প্রকাশিত: ১৯ ঘন্টা আগে, ১০:৫৬ এ এম
অনলাইন সংস্করণ
দাম্পত্য জীবনের টানাপোড়েন ও শোবিজের এক চিত্রগ্রাহকের সঙ্গে সম্পর্কের গুঞ্জন ঘিরে আলোচনায় রয়েছেন অভিনেত্রী সাবিলা নূর। স্বামী নেহাল সুনন্দ তাহেরের সঙ্গে তার দীর্ঘদিনের সম্পর্কে দূরত্ব তৈরি হয়েছে এবং দুজন আলাদা থাকছেন—এমন খবরও ছড়িয়ে পড়েছে বিনোদন অঙ্গনে। তবে এসব বিষয়ে এখনো প্রকাশ্যে কোনো বক্তব্য দেননি অভিনেত্রী।
জানা গেছে, দাম্পত্য কলহের পেছনে শোবিজ অঙ্গনেরই এক চিত্রগ্রাহকের সঙ্গে সাবিলার নতুন সম্পর্কের বিষয়টি আলোচনায় এসেছে। এ নিয়ে নানা আলোচনা-সমালোচনা চললেও নিজের অবস্থান পরিষ্কার করেননি তিনি। বরং বিভিন্ন ব্র্যান্ডের প্রচারমূলক কাজ, আলোকচিত্র গ্রহণ ও অনুষ্ঠানে অংশ নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন।
সম্প্রতি সাবিলার সঙ্গে ওই চিত্রগ্রাহকের সম্পর্ক নিয়ে অভিযোগ তুলেছেন তার কথিত প্রেমিকা তিশা। গণমাধ্যমে দেওয়া বক্তব্যে তিনি দাবি করেন, ‘সাবিলা নূরের কারণেই আমার দীর্ঘ সাত বছরের প্রেম এবং বিয়ে ভেঙে গেছে।’
তিশার ভাষ্য অনুযায়ী, ‘রকস্টার’ সিনেমার শুটিং শেষ হওয়ার পর ১৫ মে তাদের বিয়ের তারিখ নির্ধারণ করা হয়েছিল। দুই পরিবারের সম্মতিতে বিয়ের সব আয়োজনও সম্পন্ন হয়েছিল বলে জানান তিনি।
তবে বিয়ের কয়েক দিন আগে ওই চিত্রগ্রাহক হঠাৎ বিয়ে করতে চান না বলে জানান। অনেক বোঝানোর পরও তাকে রাজি করানো সম্ভব হয়নি বলে দাবি করেন তিশা।
এ বিষয়ে সাবিলা নূর, তার স্বামী নেহাল সুনন্দ তাহের কিংবা অভিযুক্ত চিত্রগ্রাহকের কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। ‘রকস্টার’ সিনেমার পরিচালক আজমান রুশোও তাৎক্ষণিকভাবে এ বিষয়ে মন্তব্য করতে রাজি হননি।
ব্যক্তিগত জীবন নিয়ে আলোচনা চলার মধ্যেই সম্প্রতি রাজধানীর গুলশানে একটি প্রসাধনী প্রতিষ্ঠানের ব্র্যান্ড দূত হিসেবে চুক্তি সই করেছেন সাবিলা। এরপর থেকে বিভিন্ন ব্র্যান্ডের প্রচারমূলক কাজ ও অনুষ্ঠানে অংশ নিতে দেখা যাচ্ছে তাকে।
নাটকে সাবলীল অভিনয়ের মাধ্যমে জনপ্রিয়তা পাওয়া সাবিলা নূর সাত বছরের প্রেমের সম্পর্কের পর ২০১৯ সালে পারিবারিকভাবে নেহাল সুনন্দ তাহেরকে বিয়ে করেন। নাটকের পাশাপাশি সিনেমাতেও অভিনয় করে দর্শকের নজর কেড়েছেন তিনি।
বর্তমানে ‘কানাভোলা প্যারাডক্স’ সিনেমায় ‘উপমা’ চরিত্রে দর্শকদের সামনে হাজির হওয়ার অপেক্ষায় রয়েছেন এই অভিনেত্রী। সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি পেলে দর্শকেরা তা দেখবেন এবং উপভোগ করবেন বলে আশা প্রকাশ করেছেন তিনি।
মন্তব্য করুন