প্রকাশিত: ১৯ ঘন্টা আগে, ১০:৫০ এ এম
অনলাইন সংস্করণ
বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম আরও কমেছে। মধ্যপ্রাচ্য থেকে হরমুজ প্রণালি দিয়ে তেল পরিবহণে স্বস্তি ফেরার প্রত্যাশা এবং সরবরাহ বাড়ার সম্ভাবনায় আন্তর্জাতিক বাজারে তেলের দামে নিম্নমুখী চাপ তৈরি হয়েছে।
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার (১৬ নভেম্বর) বাংলাদেশ সময় সকাল ৭টা ৪৫ মিনিটে আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ৪৭ সেন্ট বা শূন্য দশমিক ৪৯ শতাংশ কমেছে। এতে প্রতি ব্যারেলের দাম দাঁড়িয়েছে ৯৫ দশমিক ৩৭ ডলারে। একই সময়ে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) অপরিশোধিত তেলের দাম ২৩ সেন্ট বা শূন্য দশমিক ২৬ শতাংশ কমে ব্যারেলপ্রতি ৮৮ দশমিক ৩৩ ডলারে নেমেছে।
এর আগেও শুক্রবার বিশ্ববাজারে তেলের দাম কমে লেনদেন শেষ হয়। ইরানকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যুদ্ধের কারণে তৈরি ভূরাজনৈতিক ঝুঁকি কমার সম্ভাবনা পর্যালোচনা করছিলেন বিনিয়োগকারীরা। এর আগের সপ্তাহে ব্রেন্ট ও ডব্লিউটিআইয়ের দাম যথাক্রমে ১৬ ও ১৩ শতাংশ কমেছিল।
আন্তর্জাতিক জ্বালানি সংস্থা (আইইএ) শুক্রবার জানিয়েছে, চলতি বছরের চতুর্থ প্রান্তিকে বিশ্ববাজারে তেলের সরবরাহ চাহিদার তুলনায় বেশি হতে পারে। মধ্যপ্রাচ্য থেকে তেল রপ্তানি দ্রুত পুনরুদ্ধার হওয়ায় এমন পরিস্থিতির সৃষ্টি হচ্ছে। তবে জাহাজ চলাচলে এখনো হামলার ঝুঁকি রয়েছে।
আইইএর পূর্বাভাস অনুযায়ী, বছরের শেষ প্রান্তিকে বিশ্ববাজারে দৈনিক গড়ে ১০ কোটি ৫০ লাখ ব্যারেল তেল সরবরাহ হতে পারে। যা সম্ভাব্য চাহিদার তুলনায় দৈনিক ১৭ লাখ ব্যারেল বেশি। এর আগে একই সময়ে তেলের সরবরাহে ঘাটতি দেখা দিতে পারে বলে আশঙ্কা করেছিল সংস্থাটি।
এ বিষয়ে কেসিএম ট্রেডের প্রধান বিশ্লেষক টিম ওয়াটারার বলেন, "যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত শুরুর পর প্রথমবারের মতো ব্যবসায়ীরা বাজারে সরবরাহ ঘাটতির পরিবর্তে অতিরিক্ত তেলের সম্ভাবনা বিবেচনা করছেন। এতে বাজারের মনোভাব বদলে যাচ্ছে।"
এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জোন্স অ্যাক্টের ওপর দেওয়া ছাড় আরও ৯০ দিনের জন্য বাড়িয়েছেন। এই আইনে যুক্তরাষ্ট্রের এক বন্দর থেকে অন্য বন্দরে পণ্য পরিবহণের ক্ষেত্রে মার্কিন পতাকাবাহী জাহাজ ব্যবহারের বাধ্যবাধকতা রয়েছে। ছাড়ের মেয়াদ বাড়ানোর ফলে বিদেশি পতাকাবাহী জাহাজও দেশটির বন্দরগুলোর মধ্যে তেল, পেট্রল ও ডিজেল পরিবহণ করতে পারবে।
তবে হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলের ঝুঁকি এবং তেল পরিবহণে ব্যবহৃত ট্যাংকারের স্বল্পতার কারণে পরিবহণ ব্যয় এখনো বেশি রয়েছে। ফলে সরবরাহ পরিস্থিতির উন্নতির সম্ভাবনা তৈরি হলেও জ্বালানি পরিবহণ পুরোপুরি স্বাভাবিক হয়নি।
এদিকে রোববার রাতে হরমুজ প্রণালির পূর্বদিকে একটি নৌমাইনে আঘাত লাগার পর তেলবাহী একটি ট্যাংকারে আগুন ধরে যায় বলে জানিয়েছে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম। এতে ওই অঞ্চলে জাহাজ চলাচলের নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।
তথ্যসূত্র: রয়টার্স, আন্তর্জাতিক জ্বালানি সংস্থা (আইইএ) ও ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম।
মন্তব্য করুন