প্রকাশিত: ১৩ ঘন্টা আগে, ০৫:০৪ পিএম
অনলাইন সংস্করণ
ঢাকাই সিনেমার অভিনেত্রী তমা মির্জার অভিনয়জীবন শুরু হয়েছিল ২০১০ সালে মাত্র তিন লাখ টাকা পারিশ্রমিকের বিনিময়ে। দেড় দশকের বেশি সময়ের পথচলায় অভিনয়, জাতীয় চলচ্চিত্র পুরস্কার ও ওটিটি কাজের মাধ্যমে নিজের অবস্থান শক্ত করেছেন তিনি। বর্তমানে একটি সিনেমায় অভিনয়ের জন্য প্রায় ১৫ লাখ টাকা পারিশ্রমিক নিচ্ছেন এই অভিনেত্রী।
ছোটবেলা থেকেই নাচের প্রতি বিশেষ আগ্রহ ছিল তমার। নাচের অভিজ্ঞতা থেকেই ধীরে ধীরে বিনোদন অঙ্গনে প্রবেশ করেন তিনি। ২০১০ সালে পরিচালক এম বি মানিকের ‘বলো না তুমি আমার’ সিনেমায় শাকিব খানের বিপরীতে অভিনয়ের মধ্য দিয়ে বড় পর্দায় অভিষেক হয় তাঁর।
তবে শুরুটা সহজ ছিল না। প্রথম দিকের সিনেমাগুলো আশানুরূপ সাফল্য না পাওয়ায় এবং পছন্দমতো গল্প ও বড় প্রযোজনা প্রতিষ্ঠানের সঙ্গে কাজের সুযোগ না মেলায় বেশ কঠিন সময় পার করতে হয় তাঁকে।
অভিনেত্রী তমা মির্জার ভাবনায় পরিবর্তন আসে অনন্ত হীরা পরিচালিত ‘ও আমার দেশের মাটি’ সিনেমায় কাজ করার পর। ২০২১ সালের এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছিলেন, এ সিনেমায় কাজ করেই বুঝতে পেরেছেন, চলচ্চিত্রে টিকে থাকতে শুধু গ্ল্যামার নয়, প্রয়োজন কঠোর পরিশ্রম এবং বেছে বেছে ভালো কাজ করা। তাঁর ক্যারিয়ার গঠনে পরিচালক কাজী হায়াৎ ও সোহানুর রহমান সোহানের অবদানের কথাও উল্লেখ করেন তিনি।
২০১৫ সালে শাহনেওয়াজ কাকলী পরিচালিত ‘নদীজন’ সিনেমায় অভিনয়ের জন্য শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেত্রী বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান তমা। এই স্বীকৃতি তাঁর অভিনয়জীবনে নতুন মাত্রা যোগ করে। এরপর ‘গ্রাস’, ‘অহংকার’ ও ‘গহীনের গান’-এর মতো সিনেমায় অভিনয় করে নিজের দক্ষতার পরিচয় দেন তিনি।
বড় পর্দার পাশাপাশি ওটিটি প্ল্যাটফর্মেও প্রশংসা পেয়েছেন তমা। ওয়েব ফিল্ম ‘খাঁচার ভেতর অচিন পাখি’তে ‘পাখি’ চরিত্রে অভিনয় করে দর্শকের নজর কাড়েন তিনি। পরে ‘ফ্রাইডে’, ‘বুকের মধ্যে আগুন’ ও ‘আমলনামা’র মতো কাজেও তাঁর অভিনয় প্রশংসিত হয়।
তবে তমার ক্যারিয়ারে বড় পরিবর্তন আসে ২০২৩ সালে। রায়হান রাফী পরিচালিত ‘সুড়ঙ্গ’ সিনেমায় আফরান নিশোর বিপরীতে ‘ময়না’ চরিত্রে অভিনয় করে ব্যাপক জনপ্রিয়তা পান তিনি। সিনেমাটি ব্যবসায়িক সাফল্য পাওয়ার পাশাপাশি অভিনেত্রী হিসেবেও তাঁর পরিচিতি আরও বাড়িয়ে দেয়। এরপর ‘দাগি’ সিনেমায়ও অভিনয় করেছেন তিনি।
পারিশ্রমিকের খাতা
দীর্ঘ অভিনয়জীবনে তমা মির্জার পারিশ্রমিক বেড়েছে উল্লেখযোগ্যভাবে। ক্যারিয়ারের শুরুতে তিন লাখ টাকায় সিনেমায় চুক্তিবদ্ধ হলেও বর্তমানে ছবিপ্রতি প্রায় ১৫ লাখ টাকা পারিশ্রমিক নিচ্ছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। তবে প্রযোজনা প্রতিষ্ঠানের সঙ্গে সম্পর্ক ও কাজের ধরন অনুযায়ী এ অঙ্কে তারতম্য হতে পারে।
অভিনয়ের পাশাপাশি চলতি বছরের আগস্টে একটি বেসরকারি ব্যাংকের ব্র্যান্ড কমিউনিকেশন বিভাগে যোগ দিয়ে করপোরেট পেশায়ও যুক্ত হয়েছেন তমা। নতুন পেশাগত পরিচয়ের পাশাপাশি অভিনয় চালিয়ে যাওয়ার মধ্য দিয়ে নিজের কর্মজীবনে নতুন অধ্যায় যুক্ত করেছেন এই অভিনেত্রী।
মন্তব্য করুন