তরুণ কণ্ঠ অনলাইন

প্রকাশিত: ৩ ঘন্টা আগে, ১২:২৮ পিএম

অনলাইন সংস্করণ

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন রোসাটম মহাপরিচালক

সংগৃহীত ছবি

রাশিয়ার রাষ্ট্রীয় পরমাণু শক্তি সংস্থা রোসাটমের মহাপরিচালক আলেক্সি লিখাচেভ মঙ্গলবার (২৮ এপ্রিল) সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন। বৈঠকে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের বর্তমান অবস্থা এবং দুই দেশের জ্বালানি খাতে ভবিষ্যৎ সহযোগিতার রূপরেখা নিয়ে বিশদ আলোচনা হয়।

বৈঠকে রোসাটম মহাপরিচালক রূপপুর প্রকল্পের সর্বশেষ অগ্রগতি তুলে ধরেন এবং নির্ধারিত সময়সীমার মধ্যে কাজ সম্পন্ন করার প্রতিশ্রুতি পুনরায় ব্যক্ত করেন। পারমাণবিক জ্বালানি ব্যবস্থাপনা, নিরাপত্তা কাঠামো এবং কারিগরি দক্ষতা উন্নয়নের বিষয়গুলোও আলোচনায় স্থান পায়।

প্রধানমন্ত্রী বাংলাদেশের উন্নয়নে রাশিয়ার প্রযুক্তিগত অবদানের প্রশংসা করেন এবং জ্বালানি নিরাপত্তা নিশ্চিতে দীর্ঘমেয়াদি কৌশলগত অংশীদারিত্ব আরও মজবুত করার ওপর জোর দেন। রাশিয়ার পক্ষ থেকেও আধুনিক প্রযুক্তি ও কারিগরি সহায়তা অব্যাহত রাখার আশ্বাস দেওয়া হয়।

বাংলাদেশের পক্ষে বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী, বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী এবং প্রধানমন্ত্রীর আইসিটি উপদেষ্টা উপস্থিত ছিলেন। রাশিয়ার পক্ষে ঢাকায় নিযুক্ত রাষ্ট্রদূত আলেকজান্ডার খোজিনসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা সাক্ষাতে অংশ নেন।

দেশের ক্রমবর্ধমান বিদ্যুৎ চাহিদা মেটাতে এবং টেকসই জ্বালানি অবকাঠামো গড়ে তোলার পথে এই বৈঠককে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচনা করা হচ্ছে।

মন্তব্য করুন