আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৯ ঘন্টা আগে, ১০:৫২ এ এম

অনলাইন সংস্করণ

বিমান চলাচল বন্ধে হাজারো যাত্রী আটকে, ভোগান্তি কাটেনি ফ্লাইটযাত্রীদের

যুক্তরাষ্ট্রজুড়ে বিমান চলাচল বন্ধের নির্দেশ প্রত্যাহার করেছে দেশটির ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ)। রাডার ও যোগাযোগব্যবস্থায় অস্থিতিশীলতার কারণে প্রায় চার ঘণ্টার বেশি সময় বন্ধ থাকার পর স্থানীয় সময় শুক্রবার (১৩ নভেম্বর) রাত ৮টা ১৫ মিনিটে দেশটির আকাশসীমা আবার খুলে দেওয়া হয়।

রয়টার্স ও বিবিসির প্রতিবেদন থেকে জানা যায়, স্থানীয় সময় বিকেল ৩টা ৩৬ মিনিটে দেশজুড়ে বিমান চলাচল নিয়ন্ত্রণব্যবস্থায় সমস্যা দেখা দেয়। রাডার, যোগাযোগব্যবস্থা ও নিয়ন্ত্রণকেন্দ্রগুলোতে অস্থিতিশীলতা তৈরি হলে রাউটার থেকে অসংগতিপূর্ণ তথ্য আসতে শুরু করে। এর পরিপ্রেক্ষিতে উড্ডয়ন বন্ধের নির্দেশ জারি করে এফএএ।

ডাফি জানান, অতিরিক্ত তথ্যের চাপে রাউটারগুলো অকার্যকর হয়ে পড়ে এবং সেখান থেকে পাওয়া তথ্যে অসংগতি দেখা দেয়। এ পরিস্থিতিতে বিমান চলাচলের নিরাপত্তা নিশ্চিত করতে উড্ডয়ন বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়।

তিনি বলেন, স্থানীয় সময় রাত ৮টা ১৫ মিনিটে আকাশসীমা আবার খুলে দেওয়া হয়েছে। এফএএর নিয়ন্ত্রণকেন্দ্র ও টার্মিনাল রাডার অ্যাপ্রোচ কন্ট্রোল (ট্র্যাকন) কার্যক্রমও সচল রয়েছে। তবে বিকেলের ঘটনায় সৃষ্ট জটিলতা পুরোপুরি কাটিয়ে উঠতে কিছুটা সময় লাগবে।

ডাফির ভাষ্য অনুযায়ী, এ বিভ্রাটের প্রভাব আগামী কয়েক দিন বিমান চলাচলে থাকতে পারে। পরিস্থিতি স্বাভাবিক করতে চলতি সপ্তাহান্তের ফ্লাইটগুলোও পর্যালোচনা করা হচ্ছে।

যুক্তরাষ্ট্রের বিমান চলাচল নিয়ন্ত্রণব্যবস্থা অত্যন্ত পুরোনো বলেও মন্তব্য করেন তিনি। রাউটারগুলো অতিরিক্ত তথ্যের চাপে অস্থিতিশীল হয়ে পড়েছিল উল্লেখ করে এ ব্যবস্থা আধুনিক করতে কংগ্রেসের কাছে ৫০ বিলিয়ন ডলার বরাদ্দের দাবি জানান ডাফি। বর্তমানে দেশটির কংগ্রেসের উভয় কক্ষই রিপাবলিকান পার্টির নিয়ন্ত্রণে।

এদিকে, হোমল্যান্ড সিকিউরিটি মন্ত্রী মার্কওয়েন মুলিন সাংবাদিকদের জানান, দেশজুড়ে উড্ডয়ন বন্ধের নির্দেশের পেছনে কোনো সাইবার হামলার ঘটনা ছিল না। সাম্প্রতিক দিনগুলোতে মাইক্রোসফটের বিভিন্ন সেবায় দেখা দেওয়া বিভ্রাটের সঙ্গেও এর কোনো সম্পর্ক নেই বলে জানান তিনি।

এর আগে তিনটি সূত্র জানায়, প্রতিরক্ষা ও প্রযুক্তি প্রতিষ্ঠান এলথ্রিহ্যারিস পরিচালিত এফএএর গুরুত্বপূর্ণ যোগাযোগ নেটওয়ার্কের সমস্যার সঙ্গে এই বিভ্রাটের সম্পর্ক রয়েছে। তবে ডাফি বলেন, এ ঘটনায় যোগাযোগব্যবস্থা বা রাডার সক্ষমতা পুরোপুরি অচল হয়ে পড়েনি।

বিমান চলাচল বন্ধের নির্দেশের কারণে হাজার হাজার ফ্লাইটের চলাচল ব্যাহত হয় এবং হাজার হাজার যাত্রী বিমানবন্দরগুলোতে আটকে পড়েন। নিউ জার্সির নিউয়ার্ক লিবার্টি আন্তর্জাতিক বিমানবন্দরে ভোগান্তিতে পড়েন অবসরপ্রাপ্ত শিক্ষক ক্যাথি আইজারম্যান-বোরাম।

তিনি জানান, প্রতিকূল আবহাওয়ার কারণে আগের দিন তার ফ্লাইট বাতিল হয়েছিল। এরপর শুক্রবার দেশজুড়ে উড্ডয়ন বন্ধের নির্দেশের কারণে আবারও বাতিল হয় তার ফ্লাইট।

তথ্যসূত্র: রয়টার্স, বিবিসি।

 

মন্তব্য করুন