তরুণ কণ্ঠ প্রতিবেদন

প্রকাশিত: ৮ ঘন্টা আগে, ১০:১০ এ এম

অনলাইন সংস্করণ

থাইল্যান্ডে চিকিৎসাধীন ‘জুলাই যোদ্ধাদের’ পাশে তথ্যপ্রযুক্তি মন্ত্রী: ব্যক্তিগত তহবিল থেকে সহায়তা

ছবি: সংগৃহীত

গত জুলাইয়ে সংগঠিত অভ্যুত্থানে আহত হয়ে থাইল্যান্ডের ভেজথানি ইন্টারন্যাশনাল হাসপাতালে চিকিৎসাধীন ‘জুলাই যোদ্ধাদের’ পাশে দাঁড়িয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম। শুক্রবার (২৪ এপ্রিল) তিনি সশরীরে হাসপাতালে উপস্থিত হয়ে চিকিৎসাধীন আহতদের শয্যাপাশে কিছু সময় অতিবাহিত করেন এবং তাঁদের শারীরিক অবস্থার খোঁজখবর নেন।

সাক্ষাৎকালে মন্ত্রী আহতদের মনোবল বৃদ্ধির লক্ষ্যে কথা বলেন এবং তাঁদের দ্রুত সুস্থতা কামনা করেন। তিনি হাসপাতালের সংশ্লিষ্ট চিকিৎসকদের সঙ্গেও বিস্তারিত আলোচনা করেন এবং চলমান চিকিৎসা কার্যক্রমের অগ্রগতি সম্পর্কে অবহিত হন। মন্ত্রী আহত যোদ্ধাদের আশ্বস্ত করেন যে, বর্তমান সরকার তাঁদের পাশে রয়েছে। তিনি প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে আহতদের সুচিকিৎসা নিশ্চিত করতে এবং হাসপাতাল কর্তৃপক্ষকে প্রয়োজনীয় সব ধরনের রাষ্ট্রীয় সহায়তা প্রদানের প্রতিশ্রুতি দেন।

সহমর্মিতার অংশ হিসেবে ফকির মাহবুব আনাম তাঁর ব্যক্তিগত তহবিল থেকে আহতদের তাৎক্ষণিক চিকিৎসা সহায়তায় এক লাখ থাই বাথ প্রদান করেন। এই সহায়তা তাঁদের মনোবল বৃদ্ধিতে সহায়ক হবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন। মন্ত্রীর এই সফর বিদেশে চিকিৎসাধীন আহতদের মাঝে স্বস্তি নিয়ে এসেছে। সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, জুলাই আন্দোলনের সকল আহত যোদ্ধাদের পূর্ণাঙ্গ সুস্থতা নিশ্চিত না হওয়া পর্যন্ত রাষ্ট্রীয় তদারকি ও সহায়তা অব্যাহত থাকবে।

মন্তব্য করুন