চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ২০ ঘন্টা আগে, ০৯:১১ এ এম

অনলাইন সংস্করণ

চাঁপাইনবাবগঞ্জে শিশু ধর্ষণচেষ্টা মামলায় যুবকের ৮ বছরের কারাদণ্ড

চাঁপাইনবাবগঞ্জে চতুর্থ শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণচেষ্টার মামলায় মাসুদ রানা নামে এক যুবককে আট বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।
রবিবার দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল, চাঁপাইনবাবগঞ্জের বিচারক জেলা ও দায়রা জজ মাওনুল হাসান ইউসুফ রনি এ রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্ত মাসুদ রানা জেলার শিবগঞ্জ উপজেলার আড়গাড়াহাট কাশিয়াবাড়ি গ্রামের মৃত কুতুব উদ্দিনের ছেলে।
রাষ্ট্রপক্ষের আইনজীবী রবিউল হক দোলন জানান, ২০২৪ সালের ৪ জানুয়ারি কাশিয়াবাড়ি প্রাথমিক বিদ্যালয়ের ছাদে একই বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের চেষ্টা করেন মাসুদ রানা। এ সময় স্থানীয় লোকজন বিষয়টি টের পেয়ে শিশুটিকে উদ্ধার করেন। পরে মাসুদ রানা পালিয়ে যান। এ ঘটনায় ওই ছাত্রীর মা বাদী হয়ে শিবগঞ্জ থানায় মামলা করেন।
মামলার তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) সোহেল রানা একই বছরের ৩১ জুলাই মাসুদ রানাকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।
আদালত সাক্ষ্য-প্রমাণ পর্যালোচনা শেষে রোববার আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।

 

মন্তব্য করুন