগণ স্বাভাবিক পরিমাণে তেল নিলে জ্বালানি সরবরাহে কোনো সংকট তৈরি হবে না বলে জানিয়েছেন অনিন্দ্য ইসলাম অমিত। তিনি বলেন, সরকারের পক্ষ থেকে জনগণকে আশ্বস্ত করা হচ্ছে যে জ্বালানি সরবরাহ নিয়ে দুশ্চিন্তার কোনো কারণ নেই।
শুক্রবার বিকেলে রাজধানীর পরীবাগ এলাকায় অবস্থিত মেঘনা মডেল সার্ভিস সেন্টার ফিলিং স্টেশন পরিদর্শনে গিয়ে গণমাধ্যমকর্মীদের সঙ্গে কথা বলার সময় তিনি এ কথা বলেন।
প্রতিমন্ত্রী জানান, বর্তমান পরিস্থিতিতে জনমনে কিছুটা সংশয় তৈরি হওয়া অস্বাভাবিক নয়। তিনি বলেন, “একটি যুদ্ধাবস্থা বিরাজ করছে। তাই সংশয়, আতঙ্ক কিংবা দুশ্চিন্তা তৈরি হওয়াটা স্বাভাবিক।”
তিনি আরও জানান, দেশে বর্তমানে যে পরিমাণ জ্বালানি মজুত রয়েছে এবং আগামী সপ্তাহে যেসব কার্গো আমদানি হওয়ার নিশ্চয়তা পাওয়া গেছে, তাতে জ্বালানি সরবরাহে কোনো সংকট হওয়ার আশঙ্কা নেই। তার ভাষায়, “আমাদের কাছে যে মজুত আছে এবং যে কার্গোগুলোর নিশ্চয়তা পেয়েছি, তাতে জ্বালানি সরবরাহে কোনো সংকট হবে না—আমি দায়িত্ব নিয়ে বলছি।”
হঠাৎ তেলের চাহিদা বেড়ে যাওয়ার বিষয়টি তুলে ধরে তিনি বলেন, গত কয়েক দিনে স্বাভাবিকের তুলনায় দুই থেকে তিন গুণ বেশি তেল সরবরাহ করা হয়েছে। তারপরও কিছু জায়গায় ভিড় ও চাপ তৈরি হয়েছে।
পরিদর্শনের সময় তিনি অতিরিক্ত তেল কিনতে আসা কয়েকজন ক্রেতার সঙ্গেও কথা বলেন। ক্রেতারা জানান, সাধারণত তারা যে পরিমাণ তেল নেন তার চেয়ে বেশি, অর্থাৎ ট্যাংক ভর্তি করে নিচ্ছেন। এ বিষয়ে প্রতিমন্ত্রী বলেন, “ক্রেতারা মূলত দুশ্চিন্তা ও আশঙ্কা থেকে বেশি তেল নিচ্ছেন। কিন্তু আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। সবাই যদি স্বাভাবিকভাবে তেল নেন, তাহলে কোনো সংকট হবে না।”
তেলের দাম বাড়তে পারে কি না—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আন্তর্জাতিক বাজারে দাম অস্বাভাবিকভাবে বেড়েছে, ফলে অর্থনীতির ওপর কিছুটা চাপ তৈরি হয়েছে। প্রয়োজন হলে সমন্বয়ের বিষয়টি বিবেচনা করা হতে পারে। তবে যতদিন সম্ভব দাম না বাড়ানোর চেষ্টা করা হবে।
তিনি আরও বলেন, জনগণের ভোটে নির্বাচিত সরকার সবসময় মানুষের দুঃখ–দুর্দশা কমানোর জন্য কাজ করছে। তাই জনগণকে আতঙ্কিত না হয়ে স্বাভাবিক চাহিদা অনুযায়ী তেল নেওয়ার আহ্বান জানান তিনি।
মন্তব্য করুন