তরুণ কণ্ঠ প্রতিবেদন

প্রকাশিত: ১৩ ঘন্টা আগে, ০৪:৪৮ পিএম

অনলাইন সংস্করণ

পাঁচ ধাপে ৪ হাজার ৩০০ ইউনিয়ন পরিষদে নির্বাচন করবে ইসি

দেশের ৪ হাজার ৩০০টি ইউনিয়ন পরিষদে (ইউপি) পাঁচ ধাপে নির্বাচন আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। একই সঙ্গে স্থানীয় সরকার নির্বাচন নিয়ে দেশের সব নিবন্ধিত রাজনৈতিক দলের সঙ্গে সংলাপে বসবে কমিশন। আগামী ১০ ডিসেম্বরের মধ্যে এই সংলাপ প্রক্রিয়া শেষ করার পরিকল্পনা রয়েছে।

সোমবার (১৬ নভেম্বর) নির্বাচন কমিশনের সভা শেষে আয়োজিত এক ব্রিফিংয়ে এসব তথ্য জানান নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ।

তিনি জানান, ইউনিয়ন পরিষদ নির্বাচনের প্রথম ধাপে ১৩১টি উপজেলার ১ হাজার ৫০টি ইউনিয়নে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। দ্বিতীয় ধাপে ১২৯টি উপজেলার ১ হাজার ১০০টি ইউনিয়নে নির্বাচন আয়োজন করা হবে।

তৃতীয় ধাপে ১১৮টি উপজেলার ১ হাজার ইউনিয়ন পরিষদে ভোট হবে। চতুর্থ ধাপে ৯৩টি উপজেলার ৮০০টি এবং পঞ্চম ও শেষ ধাপে ৩৭টি উপজেলার ৩৫০টি ইউনিয়ন পরিষদে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

কোন উপজেলার কোন ইউনিয়ন পরিষদে কোন ধাপে নির্বাচন অনুষ্ঠিত হবে, তার বিস্তারিত তালিকা আগামী বৃহস্পতিবারের মধ্যে নির্বাচন কমিশনের নিজস্ব ওয়েবসাইটে প্রকাশ করা হবে বলে জানান এই নির্বাচন কমিশনার।

স্থানীয় সরকার নির্বাচন নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপের বিষয়ে আবুল ফজল মো. সানাউল্লাহ বলেন, দেশের সব নিবন্ধিত রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করবে নির্বাচন কমিশন। আগামী ১০ ডিসেম্বরের মধ্যে সংলাপের পুরো প্রক্রিয়া সম্পন্ন করা হবে।

তিনি আরও বলেন, একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন আয়োজনের জন্য যা যা করা প্রয়োজন, নির্বাচন কমিশন তার সবই করবে।

 

মন্তব্য করুন