আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ৫ ঘন্টা আগে, ১০:৩৮ এ এম

অনলাইন সংস্করণ

ইসলামাবাদ বৈঠকে যুক্তরাষ্ট্র-ইরান আলোচনা সমাপ্ত

পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ইসহাক দার। ছবি: সংগৃহীত

পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ইসহাক দার জানিয়েছেন, আজ রোববার সকালে ইসলামাবাদে যুক্তরাষ্ট্র ও ইরানের প্রতিনিধিদের মধ্যকার বৈঠক শেষ হয়েছে। মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠায় দুই দেশ আগামীতে ইতিবাচক মনোভাব বজায় রাখবে বলে তিনি আশা প্রকাশ করেছেন।

ইসলামাবাদে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে ইসহাক দার বলেন, গত চব্বিশ ঘণ্টায় দুই পক্ষের মধ্যে চলা কয়েক দফার নিবিড় ও গঠনমূলক আলোচনায় তিনি নিজে এবং প্রতিরক্ষা বাহিনীর প্রধান ও সেনাপ্রধান ফিল্ড মার্শাল সৈয়দ আসিম মুনির মধ্যস্থতা করেছেন। যুদ্ধবিরতি ও শান্তি প্রতিষ্ঠায় পাকিস্তানের মধ্যস্থতাকারী ভূমিকার প্রশংসা করায় তিনি উভয় পক্ষকে ধন্যবাদ জানান।

পররাষ্ট্রমন্ত্রী হিসেবেও দায়িত্ব পালনকারী ইসহাক দার আরও আশা করেন, পুরো অঞ্চলে স্থায়ী শান্তি ও সমৃদ্ধি ফিরিয়ে আনতে উভয় পক্ষ এই ইতিবাচক ধারা অব্যাহত রাখবে। ‘ইসলামাবাদ আলোচনা’ নামে পরিচিত এই বৈঠক শনিবার বিকেল থেকে শুরু হয়ে রোববার পর্যন্ত চলেছে।

আলোচনা শেষে সংবাদ সম্মেলনে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি ভ্যান্স বলেন, এখন পর্যন্ত একুশ ঘণ্টা আলোচনা হয়েছে এবং বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে কথা হয়েছে। তবে এখনো কোনো চুক্তিতে পৌঁছানো যায়নি। তিনি জানান, তারা স্পষ্টভাবে সীমারেখা নির্ধারণ করেছেন—কোন বিষয়ে সমঝোতা সম্ভব এবং কোনটিতে নয়। কিন্তু ইরানের প্রতিনিধিরা যুক্তরাষ্ট্রের শর্তগুলো মেনে নেননি।

এদিকে ইরান যুক্তরাষ্ট্রের অতিরিক্ত ও উচ্চাকাঙ্ক্ষী শর্ত মেনে নেয়নি বলে জানা গেছে। পাকিস্তানের এই মধ্যস্থতা মধ্যপ্রাচ্যে উত্তেজনা কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে বিশ্লেষকরা মনে করছেন।

মন্তব্য করুন