তরুণ কণ্ঠ প্রতিবেদন

প্রকাশিত: ১২ নভেম্বার, ২০২৬, ০৯:২৫ এ এম

অনলাইন সংস্করণ

দেশের আট বিভাগে বৃষ্টি ও বজ্রবৃষ্টির আভাস

দক্ষিণপূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় আগামীকাল শুক্রবার একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। বর্তমানে মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। এর একটি বর্ধিতাংশ উত্তর-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।

বুধবার (১২ নভেম্বর) সন্ধ্যা ৬টা থেকে দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, দেশের সব বিভাগেই দু-এক জায়গায় বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে।

আবহাওয়া অধিদপ্তর জানায়, রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় দু-এক পশলা বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

এ ছাড়া সারা দেশে রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে। তবে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলে পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে।

এদিকে, ঢাকায় পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৮ থেকে ১২ কিলোমিটার গতিতে বাতাস প্রবাহিত হচ্ছে। বুধবার সন্ধ্যা ৬টায় রাজধানীতে বাতাসের আপেক্ষিক আর্দ্রতা রেকর্ড করা হয়েছে ৬৪ শতাংশ।

 

মন্তব্য করুন