বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১৯ ঘন্টা আগে, ১১:০৫ এ এম

অনলাইন সংস্করণ

ক্যারিয়ারের শুরুর দিকে পরিচালকের বিরুদ্ধে হয়রানির অভিযোগ স্বরার

বলিউডে অভিনয়জীবনের শুরুর দিকে এক পরিচালকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ তুলেছেন অভিনেত্রী স্বরা ভাস্কর। ২০১১ সালে মধ্যপ্রদেশের পাঁচমাড়িতে একটি সিনেমার শুটিংয়ের সময় এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন তিনি। সম্প্রতি ভারতীয় গণমাধ্যম *দ্য ফ্রি প্রেস জার্নাল*কে দেওয়া এক সাক্ষাৎকারে সেই অভিজ্ঞতার কথা তুলে ধরেন অভিনেত্রী।

স্বরা জানান, তখন তিনি সদ্য ‘তনু ওয়েডস মনু’ সিনেমায় অভিনয় করেছেন। চলচ্চিত্রজগতে নিজের অবস্থান তৈরি করার চেষ্টা করছেন। কিন্তু সিনেমাটির শুটিং শুরুর কয়েক দিনের মধ্যেই পরিচালকের কথিত অস্বস্তিকর আচরণের মুখোমুখি হন তিনি।

ঘটনার সময় নিজের সঙ্গে যা ঘটছিল, সেটিকে যৌন হয়রানি হিসেবে বুঝতে পারেননি স্বরা। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘ঘটনার সময় আমি এটাকে কর্মক্ষেত্রে যৌন হয়রানি হিসেবে চিনতেই পারিনি। কারণ, ওই ব্যক্তি আমার সঙ্গে কোনো শারীরিক সংস্পর্শে আসেননি।’

তবে অভিযুক্ত পরিচালকের নাম প্রকাশ করেননি অভিনেত্রী। কী ধরনের আচরণের মাধ্যমে হয়রানির শিকার হয়েছিলেন, সে বিষয়েও বিস্তারিত জানাননি তিনি।

সেই সময় চলচ্চিত্রজগতে স্বরার পরিচিতজন খুব বেশি ছিলেন না। ব্যক্তিগত কোনো দলও ছিল না তাঁর। ফলে সমস্যায় পড়লে কার কাছে সাহায্য চাইবেন, তা বুঝে উঠতে পারেননি।

নিজের অসহায়ত্বের কথা তুলে ধরে স্বরা বলেন, ‘আমি অন্যভাবে অসহায় ছিলাম। আমার কোনো ব্যক্তিগত টিম ছিল না। এমন কেউ ছিল না, যার কাছে গিয়ে সাহায্য চাইতে পারতাম।’

সিনেমাটির শুটিংয়ের পরিকল্পনা ছিল ৫৬ দিনের। শুটিং শুরুর কয়েক দিনের মধ্যেই পরিচালকের কথিত হয়রানিমূলক আচরণ শুরু হলেও কাজ ছেড়ে চলে যাওয়ার কথা ভাবতে পারেননি তিনি। কারণ, অভিনয়জীবনে নিজের অবস্থান তৈরি করার জন্য প্রকল্পটি তাঁর কাছে গুরুত্বপূর্ণ ছিল।

স্বরার কথায়, ‘আমি প্রকল্পটি ছেড়ে যেতে চাইনি। কাজ হারাতে চাইনি। আমারও তো নিজের কিছু উচ্চাকাঙ্ক্ষা আছে, তাই না? নিজের ক্যারিয়ার নিয়ে স্বপ্ন দেখা অন্যায় কেন?’

অভিনেত্রীর মতে, কর্মক্ষেত্রে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির মুখোমুখি হলে অনেক নারীই দ্বিধায় পড়েন। একদিকে নিজের নিরাপত্তা ও সম্মান, অন্যদিকে কাজ ধরে রাখার চাপ—বিশেষ করে ক্যারিয়ারের শুরুর দিকে এই পরিস্থিতি সামলানো কঠিন হয়ে ওঠে।

ঘটনার সময় বিষয়টিকে যৌন হয়রানি হিসেবে চিহ্নিত করতে না পারলেও কয়েক বছর পর নিজের অভিজ্ঞতাকে নতুনভাবে উপলব্ধি করেন স্বরা। বিশেষ করে বিশ্বজুড়ে #মিটু আন্দোলন শুরু হওয়ার পর অন্য নারীদের অভিজ্ঞতা পড়তে গিয়ে নিজের সঙ্গে ঘটে যাওয়া ঘটনার মিল খুঁজে পান তিনি।

এ প্রসঙ্গে স্বরা বলেন, ‘তখন আমার মনে হয়েছিল, হে ঈশ্বর! এটাই তো হয়রানি। যৌন হয়রানির পাঠ্যবইয়ের উদাহরণ যেন।’

পরে সিনেমাটির নির্বাহী প্রযোজকের কাছে বিষয়টি খুলে বলেন অভিনেত্রী। স্বরার দাবি, প্রযোজক তাঁর পাশে দাঁড়িয়েছিলেন এবং শুটিংয়ের বাকি সময়টা সহজ করে তুলতে সহযোগিতা করেছিলেন। তাঁদের মধ্যে বন্ধুত্বও গড়ে ওঠে। পরে ওই নির্বাহী প্রযোজকই স্বরার ব্যবস্থাপক হন।

স্বরার ভাষায়, ‘তিনি আমার বন্ধু হয়ে গিয়েছিলেন। তিনি আমাকে সুরক্ষা দিয়েছিলেন। তখনো, এখনো তিনি আমার ব্যবস্থাপক।’

নিজের অভিজ্ঞতা থেকে কর্মজীবনে প্রবেশ করা তরুণীদের জন্য পরামর্শ দিয়েছেন স্বরা। তাঁর মতে, কর্মক্ষেত্রে কোনো আচরণ অস্বস্তিকর মনে হলে সেটিকে ছোট করে দেখার সুযোগ নেই। প্রয়োজনে কাছের মানুষের সঙ্গে কথা বলা, সহায়তা চাওয়া এবং অনাকাঙ্ক্ষিত আচরণের প্রতিবাদ করা জরুরি।

অভিনেত্রী বলেন, ‘মানুষের সঙ্গে কথা বলুন, সাহায্য চান, সহযোগিতা নিন। অনুচিত আচরণ দেখলে সঙ্গে সঙ্গে প্রতিবাদ করুন। কারণ, এখন আমরা সেটা করতে পারি।’

ব্যক্তিজীবনে ২০২৩ সালের ৬ জানুয়ারি রাজনীতিক ফাহাদ আহমেদকে স্পেশাল ম্যারেজ অ্যাক্টে বিয়ে করেন স্বরা। একই বছরের ১৬ ফেব্রুয়ারি বিয়ের খবর প্রকাশ্যে আনেন তাঁরা। ওই বছরের সেপ্টেম্বরে তাঁদের কন্যাসন্তান রাবিয়ার জন্ম হয়। সম্প্রতি রিয়েলিটি শো ‘রাইজ অ্যান্ড ফল ২’-তেও অংশ নিয়েছেন এই অভিনেত্রী।

তথ্যসূত্র: দ্য ফ্রি প্রেস জার্নাল।

 

মন্তব্য করুন