প্রকাশিত: ১৪ ঘন্টা আগে, ০৩:২৯ পিএম
অনলাইন সংস্করণ
২০২৭ সালের হজে সৌদি আরবের বাড়ানো কোটা এবং সরকারি মাধ্যমের অব্যবহৃত কোটায় হজযাত্রীদের প্রাথমিক নিবন্ধন শুরু হয়েছে। সোমবার (১৬ নভেম্বর) থেকে শুরু হওয়া এ নিবন্ধন কার্যক্রম আগামী ২২ নভেম্বর পর্যন্ত চলবে। তবে নির্ধারিত কোটা পূরণ হয়ে গেলে নির্ধারিত সময়ের আগেই নিবন্ধন কার্যক্রম বন্ধ করে দেওয়া হবে।
রোববার (১৫ নভেম্বর) ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী গত ২৬ সেপ্টেম্বর ২০২৭ সালের হজের নিবন্ধন কার্যক্রম শেষ হয়। ওই বছরের জন্য বাংলাদেশকে মোট ৭৮ হাজার ৫০০ জন হজযাত্রীর কোটা অনুমোদন দিয়েছিল সৌদি আরব।
পরবর্তী সময়ে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের অনুরোধের পরিপ্রেক্ষিতে সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয় বাংলাদেশের হজযাত্রীদের কোটা বাড়িয়েছে। পাশাপাশি সরকারি মাধ্যমের কিছু কোটা অব্যবহৃত রয়ে গেছে। বর্ধিত ও অব্যবহৃত এসব কোটায় নতুন করে হজযাত্রী নিবন্ধনের উদ্যোগ নেওয়া হয়েছে।
মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, নতুন করে প্রাথমিক নিবন্ধন করা হজযাত্রীদের নির্বাচিত প্যাকেজের অবশিষ্ট অর্থ আগামী ১০ ডিসেম্বরের মধ্যে জমা দিয়ে চূড়ান্ত নিবন্ধন সম্পন্ন করতে হবে।
নির্ধারিত সময়ের মধ্যে চূড়ান্ত নিবন্ধন সম্পন্ন না করলে সংশ্লিষ্ট হজযাত্রীর প্রাথমিক নিবন্ধন বাতিল হয়ে যাবে। তাই নতুন করে নিবন্ধন করা হজযাত্রীদের নির্ধারিত সময়ের মধ্যে বাকি অর্থ জমা দিয়ে নিবন্ধন নিশ্চিত করতে হবে।
মন্তব্য করুন