প্রকাশিত: ১ ঘন্টা আগে, ০৬:১৫ পিএম
অনলাইন সংস্করণ
৭৫ হাজার টাকার শাড়ি নিয়ে প্রতারণার অভিযোগে করা মামলার পর এবার সেই মামলা তুলে নিতে বাদীকে হত্যার হুমকি দেওয়ার অভিযোগে অভিনেত্রী তানজিন তিশার বিরুদ্ধে আরও একটি মামলা করা হয়েছে। সোমবার (২৬ অক্টোবর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মু. মাহবুব-উল-আলমের আদালতে ফ্যাশন ডিজাইনার সানায়া আনাম ওয়াফিকাহ মামলাটি করেন।
বাদীপক্ষের আইনজীবী শুভ্র সিনহা রনি এ তথ্য নিশ্চিত করে বলেন, ‘তানজিন তিশাকে আদালতে আগামী ২৩ নভেম্বর হাজির হয়ে কারণ দর্শানোর নির্দেশ দিয়েছেন আদালত।’
মামলার অভিযোগে বলা হয়, গত বছরের ২৭ নভেম্বর তানজিন তিশার বিরুদ্ধে প্রতারণার অভিযোগ এনে আদালতে মামলা করেন সানায়া আনাম ওয়াফিকাহ। ওই মামলা করার পর থেকে তানজিন তিশা বিভিন্ন সময়ে মামলা প্রত্যাহারের জন্য তাঁকে হুমকি দেন বলে অভিযোগ করা হয়েছে। পাশাপাশি সানায়া আনামের যেকোনো ধরনের ক্ষতি করারও হুমকি দেওয়া হয় বলে মামলায় উল্লেখ করা হয়েছে।
অভিযোগে আরও বলা হয়, গত বছরের ৭ নভেম্বর তানজিন তিশা ফোন করে সানায়া আনামকে হুমকি দেন।
সানায়া আনামের করা প্রতারণার মামলাটি তদন্তের জন্য পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) নির্দেশ দিয়েছিলেন আদালত। তবে তদন্ত কর্মকর্তা পক্ষপাতদুষ্ট হয়ে প্রতিবেদন জমা দিয়েছেন বলে অভিযোগ করেন বাদী। ওই প্রতিবেদনের বিরুদ্ধে নারাজি দেওয়ার পর রোববার মামলাটি অধিকতর তদন্তের জন্য অপরাধ তদন্ত বিভাগকে (সিআইডি) নির্দেশ দেন আদালত।
মামলার অভিযোগ অনুযায়ী, আদালত থেকে তদন্ত প্রতিবেদন পাওয়ার পর বিভিন্ন গণমাধ্যমে তা প্রকাশিত হয়। এতে তানজিন তিশা ক্ষুব্ধ হন বলে দাবি করেছেন বাদী। এরপর পল্লবীতে সানায়া আনামের বাসায় লোক পাঠিয়ে হুমকি দেওয়ার অভিযোগও আনা হয়েছে অভিনেত্রীর বিরুদ্ধে।
এ ঘটনায় নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে অভিযোগ করেছেন সানায়া আনাম। তিনি থানায় মামলা করতে গেলে পুলিশ মামলা না নিয়ে তাঁকে আদালতে যাওয়ার পরামর্শ দেয় বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে।
মন্তব্য করুন