তরুণ কণ্ঠ প্রতিবেদন

প্রকাশিত: ৫৬ মিনিট আগে, ০৮:১৬ পিএম

অনলাইন সংস্করণ

লাকসামে পূর্ণাঙ্গ স্টেডিয়াম নির্মাণের ঘোষণা প্রতিমন্ত্রী আমিনুল হকের

কুমিল্লার লাকসাম উপজেলা স্টেডিয়ামকে পূর্ণাঙ্গ স্টেডিয়ামে রূপান্তর, একটি ইনডোর স্টেডিয়াম নির্মাণ, মনোহরগঞ্জে নতুন স্টেডিয়াম প্রতিষ্ঠা এবং জেলায় বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি) গড়ে তোলার পরিকল্পনার কথা জানিয়েছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মোঃ আমিনুল হক।

বুধবার (২৫ নভেম্বর) বিকেল ৩টায় লাকসাম উপজেলা স্টেডিয়ামে ‘নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২)’-এর উদ্বোধন ও প্রীতি ফুটবল ম্যাচ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব পরিকল্পনার কথা জানান।

প্রতিমন্ত্রী মোঃ আমিনুল হক বলেন, লাকসাম উপজেলা স্টেডিয়ামকে একটি পূর্ণাঙ্গ স্টেডিয়ামে রূপান্তর করা হবে। এ লক্ষ্যে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে। পাশাপাশি লাকসামে একটি ইনডোর স্টেডিয়াম নির্মাণের পরিকল্পনাও রয়েছে। এসব উদ্যোগ বাস্তবায়িত হলে স্থানীয় পর্যায়ে বিভিন্ন ধরনের খেলাধুলার সুযোগ বাড়বে এবং প্রতিভাবান খেলোয়াড়রা নিজেদের দক্ষতা বিকাশের সুযোগ পাবেন।

তিনি আরও বলেন, মনোহরগঞ্জ উপজেলায় জমি অধিগ্রহণের মাধ্যমে একটি নতুন স্টেডিয়াম নির্মাণ করা হবে। সেখানে সারা বছর খেলাধুলার আয়োজন করা সম্ভব হবে। এ ছাড়া কুমিল্লা জেলায় বিকেএসপি প্রতিষ্ঠার পরিকল্পনা রয়েছে। এর মাধ্যমে তৃণমূল পর্যায় থেকে প্রতিভাবান খেলোয়াড় বাছাই, প্রশিক্ষণ ও দক্ষ ক্রীড়াবিদ গড়ে তোলার সুযোগ সৃষ্টি হবে।

অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা-৯ (লাকসাম-মনোহরগঞ্জ) আসনের সংসদ সদস্য ও শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি মোঃ আবুল কালাম। তিনি স্থানীয় পর্যায়ে খেলাধুলার প্রসার এবং তরুণ প্রজন্মকে ক্রীড়ামুখী করে গড়ে তোলার গুরুত্ব তুলে ধরেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কুমিল্লার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মিজ রোজী আক্তার। উপজেলা প্রশাসন ও উপজেলা ক্রীড়া সংস্থা, লাকসাম, কুমিল্লার আয়োজনে অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, প্রশাসনের কর্মকর্তা, রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গ, ক্রীড়া সংগঠকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

পরে লাকসাম উপজেলা ফুটবল দল ও মনোহরগঞ্জ উপজেলা ফুটবল দলের মধ্যে একটি প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচে লাকসাম উপজেলা ফুটবল দল ১-০ গোলে মনোহরগঞ্জ উপজেলা ফুটবল দলকে পরাজিত করে।

খেলা শেষে অতিথিরা বিজয়ী ও বিজিত দলের খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেন। ‘ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা’ স্লোগানকে সামনে রেখে আয়োজিত অনুষ্ঠানে কয়েক হাজার দর্শকের সমাগম ঘটে। উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে দর্শকেরা প্রীতি ফুটবল ম্যাচ উপভোগ করেন।

স্থানীয় ক্রীড়াপ্রেমীদের প্রত্যাশা, প্রতিমন্ত্রীর ঘোষিত পরিকল্পনাগুলো বাস্তবায়িত হলে লাকসাম, মনোহরগঞ্জসহ পুরো কুমিল্লা জেলার ক্রীড়া অবকাঠামোর উন্নয়ন ঘটবে। পাশাপাশি নতুন প্রজন্মের খেলোয়াড়দের প্রশিক্ষণ এবং জাতীয় পর্যায়ে নিজেদের যোগ্যতা প্রমাণের সুযোগ আরও বাড়বে।

 

মন্তব্য করুন