প্রকাশিত: ২ ঘন্টা আগে, ০৪:৪৩ পিএম
অনলাইন সংস্করণ
'ইত্যাদি' মানেই নতুন কিছু, 'ইত্যাদি' মানেই ঈদের আনন্দকে দ্বিগুণ করা এক ঐতিহ্যের নাম। সময়ের সাথে তাল মিলিয়ে হানিফ সংকেতের জাদুকরী উপস্থাপনায় এই অনুষ্ঠানটি এখন আমাদের সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ।
এবারের ঈদুল ফিতরের বিশেষ ইত্যাদি সাজানো হয়েছে কিছু দারুণ চমক দিয়ে! তার মধ্যে একটি হচ্ছে ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় নায়িকা শবনম বুবলী এবার হাজির হচ্ছেন গায়িকা হিসেবে। জনপ্রিয় সংগীতশিল্পী ইমরান মাহমুদুল-এর সঙ্গে দ্বৈতকণ্ঠে গান গেয়েছেন তিনি। পেশাদার সংগীতশিল্পী না হয়েও ইমরানের সুরে অত্যন্ত নিপুণভাবে গানটি গেয়েছেন বুবলী। এটিই কোনো টেলিভিশন অনুষ্ঠানে গায়িকা হিসেবে তাঁর প্রথম আত্মপ্রকাশ। অর্থাৎ ইত্যাদির মাধ্যমে নায়িকা বুবলী গায়িকা হলেন। গানটির কথা লিখেছেন কবির বকুল। সুর ও সংগীত করেছেন ইমরান মাহমুদুল।
এর আগেও 'ইত্যাদি'র মঞ্চে অভিনয় জগতের অনেক তারকা গান গেয়ে প্রশংসিত হয়েছেন। তাসনিয়া ফারিণ, সিয়াম আহমেদ বা জান্নাতুল সুমাইয়া হিমির মতো তারকারা যেমন চমক দিয়েছেন, এবার সেই তালিকায় যুক্ত হলেন বুবলী। ইতিপূর্বে ইলিয়াস কাঞ্চন, দিতি, মৌসুমী, নোবেল, অপি করিমদের মতো তারকারাও ইত্যাদির এই সংগীত-ধারায় শামিল হয়েছিলেন।
গত ২৪ জানুয়ারি বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রের বিশাল সেটে গানটির দৃশ্যধারণ সম্পন্ন হয়েছে। নির্মাণশৈলী আর গায়কীর মেলবন্ধনে গানটি দর্শকদের মন জয় করবে বলে আশা করা যাচ্ছে।
প্রতিবারের মত এবারও ঈদের বিশেষ ইত্যাদি বাংলাদেশ টেলিভিশনে প্রচারিত হবে ঈদের পরদিন রাত আটটার বাংলা সংবাদের পর। ইত্যাদি রচনা, পরিচালনা ও উপস্থাপনা করেছেন হানিফ সংকেত। নির্মাণ করেছে ফাগুন অডিও ভিশন। স্পন্সর করেছে কেয়া কসমেটিকস লিমিটেড।
মন্তব্য করুন