প্রকাশিত: ১ ঘন্টা আগে, ০৬:১৮ পিএম
অনলাইন সংস্করণ
জনপ্রিয় ওটিটি সিরিজ ‘মাইশেলফ অ্যালেন স্বপন’-এর তৃতীয় সিজনে যুক্ত হচ্ছেন অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা। আগের দুই সিজনে শায়লা চরিত্রে অভিনয় করা রাফিয়াত রশিদ মিথিলাকে এবার দেখা যাবে না। সিরিজটির নাম ভূমিকায় বরাবরের মতো থাকছেন অভিনেতা নাসির উদ্দিন খান।
২০২২ সালে নির্মাতা শিহাব শাহীন তৈরি করেন ওটিটি সিরিজ ‘সিন্ডিকেট’। সেই সিরিজেই প্রথম দেখা যায় ‘অ্যালেন স্বপন’ চরিত্রটি। পরবর্তী সময়ে চরিত্রটি দর্শকদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা পায় এবং দেশের ওটিটি অঙ্গনে অন্যতম আলোচিত চরিত্রে পরিণত হয়।
‘সিন্ডিকেট’-এর জনপ্রিয়তার ধারাবাহিকতায় নির্মাতা তৈরি করেন ‘মাইশেলফ অ্যালেন স্বপন’। সিরিজটির প্রথম সিজনও দর্শকদের প্রশংসা পায়। গত বছর মুক্তি পায় এর দ্বিতীয় সিজন। এবার সেই ধারাবাহিকতায় নির্মিত হচ্ছে তৃতীয় সিজন।
সংশ্লিষ্ট একটি সূত্র জানিয়েছে, এরই মধ্যে শুরু হয়েছে নতুন সিজনের শুটিং। আগের মতোই অ্যালেন স্বপন চরিত্রে অভিনয় করছেন নাসির উদ্দিন খান। তবে শায়লা চরিত্রে মিথিলার পরিবর্তে এবার দেখা যাবে সাদিয়া জাহান প্রভাকে।
এ বিষয়ে নির্মাতা শিহাব শাহীন বলেন, ‘চুক্তিগত বাধ্যবাধকতার কারণে চরকির কোনো নিউজ কনফার্ম করা আমার পক্ষে সম্ভব নয়। তাদের নিজস্ব পিআর সিস্টেম রয়েছে। সেখান থেকেই জানানো হবে।’
বিশ্বস্ত সূত্রের বরাতে জানা গেছে, মিথিলা বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। সেখানে কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ে গবেষণাবিজ্ঞানী হিসেবে যোগ দেওয়ার পাশাপাশি সিটি ইউনিভার্সিটি অব নিউইয়র্কে শিক্ষকতা শুরু করেছেন তিনি। এসব কাজে ব্যস্ত থাকায় দেশে ফিরে সিরিজটির শুটিংয়ে অংশ নেওয়া তাঁর পক্ষে সম্ভব হচ্ছে না বলে জানা গেছে।
এ কারণে শায়লা চরিত্রে নতুন মুখ হিসেবে প্রভাকে বেছে নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। চলতি মাসের শেষ দিকে তাঁর শুটিংয়ে অংশ নেওয়ার কথা রয়েছে। আগামী ডিসেম্বরের মাঝামাঝি সিরিজটির শুটিং শেষ করার পরিকল্পনা রয়েছে।
সিরিজটিতে নাসির উদ্দিন খান ও সাদিয়া জাহান প্রভা ছাড়াও অভিনয় করবেন সালাহউদ্দিন লাভলু, জয়রাজ ও ফারজানা ছবি। আগামী ঈদুল ফিতরে চরকিতে সিরিজটি মুক্তি পাওয়ার কথা রয়েছে।
মন্তব্য করুন