প্রকাশিত: ১ ঘন্টা আগে, ০৭:৪৭ পিএম
অনলাইন সংস্করণ
চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে চলমান কার্যক্রম পর্যালোচনা, জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি এবং উন্নয়ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৭ অক্টোবর ২০২৬) দুপুর ১২টা ৩০ মিনিটে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন, চাঁপাইনবাবগঞ্জের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনপ্রশাসন মন্ত্রণালয় ও খাদ্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী, এমপি।
সভায় সভাপতিত্ব করেন চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসক আবু সালেহ মো. মূসা জঙ্গী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহীর বিভাগীয় কমিশনার (ভারপ্রাপ্ত) ও অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) মো. রেজাউল আলম সরকার, চাঁপাইনবাবগঞ্জ-১ (শিবগঞ্জ) আসনের সংসদ সদস্য ড. মো. কেরামত আলী, চাঁপাইনবাবগঞ্জের পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক ও পৌরসভার প্রশাসক উজ্জ্বল কুমার ঘোষ, চাঁপাইনবাবগঞ্জ সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. বিপ্লব কুমার মজুমদার, জেলা বিএনপির আহ্বায়ক গোলাম জাকারিয়া ও সদস্য সচিব মো. রফিকুল ইসলামসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও সংশ্লিষ্ট ব্যক্তিরা।
সভায় প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী বলেন, ডেঙ্গু প্রতিরোধে সংশ্লিষ্ট সব দপ্তরকে সমন্বিতভাবে কাজ করতে হবে। এডিস মশার প্রজননস্থল ধ্বংস, বাসাবাড়ি ও আশপাশের পরিবেশ পরিচ্ছন্ন রাখা এবং জনসচেতনতা বৃদ্ধিতে কার্যকর উদ্যোগ নেওয়ার ওপর তিনি গুরুত্বারোপ করেন। পাশাপাশি জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং উন্নয়ন কার্যক্রম যথাযথভাবে বাস্তবায়নের জন্য সংশ্লিষ্টদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান। রাজশাহীর বিভাগীয় কমিশনার (ভারপ্রাপ্ত) মো. রেজাউল আলম সরকার তাঁর বক্তব্যে ডেঙ্গু নিয়ন্ত্রণে নিয়মিত পরিচ্ছন্নতা কার্যক্রম, মশার প্রজননস্থল শনাক্ত করে তা ধ্বংস এবং সরকারি দপ্তরগুলোর মধ্যে সমন্বয় বাড়ানোর প্রয়োজনীয়তা তুলে ধরেন। একই সঙ্গে জেলার উন্নয়ন কার্যক্রমের অগ্রগতি বজায় রাখা ও জনসেবার মান বাড়াতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের আন্তরিকতার সঙ্গে কাজ করার ওপর গুরুত্ব দেন।
মন্তব্য করুন