প্রকাশিত: ১৯ ঘন্টা আগে, ১০:৫২ এ এম
অনলাইন সংস্করণ
তৈরি পোশাকশিল্পের শ্রমিক-কর্মচারীদের ন্যূনতম মজুরি নির্ধারণে মজুরি বোর্ডের তৃতীয় সভা স্থগিত করা হয়েছে। অনিবার্য কারণ দেখিয়ে সোমবার (১৬ নভেম্বর) সকালে সভা স্থগিতের সিদ্ধান্ত জানায় ন্যূনতম মজুরি বোর্ড।
বোর্ড সচিব রাইসা আফরোজ সোমবার সকালে এক নোটিশে এ তথ্য জানান। নোটিশে বলা হয়, সোমবার বেলা ১১টায় শ্রম অধিদপ্তরে অনুষ্ঠেয় মজুরি বোর্ডের তৃতীয় সভা ‘অনিবার্যকারণবশত আদিষ্ট’ হয়ে স্থগিত করা হলো। সভার নতুন তারিখ শিগগিরই জানিয়ে দেওয়া হবে।
এদিনের সভায় তৈরি পোশাকশিল্পের মালিকপক্ষের ন্যূনতম মজুরি কাঠামোর প্রস্তাব দেওয়ার কথা ছিল। তবে সভা স্থগিত হওয়ায় মালিকপক্ষের প্রস্তাব উপস্থাপনের বিষয়টি পিছিয়ে গেল।
এর আগে গত ৯ নভেম্বর মজুরি বোর্ডের দ্বিতীয় সভায় শ্রমিকপক্ষ সর্বনিম্ন ৩২ হাজার টাকা মজুরির প্রস্তাব দেয়। সেদিন মালিকপক্ষ প্রস্তাব দিতে না পারায় তাদের চার কার্যদিবস সময় দেওয়া হয়েছিল। সেই অনুযায়ী সোমবারের সভায় প্রস্তাব দেওয়ার কথা জানিয়েছিল তৈরি পোশাকশিল্প মালিকদের সংগঠন বিজিএমইএ।
বেতন বৃদ্ধির দাবিতে তৈরি পোশাক খাতে শ্রমিক অসন্তোষের মধ্যে গত ১ নভেম্বর ন্যূনতম মজুরি বোর্ড পুনর্গঠনের পাশাপাশি পোশাকশিল্পের জন্য নতুন বোর্ড গঠন করে সরকার। এরপরও ঢাকার মিরপুর, সাভার, গাজীপুর ও নারায়ণগঞ্জে শ্রমিকদের বিক্ষোভ ও সংঘর্ষের ঘটনা ঘটে।
পরে গত ৪ নভেম্বর মজুরি বোর্ডের প্রথম সভায় ডিসেম্বর থেকে নতুন বেতন কাঠামো কার্যকরের ঘোষণা দেওয়া হলে শ্রমিকেরা কাজে ফিরতে শুরু করেন।
এদিকে চলতি বছর শ্রম আইন সংশোধন করে শ্রমিকদের নিম্নতম মজুরি পুনর্নির্ধারণের সময়সীমা পাঁচ বছর থেকে কমিয়ে তিন বছর করা হয়েছে। ফলে নির্ধারিত সময়ের ব্যবধানে শ্রমিকদের মজুরি পুনর্বিবেচনার সুযোগ তৈরি হয়েছে।
তৈরি পোশাকশ্রমিকদের সর্বশেষ ন্যূনতম মজুরি ঘোষণা করা হয়েছিল ২০২৩ সালের নভেম্বরে। নতুন মজুরি কার্যকর হয় ওই বছরের ডিসেম্বর থেকে। সে অনুযায়ী পোশাকশিল্পের বর্তমান নিম্নতম মজুরির মেয়াদ চলতি নভেম্বর মাসে শেষ হওয়ার কথা।
২০২৩ সালে তৈরি পোশাকশিল্পের ন্যূনতম মজুরি ৮ হাজার টাকা থেকে বাড়িয়ে ১২ হাজার ৫০০ টাকা নির্ধারণ করা হয়। এতে মজুরি বেড়েছিল ৫৬ দশমিক ২৫ শতাংশ।
মন্তব্য করুন