নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৯ ঘন্টা আগে, ১১:০১ এ এম

অনলাইন সংস্করণ

হত্যাকাণ্ডের প্রতিবাদ থেকে গণপিটুনি, প্রাণ গেল আরও একজনের

ময়মনসিংহ নগরে স্বেচ্ছাসেবক দলের নেতা সুরুজ জামানকে হত্যার ঘটনায় গণপিটুনিতে মেহেদী হাসান (৩১) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। সোমবার (১৬ নভেম্বর) ভোরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

নিহত মেহেদী হাসান বাড়েরা মসজিদ মার্কেট এলাকার বাসিন্দা। তাঁর বড় ভাই জাহাঙ্গীর আলম নিষিদ্ধ যুবলীগের ময়মনসিংহ নগরের ২৬ নম্বর ওয়ার্ড কমিটির সভাপতি। সুরুজ জামান হত্যাকাণ্ডে জাহাঙ্গীর ও তাঁর পরিবারের সদস্যদের জড়িত থাকার অভিযোগ করেছেন স্থানীয় বাসিন্দারা।

পুলিশ সূত্রে জানা গেছে, রোববার (১৫ নভেম্বর) সন্ধ্যায় নগরের ২৬ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক ও মধ্য বাড়েরা এলাকার বাসিন্দা সুরুজ জামানকে ছুরিকাঘাতে হত্যা করা হয়। এ সময় তাঁর সাত বছর বয়সী মেয়েও সঙ্গে ছিল। মেয়ের সামনেই এ হত্যাকাণ্ড ঘটে।

সুরুজ জামানের চাচাতো ভাই সাদেক হোসেন অভিযোগ করেন, জাহাঙ্গীর আলম, তাঁর ছোট ভাই মেহেদী হাসানসহ অন্য ভাইয়েরা মিলে সুরুজ জামানকে ছুরিকাঘাতে হত্যা করেছেন।

এ হত্যাকাণ্ডের প্রতিবাদে ক্ষুব্ধ এলাকাবাসী রোববার রাতেই ঢাকা–ময়মনসিংহ মহাসড়কের বাইপাস এলাকায় অবরোধ করেন। পুলিশ জানায়, এ সময় হত্যাকাণ্ডে অভিযুক্ত মেহেদীর বাড়িঘর ভাঙচুর করা হয়। পরে গভীর রাতে স্থানীয় লোকজন মেহেদীকে ধরে গণপিটুনি দেন। এতে তিনি গুরুতর আহত হন।

একপর্যায়ে পুলিশ মেহেদীকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। পরে তাঁর মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) আশরাফুল করিম বলেন, "স্বেচ্ছাসেবক দলের নেতার হত্যাকাণ্ডের পর গণপিটুনির ঘটনায় এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের টহল জোরদার করা হয়েছে।"

এদিকে অভিযুক্ত যুবলীগ নেতা জাহাঙ্গীর আলমের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তাঁর বক্তব্য পাওয়া যায়নি। ফলে তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগের বিষয়ে তাঁর কোনো প্রতিক্রিয়া জানা সম্ভব হয়নি।

স্বেচ্ছাসেবক দলের নেতার হত্যাকাণ্ড এবং পরবর্তী গণপিটুনির ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশি টহল জোরদার করা হয়েছে।

 

মন্তব্য করুন