প্রকাশিত: ১ ঘন্টা আগে, ০৮:১৮ পিএম
অনলাইন সংস্করণ
হলিউড অভিনেত্রী জেনিফার লরেন্স সহশিল্পীদের সঙ্গে পর্দার চুমুর অভিজ্ঞতা, নিজের স্তন প্রতিস্থাপন এবং ‘দ্য হাঙ্গার গেমস’ ছবির শুটিংয়ের স্মারক ধনুক-তির নিয়ে খোলামেলা কথা বলেছেন। সম্প্রতি অ্যান্ডি কোহেনের উপস্থাপনায় একটি টেলিভিশন অনুষ্ঠানে অংশ নিয়ে অভিনয়জীবনের নানা অভিজ্ঞতা তুলে ধরেন অস্কারজয়ী এই অভিনেত্রী।
গত বৃহস্পতিবার (১৯ নভেম্বর) প্রচারিত ওই অনুষ্ঠানে জেনিফার লরেন্সের সঙ্গে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ‘দ্য হাঙ্গার গেমস: সানরাইজ অন দ্য রিপিং’ ছবির অভিনেতা জশ হাচারসন।
অনুষ্ঠানে জেনিফারকে কয়েকজন সহশিল্পীর সঙ্গে পর্দার চুমুর অভিজ্ঞতা ভালো থেকে খারাপের ক্রমানুসারে সাজাতে বলা হয়। তালিকায় ছিলেন জশ হাচারসন, লিয়াম হেমসওর্থ, ব্র্যাডলি কুপার, টিমোথি শ্যালামে ও ক্রিস প্র্যাট।
জেনিফারের পছন্দের তালিকায় প্রথম স্থানে ছিলেন জশ হাচারসন। দ্বিতীয় স্থানে রাখেন লিয়াম হেমসওর্থকে। এরপর যথাক্রমে তৃতীয় ও চতুর্থ স্থানে ছিলেন ব্র্যাডলি কুপার ও টিমোথি শ্যালামে। আর তালিকার সর্বশেষে ছিলেন ক্রিস প্র্যাট।
অনুষ্ঠানে নিজের শারীরিক পরিবর্তন নিয়েও কথা বলেন জেনিফার। ‘রিয়েল হাউসওয়াইভস অব নিউইয়র্ক’ রিয়েলিটি শোর একটি ঘটনা নিয়ে আলোচনার সময় তিনি জানান, তার নিজেরও স্তন ইমপ্লান্ট রয়েছে। ইমপ্লান্টগুলো নতুন বলেও উল্লেখ করেন তিনি।
এ ছাড়া ‘দ্য হাঙ্গার গেমস’ ছবির শুটিং থেকে কোনো স্মারক নিজের কাছে রেখেছেন কি না, জানতে চান উপস্থাপক অ্যান্ডি কোহেন। জবাবে জেনিফার জানান, ছবিতে ক্যাটনিস এভারডিন চরিত্রে ব্যবহৃত ধনুক-তির তিনি শুটিং সেট থেকে নিয়ে এসেছিলেন। তবে সেগুলো এখন আর খুঁজে পাচ্ছেন না।
এ নিয়ে মজা করে অভিনেত্রী বলেন, হয়তো কেউ সেগুলো চুরি করেছে। তবে ঠিক কোথায় ধনুক-তিরগুলো হারিয়েছে, তা তিনি জানেন না।
২০১২ সালে ‘দ্য হাঙ্গার গেমস’ সিরিজের প্রথম ছবি মুক্তির পর ক্যাটনিস এভারডিন চরিত্রে অভিনয়ের মাধ্যমে আন্তর্জাতিক পরিচিতি পান জেনিফার লরেন্স। সিরিজটিতে তার অভিনয়ের পাশাপাশি ধনুক-তির হাতে লড়াইয়ের দৃশ্যগুলোও দর্শকদের কাছে বিশেষ আকর্ষণ হয়ে ওঠে।
মন্তব্য করুন