প্রকাশিত: ৭ ঘন্টা আগে, ১০:২২ এ এম
অনলাইন সংস্করণ
ভারতের আদানি পাওয়ার প্ল্যান্ট থেকে উৎপাদিত বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হওয়ায় দেশে বিদ্যুৎ সরবরাহে স্বস্তির আভাস মিলছে।
সোমবার (২৭ এপ্রিল) সন্ধ্যা থেকে প্রায় ৯২৫ মেগাওয়াট বিদ্যুৎ পেতে শুরু করেছে বাংলাদেশ। বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিপিডিবি) সূত্রে জানা গেছে, আদানি প্ল্যান্টের দ্বিতীয় ইউনিটটি সন্ধ্যা ৭টা ৪৭ মিনিটে জাতীয় গ্রিডের সঙ্গে সিঙ্ক্রোনাইজেশন শুরু করে এবং বর্তমানে ৯২৫ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করছে।
বিপিডিবির চেয়ারম্যান প্রকৌশলী মো. রেজাউল করিম জানিয়েছেন, ধাপে ধাপে এই সরবরাহ আরও বাড়ানো হবে। অতিরিক্ত এই বিদ্যুৎ জাতীয় উৎপাদন সক্ষমতা বাড়াতে সহায়ক হচ্ছে এবং লোডশেডিং কমাতেও ইতিবাচক প্রভাব ফেলছে।
বিদ্যুৎ খাতে আরও স্বস্তির ইঙ্গিত দিয়ে বিপিডিবির কর্মকর্তারা জানান, ২৮ এপ্রিল থেকে এসএস পাওয়ার এবং রুরাল পাওয়ার কোম্পানি লিমিটেড-এর যৌথ উদ্যোগ আরএনপিএল থেকে জাতীয় গ্রিডে অতিরিক্ত ৬০০ মেগাওয়াট করে বিদ্যুৎ যুক্ত হওয়ার কথা রয়েছে।
আরএনপিএল হলো আরপিসিএল ও চীনের রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান নরিনকো-এর যৌথ উদ্যোগ, যা নতুন করে বিদ্যুৎ উৎপাদন শুরু করতে যাচ্ছে।
বিপিডিবির তথ্য অনুযায়ী, গত ২৫ এপ্রিল দেশে সর্বোচ্চ বিদ্যুৎ চাহিদা ছিল ১৬ হাজার ৯০০ মেগাওয়াট। তবে আদানি প্ল্যান্টের বিদ্যুৎ ছাড়া সর্বোচ্চ উৎপাদন ছিল ১৪ হাজার ৭১২ মেগাওয়াট, যা চাহিদার তুলনায় ঘাটতি তৈরি করেছিল। নতুন সংযোজন সেই ঘাটতি কমাতে সহায়ক হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
মন্তব্য করুন