তরুণ কণ্ঠ প্রতিবেদন

প্রকাশিত: ৪ ঘন্টা আগে, ০২:৪২ পিএম

অনলাইন সংস্করণ

বাড়ি পুড়িয়ে ভয় দেখানো যাবে না: নুসরাত তাবাসসুম

কুষ্টিয়ার দৌলতপুরে পৈতৃক বাড়ি পুড়িয়ে দেওয়ার ঘটনায় ক্ষোভ প্রকাশ করে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেত্রী নুসরাত তাবাসসুম বলেছেন, এ ধরনের ঘটনা ঘটিয়ে তাঁকে ভয় দেখানো বা কষ্ট দেওয়ার চেষ্টা সফল হবে না। আজ বৃহস্পতিবার (১২ নভেম্বর) বেলা ১১টার দিকে উপজেলার বাগোয়ান গ্রামে পোড়া বাড়ির সামনে সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

সংবাদ সম্মেলনে নুসরাত তাবাসসুমের পাশে তাঁর বাবা আব্দুল হালিম এবং এনসিপির কেন্দ্রীয় মিডিয়া সম্পাদক ইয়াসির আরাফাত উপস্থিত ছিলেন। নুসরাত দলটির যুগ্ম আহ্বায়ক ও সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম রাজনৈতিক পর্ষদের সদস্য।

গতকাল রাতে নুসরাতের গ্রামের বাড়িতে পেট্রলবোমা হামলার অভিযোগ করেন এনসিপির নেতারা। ঘটনার খবর পেয়ে রাতেই ঢাকা থেকে গ্রামের বাড়ির উদ্দেশে রওনা হন তিনি। সকালে বাড়িটি ঘুরে দেখার পর সংবাদ সম্মেলন করেন।

নুসরাত তাবাসসুম বলেন, ‘এই ঘটনার পর সন্ত্রাসী লীগের লোকজন বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে উল্লাস করছে। তারা মনে করছে, এই ধরনের হামলা করে হয়তোবা আমাদের দমিয়ে রাখা যাবে, হয়তোবা আমাদের ভয় পাইয়ে দেওয়া যাবে, হয়তোবা আমাদের অনেক বেশি কষ্ট দেওয়া যাবে, দুঃখ দেওয়া যেতে পারে। তাদের আমরা বলতে চাই, এ রকম নুসরাত তাবাসসুমের বসতবাড়ি পুড়ে যাওয়ার মতো অসংখ্য ঘটনা গত ১৭ বছরে বাংলাদেশের মানুষ দেখেছে এবং সেই দেখার ফল হিসেবেই চব্বিশ এসেছিল। তাই এ সমস্ত ঘটনা দিয়ে যারা আমাদের ভয় পাইয়ে দেবে বা কষ্ট পাইয়ে দেবে ভাবছে, তাদের মুখে শুধুই চুনকালি।’

নুসরাত তাবাসসুম অভিযোগ করেন, গত কয়েক দিন ধরে তিনি বিভিন্ন নম্বর থেকে হুমকিমূলক ফোন পাচ্ছিলেন। তিনি বলেন, ‘গত ২৮ অক্টোবর রাতে আনুমানিক সাড়ে নয়টা নাগাদ একটি স্প্যাম নাম্বার থেকে আমার কাছে একটি হুমকির কল আসে এবং তারও কিছু আগে-পরে আমি আরও বেশকিছু হুমকি কল পেতে থাকি। গত মঙ্গলবার আমি পুরো ঘটনার বর্ণনা করে ঢাকার কলাবাগান থানায় একটি জিডি করেছিলাম। সেই জিডির পরেও আমার কাছে বেশকিছু হুমকি এসেছে। বিশেষ করে গতকাল আমার বাড়িতে যখন হামলা হয়, তার তিন ঘণ্টা আগে কুষ্টিয়া জেলা ছাত্রলীগের (নিষিদ্ধঘোষিত) পলাতক সভাপতির ফেসবুক আইডি থেকে একটি সতর্কতামূলক পোস্ট দেওয়া হয়; অর্থাৎ একটি হুমকি পোস্ট দেওয়া হয়।’

হামলার সময় সম্পর্কে তিনি বলেন, ‘আপনারা জানেন, এ ধরনের হুমকিকে আমরা কখনোই গায়ে মাখিনি। যদি গায়ে মাখতাম তাহলে আজকে আমরা যে জায়গায় আছি, সেখানে থাকতাম না। তারপর মধ্যরাতে যদি সিসিটিভির সময়টাকে ধরি, তাহলে ১২টা বেজে ১৫ মিনিট ৩০ সেকেন্ডে আমার বাড়িতে পরপর চারটি ব্লাস্ট (বিস্ফোরণ) হয়। ব্লাস্টের ধরণ–ধারণ এবং প্রকার দেখে মনে হচ্ছে, এটি পেট্রোলবোমার আঘাতে হয়েছে। বাকিটা অবশ্যই তদন্তসাপেক্ষ। এ জন্য আমি সুনিশ্চিতভাবে বললাম না। কিন্তু জিনিসটা দেখতে একেবারেই পেট্রোলবোমা হামলার মতো।’

নুসরাতের ভাষ্য, খবর দেওয়ার পর পুলিশ ঘটনাস্থলে এসে পাহারা দিয়েছে। তবে প্রায় ১২ ঘণ্টা পেরিয়ে গেলেও আলামত সংগ্রহ করা হয়নি। দৌলতপুর উপজেলায় দমকল বাহিনীর কোনো কার্যালয় না থাকায় বাহিনীর সদস্যরা পৌঁছানোর আগেই বাড়ির বেশির ভাগ অংশ পুড়ে যায় বলেও তিনি জানান।

সংবাদ সম্মেলনে নুসরাত তাবাসসুম বলেন, বাড়িটি পরিত্যক্ত বলে সামাজিক যোগাযোগমাধ্যম ও কয়েকটি গণমাধ্যমে প্রচার করা হচ্ছে। তবে তাঁর দাবি, বাড়িটিতে একটি অসহায় পরিবার পাঁচ থেকে ছয় বছর ধরে বসবাস করছিল। পরিবারটি বাড়িটির দেখাশোনা করত এবং তাঁদের পরিবারের অংশ হয়ে গিয়েছিল।

তিনি বলেন, ‘আপনারা দেখতে পাচ্ছেন, সোশ্যাল মিডিয়া এবং কিছু মেইনস্ট্রিম চ্যানেলে প্রচার করা হচ্ছে যে, বাড়িটা নাকি পরিত্যক্ত। এই বাড়িটা একেবারেই পরিত্যক্ত নয়। এই বাড়িটিতে একটি অসহায় পরিবার থাকত; যারা আমাদের সাথে প্রায় পাঁচ-ছয় বছর ধরে আছে। তারা আমাদের পরিবারেরই অংশ হয়ে গিয়েছেন, তারা আমাদের এই বাড়িটি দেখভাল করতেন। এই বাড়িতেই আমি বড় হয়েছি; আমার ছোট ভাই বড় হয়েছে; আমার বাবা-মা এই বাড়িতেই সংসার করেছেন। এটা আমার দাদার হাতের তৈরি বাড়ি, এটাই আমাদের বসতবাড়ি।’

নুসরাত আরও বলেন, বাড়িটিতে গবাদিপশুর খামার ছিল এবং আত্মীয়স্বজনের যাতায়াত ছিল। সেখানে থাকা অসহায় পরিবারটির একটি শিশু আহত হয়েছে এবং বেশ কয়েকটি গবাদিপশু মারা গেছে বলেও তিনি দাবি করেন। তাঁর ভাষ্য, বাড়ির আর কিছুই অবশিষ্ট নেই।

ঘটনার সঙ্গে স্থানীয় লোকজন জড়িত বলে মনে করেন না নুসরাত তাবাসসুম। তাঁর ধারণা, এটি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কাজ। তবে এ বিষয়ে তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদ্‌ঘাটনের বিষয়টি গুরুত্বপূর্ণ।

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতিকে ‘ঢিলা’ বলে মন্তব্য করেন তিনি। বাড়িতে হামলা ও অগ্নিসংযোগের ঘটনায় দৌলতপুর থানায় মামলা করবেন বলেও জানান এই সংসদ সদস্য।

 

মন্তব্য করুন