তরুণ কণ্ঠ প্রতিবেদন

প্রকাশিত: ৪ ঘন্টা আগে, ০৩:২৪ পিএম

অনলাইন সংস্করণ

ইসলামী ব্যাংকে ৬ হাজার কোটি টাকা বিনিয়োগের প্রস্তাব পায়নি কর্তৃপক্ষ

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসিতে ৬ হাজার কোটি টাকা বিনিয়োগ করে ৭৮ দশমিক ৮ শতাংশ মালিকানা নেওয়ার বিষয়ে সরকারের কোনো উদ্যোগ বা আগ্রহের তথ্য তাদের কাছে নেই বলে জানিয়েছে ব্যাংক কর্তৃপক্ষ। এ ধরনের বিনিয়োগের বিষয়ে সরকারের কাছ থেকে কোনো আনুষ্ঠানিক প্রস্তাবও পায়নি ব্যাংকটি।

রোববার (২২ নভেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মাধ্যমে ব্যাংক কর্তৃপক্ষের দেওয়া ব্যাখ্যার ভিত্তিতে এ তথ্য জানানো হয়।

ডিএসই জানায়, গত ১৭ নভেম্বর একটি অনলাইন সংবাদমাধ্যমে ‘ইসলামী ব্যাংকে ৬ হাজার কোটি টাকা বিনিয়োগের প্রস্তাব সরকারের, ৭৮ দশমিক ৮ শতাংশ মালিকানা নিতে পারে রাষ্ট্র’ শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়। ওই সংবাদের বিষয়ে ইসলামী ব্যাংক কর্তৃপক্ষের কাছে ব্যাখ্যা চাওয়া হয়েছিল।

জবাবে ব্যাংকটি জানিয়েছে, ব্যাংকের শেয়ার মূলধনে সরকারের বিনিয়োগের আগ্রহ বা উদ্যোগ সম্পর্কে তাদের কাছে কোনো তথ্য নেই। এ ধরনের কোনো আনুষ্ঠানিক আগ্রহ বা প্রস্তাবও তারা পায়নি।

ব্যাংক কর্তৃপক্ষ আরও জানিয়েছে, ভবিষ্যতে এ ধরনের কোনো আনুষ্ঠানিক আগ্রহ বা প্রস্তাব পাওয়া গেলে নিয়ন্ত্রক সংস্থার বিধিবিধান ও নির্ধারিত প্রক্রিয়া অনুসরণ করে বিষয়টি জানানো হবে।

এর আগে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত সংবাদে বলা হয়েছিল, মূলধন সংকট কাটাতে ইসলামী ব্যাংক সরকার বা রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানের কাছে ৬ হাজার কোটি টাকার ইকুইটি বিনিয়োগ চেয়েছে। ওই বিনিয়োগের ফলে ব্যাংকটির ৭৮ দশমিক ৮ শতাংশ মালিকানা সরকারের হাতে যেতে পারে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছিল।

তবে ব্যাংক কর্তৃপক্ষের সর্বশেষ ব্যাখ্যায় সরকারের পক্ষ থেকে এমন বিনিয়োগের কোনো আনুষ্ঠানিক প্রস্তাব পাওয়ার তথ্য অস্বীকার করা হয়েছে।

 

মন্তব্য করুন