তরুণ কণ্ঠ প্রতিবেদন

প্রকাশিত: ৫৫ মিনিট আগে, ০৫:৪৯ পিএম

অনলাইন সংস্করণ

পদ্মা সেতু পার হলো ১১-দলীয় ঐক্যের ৭৭৮ গাড়ি

জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১-দলীয় ঐক্যের খুলনামুখী লংমার্চে অংশ নেওয়া ৭৭৮টি যানবাহন একসঙ্গে পদ্মা সেতু পার হয়েছে। শনিবার (৩১ অক্টোবর) সকাল ১০টার দিকে যানবাহনগুলো সেতু অতিক্রম করে। এসব যানবাহন থেকে টোল বাবদ প্রায় ৭ লাখ ৭৬ হাজার টাকা আদায় হয়েছে।

এর আগে সকাল সাড়ে আটটার দিকে রাজধানীর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের দক্ষিণ গেট থেকে লংমার্চের গাড়িবহর যাত্রা শুরু করে। পদ্মা সেতুর টোলপ্লাজার তথ্য অনুযায়ী, বহরে মাইক্রোবাস, কার, জিপসহ বিভিন্ন ধরনের মোট ৭৭৮টি যানবাহন ছিল।

এর আগে ১১-দলীয় ঐক্যের পক্ষ থেকে জানানো হয়েছিল, ঢাকা থেকে ৬০০ থেকে ৭০০ গাড়ি নিয়ে লংমার্চ শুরু হবে। পথে বিভিন্ন জেলা থেকে আরও গাড়ি বহরে যুক্ত হবে। কুষ্টিয়ায় পৌঁছানোর পর গাড়ির সংখ্যা দেড় হাজার ছাড়িয়ে যাওয়ার প্রত্যাশা জানিয়েছিলেন আয়োজকেরা। দেশের ১৯টি জেলার নেতাকর্মী ও সমর্থকদের এ কর্মসূচিতে অংশ নেওয়ার কথা রয়েছে।

কর্মসূচির উদ্বোধন উপলক্ষে শনিবার সকাল সাতটায় বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে সমাবেশ অনুষ্ঠিত হয়। পরে সকাল সাড়ে আটটার দিকে গাড়িবহর যাত্রা শুরু করে। ঢাকা থেকে খুলনা, যশোর ও ঝিনাইদহ হয়ে কুষ্টিয়ায় গিয়ে লংমার্চ শেষ হওয়ার কথা।

১১-দলীয় ঐক্যের নেতারা জানিয়েছেন, এটি তাঁদের তৃতীয় দফার লংমার্চ। এর আগে গত ৫ সেপ্টেম্বর ঢাকা থেকে চট্টগ্রাম অভিমুখে প্রথম লংমার্চ অনুষ্ঠিত হয়। এরপর ১৯ সেপ্টেম্বর ঢাকা থেকে রংপুর অভিমুখে দ্বিতীয় লংমার্চ হয়।

আয়োজকদের তথ্য অনুযায়ী, এবারের কর্মসূচিটি আগের দুটির তুলনায় দীর্ঘ। ঢাকা থেকে খুলনা, যশোর ও ঝিনাইদহ হয়ে কুষ্টিয়া পর্যন্ত প্রায় ৪১০ কিলোমিটার পথ পাড়ি দেওয়ার কথা রয়েছে বহরটির।

১১-দলীয় ঐক্যের ঘোষিত কর্মসূচি অনুযায়ী, আগামী ১৪ নভেম্বর ঢাকায় মহাসমাবেশ হওয়ার কথা রয়েছে। এ ছাড়া ঢাকা-সিলেট ও ঢাকা-বরিশাল পথেও লংমার্চ আয়োজনের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন জোটের নেতারা।

 

মন্তব্য করুন