বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১৯ ঘন্টা আগে, ১০:৫৭ এ এম

অনলাইন সংস্করণ

বিয়ের সাজে মিমি

বিয়ে নিয়ে নতুন করে আলোচনায় এসেছেন টালিউড অভিনেত্রী মিমি চক্রবর্তী। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে তার বিয়ের একটি আমন্ত্রণপত্র। সেখানে বর-কনের কার্টুন ছবির পাশাপাশি জায়গা পেয়েছে অভিনেত্রীর আদরের পোষ্য সারমেয়রাও। এ নিয়ে ভক্ত-অনুরাগীদের মধ্যে তৈরি হয়েছে নানা জল্পনা।

সম্প্রতি ভাইরাল হওয়া আমন্ত্রণপত্রটি বেশ অভিনব। কার্ডের ওপরের অংশে বাঙালি সাজে বর ও কনের কার্টুন ছবি আঁকা হয়েছে। আর মিমির পশুপ্রেমের বিষয়টি মাথায় রেখে নিচের অংশে রাখা হয়েছে তার প্রিয় পোষ্যদের ছবি।

আমন্ত্রণপত্রে পাত্রের নাম ও বিয়ের তারিখ প্রকাশ্যে আসার পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা শুরু হয়েছে। অনেকেই অভিনেত্রীকে আগাম শুভেচ্ছা জানাচ্ছেন। তবে সত্যিই মিমি বিয়ের প্রস্তুতি নিচ্ছেন, নাকি আমন্ত্রণপত্রের পেছনে রয়েছে অন্য কোনো চমক, তা নিয়ে কৌতূহল তৈরি হয়েছে।

গণমাধ্যম সূত্রে জানা গেছে, নভেম্বরে ঘরোয়া আয়োজনে আইনি বিয়ে সম্পন্ন করার পরিকল্পনা রয়েছে মিমি ও সিদ্ধার্থের। এরপর ডিসেম্বরে অগ্নিসাক্ষী রেখে সাত পাকে বাঁধা পড়বেন তারা। তবে বিয়ে নিয়ে এখনো প্রকাশ্যে কোনো মন্তব্য করেননি মিমি কিংবা সিদ্ধার্থ।

এদিকে ঘনিষ্ঠজনদের বরাত দিয়ে জানা গেছে, বিয়ের কেনাকাটা থেকে শুরু করে আমন্ত্রণপত্র বিতরণ—সব প্রস্তুতিই চলছে জোরেশোরে। হাতে সময় কম থাকায় ব্যস্ততা বেড়েছে দুই পরিবারের।

সম্প্রতি ফ্যাশন ডিজাইনার সব্যসাচী মুখোপাধ্যায়ের বিপণিবিতান থেকেও বের হতে দেখা গেছে মিমিকে। এ ঘটনাকে ঘিরেও বিয়ের প্রস্তুতি নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।

 

মন্তব্য করুন