প্রকাশিত: ১৩ ঘন্টা আগে, ০৪:৪৭ পিএম
অনলাইন সংস্করণ
হোয়াটসঅ্যাপে আওয়ামী লীগের নেতাদের কাছে সরকারবিরোধী বার্তা পাঠানো এবং দলটিকে পুনর্বাসনের পরিকল্পনায় যুক্ত থাকার অভিযোগে পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ জাহাঙ্গীর আলমকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ ও দাঙ্গা-সহিংসতায় উসকানি দেওয়ার অভিযোগে চট্টগ্রামের পাঁচলাইশ থানায় মামলা হয়েছে। এ মামলায় আদালত তার চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।
গত শনিবার (১৪ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে চট্টগ্রাম নগরীর নাসিরাবাদ হাউজিং সোসাইটির দুই নম্বর সড়কে পুলিশ অফিসার্স মেস থেকে তাকে গ্রেফতার করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এর আগে একই রাতে ওই মেস থেকে তাকে গ্রেফতারের খবর জানানো হয়।
পুলিশের অভিযোগ, ব্যক্তিগত মোবাইল নম্বর দিয়ে খোলা হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট ব্যবহার করে আওয়ামী লীগের নেতাদের কাছে বার্তা পাঠাতেন জাহাঙ্গীর। তার অ্যাকাউন্টের নাম ছিল ‘Daydreamer’। এসব বার্তায় আওয়ামী লীগকে পুনর্বাসন এবং ডিসেম্বর মাসে সরকার পরিবর্তনের লক্ষ্যে মাঠে নামার আহ্বান ছিল বলে অভিযোগ করা হয়েছে।
একটি বার্তায় লেখা ছিল, ‘আসসালামু আলাইকুম স্যার। জয় বাংলা জয় বঙ্গবন্ধু। স্যার শুভকামনা। রক্তের শেষবিন্দু পর্যন্ত জয় বাংলার স্লোগান দিয়ে যাব। স্যার ডিসেম্বরের জীবন-মরণ বাজি। জনগণ মৌমাছির মতো নামবে মাঠে। ১৯৯৬ সালে তত্ত্বাবধায়ক সরকারের জন্য আমার বাবার নির্দেশে বঙ্গবন্ধুর আদর্শে উদ্বুদ্ধ হয়ে আমি ছোট থাকাকালেও রাজপথে নেমেছিলাম স্যার। বাংলাদেশকে উদ্ধার করতে হবে স্যার।’
এর আগে রাত ৯টা ২৩ মিনিটে ইংরেজিতে আরেকটি বার্তা পাঠানো হয়েছিল। তাতে লেখা ছিল, ‘Dear sir Best wishes for you. Inshallah Bangladesh will be restored to previous state in December. Stay fine sir. Regards sir.’ বার্তাটির অর্থ, ইনশাআল্লাহ বাংলাদেশ ডিসেম্বরে আগের অবস্থায় ফিরে যাবে।
পুলিশের দাবি, জাহাঙ্গীরের সঙ্গে কারা যোগাযোগ করছিলেন, তা শনাক্ত করতে গোয়েন্দা নজরদারি চালানো হচ্ছিল। গত ১০ নভেম্বর তার ব্যক্তিগত ও দাপ্তরিক দুটি মোবাইল ফোন জব্দ করা হয়। ফরেনসিক পরীক্ষায় বার্তা আদান-প্রদানের প্রমাণ পাওয়া গেছে বলে তদন্তসংশ্লিষ্ট সূত্রের দাবি।
গ্রেফতারের আগে জাহাঙ্গীরের বিরুদ্ধে পাঁচলাইশ থানায় মামলা করেন চট্টগ্রামের রেঞ্জ রিজার্ভ ফোর্সের (আরআরএফ) সহকারী পুলিশ সুপার মোহাম্মদ আবুল কাশেম চৌধুরী। দণ্ডবিধির ১২৪(ক) ও ১৫৩ ধারায় রাষ্ট্রদ্রোহ এবং দাঙ্গা-সহিংসতায় উসকানির অভিযোগে মামলাটি করা হয়।
মামলার এজাহারে বলা হয়েছে, পুলিশ কর্মকর্তা হয়েও জাহাঙ্গীর টেলিগ্রাম গ্রুপ ও হোয়াটসঅ্যাপের মাধ্যমে বিদেশে অবস্থানরত পলাতক আওয়ামী লীগ নেতা বা তাঁদের মদদদাতাদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছিলেন। তাঁদের মদদে বর্তমান সরকার বা রাষ্ট্রব্যবস্থাকে উৎখাত করে আগের অবস্থায় ফিরিয়ে নেওয়ার জন্য অন্তর্ঘাতমূলক ষড়যন্ত্রের পরিকল্পনা তৈরি ও বাস্তবায়নে সহায়তা করছিলেন বলে এজাহারে অভিযোগ করা হয়েছে।
পুলিশের চট্টগ্রাম রেঞ্জের উপমহাপরিদর্শক (ডিআইজি) আবদুল কুদ্দুছ চৌধুরী আগামীর সময়কে বলেন, ‘তার (জাহাঙ্গীর) মোবাইলে দুটি স্পেসিফিক মেসেজ আমরা পেয়েছি। সেগুলোয় রাষ্ট্রদ্রোহিতার উপাদান আছে। মামলা হয়েছে। তদন্তে বিষয়গুলো আরও পরিষ্কার হবে।’
জাহাঙ্গীরের সঙ্গে এ ধরনের ষড়যন্ত্রে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অন্য কেউ জড়িত আছেন কি না, তা-ও তদন্ত করে দেখা হবে বলে জানিয়েছেন ডিআইজি। তবে বার্তাগুলো কাকে পাঠানো হয়েছিল, সে বিষয়ে এখনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।
এ প্রসঙ্গে আবদুল কুদ্দুছ চৌধুরী বলেন, ‘কার কাছে মেসেজ পাঠানো হয়েছে সেটা ক্লিয়ার না। তাকে (জাহাঙ্গীর) জিজ্ঞাসাবাদে তথ্যগুলো নিশ্চয় উঠে আসবে।’
পুলিশ কর্মকর্তাদের কাছ থেকে পাওয়া আভাস অনুযায়ী, আওয়ামী লীগ সরকারের আমলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা এক নেতা এবং নিষিদ্ধ দলটির প্রেসিডিয়ামের গুরুত্বপূর্ণ একজন নেতার কাছে বার্তাগুলো পাঠানো হয়ে থাকতে পারে। তবে পুলিশ আনুষ্ঠানিকভাবে প্রাপকদের পরিচয় নিশ্চিত করেনি।
রাষ্ট্রদ্রোহের মামলাটি তদন্ত করছেন চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) স্পেশাল রেসপন্স ইউনিটের (এসআরইউ) পরিদর্শক রাসেল মাহমুদ। চট্টগ্রামের চতুর্থ মহানগর হাকিম মোহাম্মদ মোস্তফা জাহাঙ্গীরকে জিজ্ঞাসাবাদের জন্য চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।
মোহাম্মদ জাহাঙ্গীর আলম ২০১০ সালে পুলিশ বাহিনীতে যোগ দেন। ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের সময় তিনি ফেনী জেলার অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে কর্মরত ছিলেন। সর্বশেষ তিনি পুলিশ সুপার পদমর্যাদায় আরআরএফ, চট্টগ্রামের ডেপুটি কমান্ড্যান্ট হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
তার বাড়ি নরসিংদী জেলার শিবপুর উপজেলার চাঁদাপাশা গ্রামে। জাহাঙ্গীরের বিরুদ্ধে ওঠা অভিযোগের তদন্ত প্রতিবেদন পুলিশ সদর দপ্তরে পাঠানো হয়েছে। সেখান থেকে তার বিরুদ্ধে বিভাগীয় শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন পুলিশ কর্মকর্তারা।
মন্তব্য করুন