প্রকাশিত: ১৩ ঘন্টা আগে, ০৪:৫৪ পিএম
অনলাইন সংস্করণ
মাতৃত্বের কারণে পেশাগত জীবন থেকে দীর্ঘ বিরতি নেওয়ার ধারণা একসময় চলচ্চিত্রজগতে প্রচলিত থাকলেও সময়ের সঙ্গে বদলেছে সেই চিত্র। বলিউড অভিনেত্রী আলিয়া ভাটের মা, অভিনেত্রী সোনি রাজদান জানিয়েছেন, তাঁর সময়ের অভিনয়জগতে অন্তঃসত্ত্বা অবস্থায় কাজ করা এবং সন্তান থাকার বিষয়টি প্রকাশ্যে আনা ছিল বেশ কঠিন।
সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের গর্ভাবস্থার সময়ের অভিজ্ঞতা তুলে ধরেন সোনি। তিনি জানান, প্রথমবার মা হওয়ার সময় জনপ্রিয় টেলিভিশন ধারাবাহিক ‘বুনিয়াদ’-এর শুটিংয়ে ব্যস্ত ছিলেন তিনি। রমেশ সিপ্পী ও জ্যোতি স্বরূপ পরিচালিত ধারাবাহিকটির শুটিংয়ে তাঁকে বিশেষ যত্ন নেওয়া হতো।
সেই সময়ের কথা স্মরণ করে সোনি বলেন, ‘ওরা আমার ভীষণ যত্ন নিতেন। তখন সবে বিয়ে হয়েছে, থাকি লোখন্ডওয়ালায়। সকালে শুটিংয়ে যাওয়ার মতো নিজস্ব কোনো গাড়ি ছিল না, গাড়ি পাওয়াও ছিল বেশ কঠিন। কিন্তু ওরা ভোর ছ’টায় আমার জন্য গাড়ি পাঠিয়ে দিতেন। সেটে আমাকে সবচেয়ে আরামদায়ক ঘরটি দেওয়া হতো।’
১৯৮৮ সালে মহেশ ভাট ও সোনি রাজদানের প্রথম সন্তান শাহীনের জন্ম হয়। এরপর ১৯৯৩ সালে স্বামীর পরিচালনায় ‘গুমরাহ’ ছবিতে কাজ করার সময় দ্বিতীয়বার অন্তঃসত্ত্বা হন সোনি। তখন তাঁর গর্ভে ছিলেন আলিয়া ভাট।
‘গুমরাহ’ ছবির শুটিংয়ের একটি অস্বাভাবিক অভিজ্ঞতার কথাও জানান সোনি। ছবিতে ধূমপানের একটি দৃশ্য ধারণ করতে গিয়ে এক দিনেই প্রায় ১০০টি সিগারেট খেতে হয়েছিল তাঁকে। অভিনেত্রী বলেন, ‘তখন তো জানতামই না যে আমার গর্ভে আলিয়া রয়েছে! আমি এমনিতে ধূমপান করি না। কিন্তু ওই একটানা শুটিংয়ের পর অদ্ভুতভাবে আমার সিগারেট খাওয়ার ইচ্ছে চেপে বসেছিল।’
ওই অবস্থায় ছবির একটি পরিচিত ফাঁসির দৃশ্যের শুটিংও করেছিলেন তিনি। পরে পাঁচ মাসের বিরতি নেন সোনি। বিরতি শেষে কাজে ফিরলে আগের পোশাক আর গায়ে ঠিকমতো হচ্ছিল না। এ প্রসঙ্গে হাসিমুখে তিনি বলেন, ‘তত দিনে পেট সামান্য একটু বড় হয়েছে। তাই বাধ্য হয়েই নতুন করে পোশাক তৈরি করাতে হয়েছিল।’
সোনির মতে, তাঁর সময়ের তুলনায় বর্তমান চলচ্চিত্রজগতের কর্মসংস্কৃতিতে বড় পরিবর্তন এসেছে। এখনকার প্রযোজক, পরিচালক ও অভিনেতাদের দৃষ্টিভঙ্গি বদলেছে উল্লেখ করে তিনি বলেন, ‘এখনকার প্রযোজক, পরিচালক ও অভিনেতাদের ভাবনাচিন্তা অনেকটাই বদলে গেছে। আলিয়াকে যে আজ মা হওয়ার বিষয়টি লুকিয়ে রাখতে হয় না, এটা ভেবেই আমার দারুণ লাগে।’
আগে অনেক অভিনেত্রী সন্তান থাকার বিষয়টি গোপন রাখতেন বলেও জানান সোনি। তাঁর কথায়, ‘আগে অনেকেই সন্তান থাকার কথা লুকিয়ে রাখতেন। প্রযোজকদের ভয় ছিল, বাচ্চা অসুস্থ হলে হয়তো শুটিং ফেলে বাড়ি চলে যাবেন অভিনেত্রী।’
সময় বদলানোর সঙ্গে সঙ্গে অভিনয়জগতে মাতৃত্ব ও পেশাগত জীবনের সমন্বয়ের সুযোগ বেড়েছে বলে মনে করেন সোনি। তাঁর মতে, এই পরিবর্তনের ফলে এখন অভিনেত্রীরা মাতৃত্বের পাশাপাশি কাজও চালিয়ে যেতে পারছেন।
মন্তব্য করুন