প্রকাশিত: ১ ঘন্টা আগে, ০৯:১৭ পিএম
অনলাইন সংস্করণ
মধ্যপ্রাচ্যে শান্তি প্রক্রিয়া নতুন করে অনিশ্চয়তায় পড়ায় বিশ্ববাজারে স্বর্ণের দাম প্রায় চার সপ্তাহের সর্বনিম্নে নেমে এসেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সর্বশেষ যুদ্ধবিরতির প্রস্তাবে অসন্তুষ্টি প্রকাশ করায় সংঘাত দীর্ঘায়িত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। এর সঙ্গে যুক্ত হয়েছে মুদ্রাস্ফীতির নতুন উদ্বেগ এবং মার্কিন ফেডারেল রিজার্ভের আসন্ন বৈঠক নিয়ে বিনিয়োগকারীদের সতর্ক অবস্থান।
রয়টার্সের তথ্য অনুযায়ী, মঙ্গলবার (২৮ এপ্রিল) স্পট মার্কেটে স্বর্ণের দাম ২.১ শতাংশ কমে প্রতি আউন্স ৪,৫৮৫.২১ ডলারে নেমেছে, যা ২ এপ্রিলের পর সর্বনিম্ন। জুন মাসের ডেলিভারির মার্কিন স্বর্ণের ফিউচারও ২ শতাংশ কমে ৪,৫৯৮.৪০ ডলারে দাঁড়িয়েছে।
জেনার মেটালসের ভাইস প্রেসিডেন্ট ও সিনিয়র মেটালস স্ট্র্যাটেজিস্ট পিটার গ্রান্ট বলেন, মধ্যপ্রাচ্যে শান্তি প্রক্রিয়া নিয়ে হতাশা আবার বাড়ছে। ট্রাম্প প্রশাসন ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান করায় হরমুজ প্রণালী এখনো বন্ধ রয়েছে। এতে তেলের দাম বেড়েছে এবং ফেডের বৈঠকের আগে মুদ্রাস্ফীতি নিয়ে উদ্বেগও নতুন করে তৈরি হয়েছে।
হরমুজ প্রণালী বন্ধ থাকায় মধ্যপ্রাচ্য থেকে তেল সরবরাহ সীমিত হয়ে পড়েছে এবং তেলের দাম ৩ শতাংশের বেশি বেড়েছে। তবে সংযুক্ত আরব আমিরাতের ওপেক ছাড়ার ঘোষণায় দাম কিছুটা নিম্নমুখী হয়েছে। বিনিয়োগকারীরা মনে করছেন, বুধবার শেষ হওয়া দুই দিনের বৈঠকে ফেড সুদের হার অপরিবর্তিত রাখবে।
অন্যান্য মূল্যবান ধাতুর বাজারেও দরপতন দেখা গেছে। স্পট সিলভারের দাম ৩.৩ শতাংশ কমে প্রতি আউন্স ৭২.৯৯ ডলারে, প্ল্যাটিনাম ১.৯ শতাংশ কমে ১,৯৫৬.৬৯ ডলারে এবং প্যালাডিয়াম ০.৯ শতাংশ কমে ১,৪৬৩.৩৯ ডলারে নেমেছে।
বিশ্ববাজারের এই পতনের প্রভাব দেশের বাজারেও পড়তে পারে বলে জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এর আগে আজ সকালেই দেশের বাজারে ২২ ক্যারেটের স্বর্ণের দাম ভরিপ্রতি ২ হাজার ২১৬ টাকা এবং রুপার দাম ২৩৩ টাকা কমানো হয়েছে। বর্তমানে দেশের বাজারে ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ ২ লাখ ৪৪ হাজার ৭১১ টাকা, ২১ ক্যারেট ২ লাখ ৩৩ হাজার ৫৭২ টাকা, ১৮ ক্যারেট ২ লাখ ২১৩ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণ ১ লাখ ৬৩ হাজার ৬৩ টাকায় বিক্রি হচ্ছে।
মন্তব্য করুন